Tuesday, May 17, 2016

KHERUYAR JORA VISHNU MURTI

                                    খেড়ুয়ার জোড়া বিষ্ণুমূর্তি



 এপাড়ে  মঙ্গলকোট থানার খেড়ুয়াগ্রাম। ওপাড়ে কেতুগ্রামের গনফুল।মাঝখানে বহে যায় দুরন্ত অজয়।এখন অবশ্য নদী শুকিয়ে কাঠ।ধূ ধূ বালুচর। নদীর গর্ভ থেকে বালি কাটা শুরু হয়েছে জোরকদমে ।সামনেই  বর্ষা ।নাওয়া খাওয়া ভুলে  মেশিন দিয়ে  হরদম বালি কাটা হচ্ছে। বড় বড়  লরি নেমে পড়ছে অজয়ের গাভায়। তারপর বালি বোঝাই করে হু হু গতিতে  ছোটে  নদিয়া হুগলির পথে প্রান্তরে।খেড়ুয়ার বালিঘাটের এই হলো গিয়ে প্রাত্যহিক চিত্রনাট্য।

দিনতিনেক আগে  ভোরবেলায় বালি কাটতে গিয়ে  পাওয়া গেল জোড়া বিষ্ণুমুর্তি। ঘোর কৃষ্ণ বর্ণের পাথর। দহের জলে চান করিয়ে সামান্য ঘি মাখাতেই সে কি রঙের জেল্লা!অক্ষতপ্রায় প্রথম  মূর্তির উচ্চতা তিন ফুট।অপর মূর্তিটি বালি কাটার যন্ত্রে  মুখ ও বুকের অংশ  বেশ কিছুটা  ক্ষত বিক্ষত। উচ্চতা প্রায় পৌনে তিন ফুট। দুটি মূর্তি একই ধরনের।চালির উপরি ভাগে সুগঠিত কীর্তিমুখ।দুপাশে বিদ্যাধর ও বিদ্যাধরী।তাদের পায়ের উপরে বসে আছে আরো এক জোড়া মূর্তি।চালির  প্রান্তে কিন্নর কিন্নরী গণধরেরা রয়েছে।অলঙ্করণ হিসাবে সিংহ হাতির  প্রচলিত মোটিফ ব্যবহৃত হয়েছে।বিষ্ণু সমপাদস্থানিক ভঙ্গিমায় দন্ডায়মান। তাঁর দু পাশে লক্ষ্মী ও সরস্বতী।তাঁদের আবার দুই সহচরী দু পাশ থেকে উঁকি মারছেন! বিষ্ণুর উপরের ডানহাতে গদা বাম হাতে চক্র  নিচের বাম হাতে শঙ্খ আর ডানহাতে পদ্ম।রথাকৃতি পাদপীঠ। সেখানে ঠাঁই মিলেছে বিষ্ণু বাহন গড়ুরের।বিশেষজ্ঞদের মতে মূর্তি দুটি ভোগবিষ্ণু ও ত্রিবিক্রম রূপের।দশম থেকে দ্বাদশ শতকের এই মূর্তি।বালি- শ্রমিকরাই মূর্তিদুটি উদ্ধার করে বালি ঘাটে রাখেন।পরে বেলা আটটার দিকে খেড়ুয়া গ্রামবাসীরা মূর্তি তুলে নিয়ে গিয়ে গ্রামের ভিতরে এক নির্মীয়মান শিবমন্দিরে রেখে যথারীতি পুজো আচ্চা শুরু করে

দেন।মঙ্গলকোট থানার পুলিশ মূর্তি উদ্ধার করতে এলে গ্রামবাসীদের বাধা পান।গ্রামবাসীরা বলেন 'মূর্তি তাদের গ্রামেই থাকবে।পুলিশকে তারা মুচলেকা দিয়ে জানিয়েছে মূর্তিদ্বয়ের যাবতীয় দায়ভার গ্রামবাসীদের'। অনেকেই বলেন মূর্তিদুটিকে যথাযথ সংরক্ষণ করে গ্রামে রাখাই যেতে পারে। এই অঞ্চলে একাধিক বিষ্ণু মূর্তি মিলেছে।এতে এলাকার  পর্যটনের  একটা নতুন দিক খুলে যেতে পারে। ইতিমধ্যেই গ্রামবাসীরা মন্দির গড়ার জন্য সচেষ্ট হয়েছেন এবং মূর্তিদুটি দেখভালের জন্য রাত পাহাড়ার ব্যাবস্থা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য খেড়ুয়া গ্রামের অজয়নদী থেকে বছর কুড়ি আগে প্রায় সাড়ে চারফুট লম্বা আর একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছিল।মূর্তিটি গ্রামেই পূজিত হচ্ছে।
গণফুলের বাঁশের জঙ্গল

Sunday, May 15, 2016

MONGALKOTER JAIN NAIGAMESA


 মঙ্গলকোটের জৈনমূর্তি নৈগমেশ


জৈন শিশুরক্ষক দেবতা নৈগমেশ।অর্ধেক পশু অর্ধেক মানব।মুখমন্ডল ছাগল ভেড়া কিংবা শিঙওয়ালা প্রাণীর। গ্রিক বা রোমান মূর্তির সঙ্গে সাদৃশ্যযুক্ত।পুরুষ ও নারী উভয় মূর্তিই দেখা যায়।জৈনধর্মগ্রন্থ কল্পসূত্র ,নেমিনাথচরিত প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় যে নৈগমেশ আসলে ইন্দ্রের পদাতিক বাহিনীর সেনাপতি।জৈন পুরাণ অনুসারে ইন্দ্রের আদেশে নৈগমেশ ব্রাহ্মণী দেবানন্দের গর্ভ থেকে জৈন তীর্থংকর মহাবীরের ভ্রুণ ক্ষত্রিয়া ত্রিশলার গর্ভে প্রতিস্থাপিত করেন।পরবর্তীকালে জৈনধর্মে শিশুরক্ষক দেবতা  বা দেবী হিসাবে নৈগমেশ  পূজিত হতে থাকে।
বর্ধমান জেলার মঙ্গলকোটের প্রত্নডাঙাগুলি উৎখননে আবিস্কৃত হয়েছে খ্রি.পূ.প্রথম সহস্রাব্দ থেকে খ্রিস্টিয় অষ্টাদশ শতক অবধি নিরবছিন্ন মানববসতির নানা প্রত্নস্মারক।এখানকার চতুর্থ স্তর থেকে  কুষাণযুগের একটি নৈগমেশ মূর্তি পাওয়া গেছে বলে দাবি করা হয়।মথুরা থেকে কুষাণযুগের একাধিক নৈগমেশ মুর্তি পাওয়া গেছে।উত্তরপ্রদেশের অহিছত্র,রাজঘাট,বিহারের বৈশালী প্রত্নস্থল থেকে প্রায় ১২ টির মতো নৈগমেশের টেরাকোটা ফলক আবিস্কৃত হয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করেন।
মঙ্গলকোটের প্রত্নস্থল থেকে লোকগবেষক ও প্রত্ন অনুসন্ধিৎসু মুহম্মদ আয়ুব হোসেন প্রায় দু ইঞ্চি লম্বা একটি মাটির সিল সংগ্রহ করেন।সিলে খোদিত মূর্তিটিকে অনেক  প্রত্নতাত্ত্বিক মনে করেন নৈগমেশের মূর্তি। এটি দেবী্মূর্তি।বাম হাত কটি সংলগ্ন,মনে হচ্ছে ঘট জাতীয় কিছু কোমরে ধরে রেখেছেন।ডান হাত প্রসারিত।কলসি বা ঘট থেকে কিছু বস্তু ছড়িয়ে দিচ্ছেন ভূমিতে।পা  পর্যন্ত ঢাকা কাপড়।মুখটি ছাগল বা ভেড়ার।নিচে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ প জাতীয় অক্ষর।ভেঙে চুরে যাওয়ায় ঠিক মত পড়া যায় না।  অনেকে মনে করেন জৈনধর্মাশ্রিত অবাঙালী বণিকরাই  তাদের বাণিজ্যদ্রব্যে এই সিল ব্যবহার করতেন।একাধিক কারণে সিলটি গুরুত্বপূর্ণ।
প্রথমত--নৈগমশের প্রস্তর বা টেরাকোটার মূর্তি মিললেও সিলে উৎকীর্ণ এই মূর্তি ফলকটি সম্ভবত রাঢ় অঞ্চলে প্রথম দৃষ্টান্ত।দ্বিতীয়ত---রাঢ় অঞ্চলে জৈনধর্মের প্রসার ও ব্যপ্তি শুধুমাত্র মূর্তিগত সাক্ষ্য নির্ভর ছিল।মঙ্গলকোটে পাওয়া গেছে  একাধিক  শান্তিনাথের বিগ্রহ। পুরুলিয়া বাঁকুড়া থেকে প্রচুর জৈন মূর্তি  মন্দির তথা প্রত্নস্মারক মিললেও সিলে উৎকীর্ণ  কোন মূর্তি মিলেছে বলে জানা নেই।

KANKURHATIR VISHNU MURTI

               বিষ্ণু মূর্তিঃ কাটোয়ার কাঁকুরহাটিতে

কাটোয়ার উপকন্ঠে কাঁকুরহাটিতে রেললাইনের কাজের জন্য মাটি কাটতে গিয়ে মিলল পাল-সেন আমলের অক্ষত এক বিষ্ণুমূর্তি।কালো কষ্ঠি পাথরের তৈরি মূর্তিটির উচ্চতা প্রায় পৌনে দু-ফুট।সমপাদস্থানিক ভঙ্গিমায় দন্ডায়মান বিষ্ণু।দুপাশে লক্ষ্মী ও বীণাবাদিকা সরস্বতী।বিষ্ণুর চার হাতের উপরের ডান হাতে গদা,উপরের বাম হাতে চক্র।নিচের বাম হাতে শঙ্খ ডান হাতে পদ্ম।রূপমন্ডন গ্রন্থানুসারে  এটি ভোগবিষ্ণু।ত্রিবিক্রম রীতির।চালির অগ্রভাগে সুগঠিত কীর্তিমুখ,দু পাশে উড়ন্ত বিধ্যাধর বিধ্যাধরী। মুর্তিটি বর্তমানে কাঁকুরহাটি গ্রামের বাগদি পাড়ায় পূজিত হচ্ছে।

অজয়ের গ্রাসে কাঁকুরহাটি গ্রাম

ITIHASER PREKKHITE DAINHAT HIGH SCHOOL

ইতিহাসের প্রেক্ষিতে দাঁইহাট উচ্চ বিদ্যালয়

দাঁইহাট উচ্চ বিদ্যালয়




                
বারো হাট তেরো ঘাট।এই নিয়েই বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ইন্দ্রাণী-দাঁইহাট।গঙ্গাতীরবর্তী প্রাচীন ইন্দ্রাণী নগর।সর্বাঙ্গে জড়িয়ে আছে তার গৌরবের ইতিহাস।আবুল ফজলের আকবরনামায় উল্লিখিত সরকার সলিমানাবাদের অন্তর্গত ইন্দ্রায়িন পরগনা।এখান থেকে মোঘলসম্রাট আকবর রাজস্ব পেতেন ৫,৯২,১২০ দাম।তারও বহু আগে থেকে সর্বভারতীয় এক তীর্থক্ষেত্র রূপে সুপরিচিত।সপ্তমাতৃকার অন্যতম দেবী ইন্দ্রাণীর পীঠস্থান।এই ইন্দ্রাণী আর ইন্দ্রেশ্বরঘাটের কথা আছে কবি কৃত্তিবাসের রামায়ণে।বিপ্রদাসের মনসামঙ্গলে।মুকুন্দের চন্ডীমঙ্গলে। আর চৈতন্যজীবনী সাহিত্যে।ইন্দ্রাণীর ভূমিপুত্র কবি কাশীরাম দাস লিখেছিলেন—
                     ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি।

বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ  রায়ের সমাধিসৌধ

                     দ্বাদশ তীর্থে যথা বৈসে ভাগীরথী।।


ইন্দ্রাণী এক সময় বর্ধমান রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করে। দাঁইহাট হয়ে ওঠে তাঁদের গঙ্গাবাস।এখানকার গঙ্গার ঘাটে তাঁদের ধর্ম-কর্ম আর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হতো।১৭৪০ খ্রি.প্রয়াত মহারাজ কীর্তিচন্দ্র রায়ের সমাধিস্মারক ‘সমাজ-বাড়ি’ জেলার অন্যতম পুরাকীর্তি।রয়েছে রাজবাড়ির ভগ্নাংশ,কিশোর-কিশোরীর মন্দিরসহ প্রাচীন দেববিগ্রহ। গাঙ্গেয় অঞ্চল হওয়ার কারণে ধান পাট গম তৈলবীজ প্রভৃতি কৃষিজ সম্পদের প্রাচুর্য ইর্ষণীয়।নানা কুটী্রশিল্প বিশেষকরে তাঁতবস্ত্র,রেশমশিল্প,ধাতুজ তৈজসপত্রাদি,দারু এবং প্রস্তর ভাস্কর্যের প্রভূত উন্নতি হয়েছিল একসময়।দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজিত ভবতারিণী বিগ্রহটি নির্মাণ করেছিলেন দাঁইহাটের ‘কলির বিশ্বকর্মা” নবীন ভাস্কর।হাট-ঘাটের এই প্রাচীন শহরের আর্থিক সমৃদ্ধিতেই সম্ভবত প্রলুব্ধ হয়ে মারাঠা লুঠেরা ভাস্কর পন্ডিত দাঁইহাটেই ঘাঁটি গেড়েছিলেন।দক্ষিণবঙ্গে এক দশক ব্যাপী যে ভয়াবহ বর্গিহাঙ্গামা ছড়িয়ে পড়েছিল তার কেন্দ্রস্থল এই ইন্দ্রাণী-দাঁইহাট।
আবার প্রাচীনকাল থেকে টোল-চতুস্পাঠী-মোক্তব-মাদ্রাসাকে কেন্দ্র করে এই অঞ্চলের সারস্বত সাধনার সিদ্ধি এক গৌরবজনক স্থান অধিকার করে আছে বাংলার সাংস্কৃতিক ইতিহাসে।অনেকেই বলেন দ্বাদশ শতকের অমরকোষের টীকাসর্বস্ব রচয়িতা বন্দ্যঘটীয় সর্বানন্দ ইন্দ্রাণীর শিক্ষাবিদ।সিদ্ধিগ্রামের কবি কাশীরাম দাস ছাড়াও তাঁর অনুজ গদাধর দাস রচনা করেছিলেন জগন্নাথমঙ্গলকাব্য।বেড়া গ্রামের পন্ডিত গোপাল চক্রবর্তী রচনা করেছিলেন সপ্তশতী চন্ডীর উপর টীকাগ্রন্থ।উনিশশতকের দ্বিতীয়ার্ধে দাঁইহাটে পৌরসভা প্রতিষ্ঠার(১৮৬৯)  পাশাপাশি স্থাপিত হয়েছিল একটি বালিকা বিদ্যালয় ও দাঁইহাট মডেল স্কুল ।বালিকাবিদ্যালয়টি কালের গর্ভে হারিয়ে গেলেও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই মডেলস্কুল।  বিবর্তনের সিড়ি ভেঙে ভেঙে্ তার বর্তমান পরিচিতি- দাঁইহাট উচ্চ বিদ্যালয়[উ.মা]।

                                    দুই

বিদ্যালয়ের পাশে ঐতিহাসিক গড়খাত

দাঁইহাটে আধুনিক শিক্ষার প্রদীপটি জ্বালিয়েছিলেন নবজাগরণের অন্যতম পথিকৃৎ স্বয়ং বিদ্যাসাগর মহাশয়।আর সেই দীপাধারের সলতে পাকিয়েছিলেন কাটোয়ার দুই ইতিহাসবিস্মৃত ব্যাপটিস্ট মিশনারি রেভারেন্ড জন চেম্বারলিন ও শ্রীরামপুরের উইলিয়ম কেরির পুত্র জুনিওর দ্যা কেরি।১৮০৪খ্রি.কাটোয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাপটিস্ট মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন।মহকুমার বিভিন্ন জনপদসহ দাঁইহাট-দেওয়ানগঞ্জেও তাঁরা স্কুল স্থাপন করেছিলেন।এতদাঞ্চলে সংঘটিত সতীদাহ,গঙ্গায় সন্তান বিসর্জন,জীবন্ত কুষ্ঠরোগিকে পুড়িয়ে মারা,গঙ্গায় অন্তর্জলি প্রভৃতি মধ্যযুগীয় কুসংস্কারপূর্ণ প্রথাগুলির বিরুদ্ধে তাঁরা লাগাতার আন্দোলন করেছিলেন।শহর কাটোয়ায় জুনিয়ার কেরি ১৮৩৭ সালে মহকুমার প্রথম বালিকাবিদ্যালয়টি স্থাপন করেন।দাঁইহাটে প্রথম বালিকা বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৮৫৮সালে।এই বিদ্যালয়টিরও প্রতিষ্ঠাতা ছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।বিদ্যাসাগর অধ্যাপনার পাশাপাশি একসময় দক্ষিণবঙ্গের শিক্ষাপরিদর্শকের কর্মভার গ্রহণ করেছিলেন। তাঁর উদ্যোগে বর্ধমান জেলায়  ২৬.0৮.১৮৫৫ থেকে২৯.১০.১৮৫৫ পর্যন্ত পাঁচটি সরকারি অর্থাৎমডেলস্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। সেগুলি হলো জৌগ্রাম,আমাদপুর,মানকর,দাঁইহাট ও খন্ডঘোষ।কাটোয়া মহকুমায় সরকারি উদ্যোগে স্থাপিত প্রথম বিদ্যালয় এই দাঁইহাট মডেলস্কুল।যা ১৮৫৫ সালের ২৯ শে অক্টোবর বিদ্যাসাগর মহাশয় কতৃক প্রতিষ্ঠিত হয়।গবেষক ড.যোগজীবন গোস্বামীর সৌজন্যে প্রাপ্ত,রাজ্যলেখ্যাগারে সংরক্ষিত একটি নথিতে দেখা যায় বিদ্যাসাগরমহাশয়ের স্বাক্ষরিত বর্ধমান জেলার পাঁচটি মডেলস্কুলের বেতনের বিল। প্রতিটি স্কুলের প্রধানশিক্ষকের বেতন ২৫ টাকা,সেকেন্ড টিচারের বেতন ২০ টাকা।সারভেন্ট ৩টাকা এবং অন্যান্য খরচ ২টা্কাসহ মোট ৫০ টাকার বিল।১৮৫৬-৫৭ সালের ডিপিয়াই রেকর্ড অনুসারে দাঁইহাট মডেলস্কুলের হিন্দু ছাত্র সংখ্যা ৯৯জন,মুসলমান ১জন এবং অন্যান্য ১ জন।সবমিলিয়ে ১০১ জন।ছাত্র উপস্থিতির হার গড়ে ৭১জন।১৮৫৬ সালে একটি সরকারি প্রতিবেদন থেকে জানা যায় দাঁইহাট মডেল স্কুলে মাটিয়ারি থেকে পড়তে আস্তো ৩০ জন ছাত্র!
             ।must, however, mention that
             nearly     opposite to Metyaree, across the river,
             at a place called by the people Dyhattec (in the Burdwan district), but which I
             suppose must correspond with the place called DyneLat in the assistant inspector's
             reports, there is a model school. Although 30 boys from Metyaree attend this
             school, and it is not more than three miles off, yet as the river is dangerous at
             this point in the rains, and as the parents of these children intend on that account
             to withdraw them from the Dinehaut or Dyhattee school, I see no objection to
             comply with the earnest prayer of the Metyaree people, who piteously complain
             that " their village has 200 families of the writer caste without one good school


ইতিমধ্যে বেসরকারি উদ্যোগে মহকুমার বিভিন্ন স্থানে বিদ্যালয় স্তাপিত হয়েছিল।কাটোয়ার কাশিরামদাস বিদ্যায়তন,ওকড়সা বিদ্যালয়,কোঁয়ারপুর বিদ্যালয় যার উল্লেখ্য দৃষ্টান্ত।এগুলি ছিল সরকারি পরিদর্শনের আওতাভুক্ত মিডিল ইংরেজি ও মিডিল ভার্নাকুলার স্কুল।পিটারসনের বর্ধমান জেলা গেজিটিয়ার (১৯০৯-১০)থেকে জানাযায় সেইসময় জেলার ১৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির মধ্যে কাটোয়া মহকুমার তিনটি স্কুল ছিল যথা কাটোয়ার কাশীরামদাস বিদ্যায়তন,ওকড়সা বিদ্যালয় আর দাঁইহাট হাই ইংলিশ স্কুল।দাঁইহাট মডেলস্কুল কিভাবে দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছিল তার  পুরো ইতিহাসটা জানা যায়না।কেননা সাতের দশকে রাজনৈতিক দুস্কৃতিদের লাগানো আগুনে বিদ্যালয়ের বহু প্রাচীন নথিসহ শিক্ষকদের পেশাগত তথ্যাবলি পুড়ে ছাই হয়ে যায়। বিভিন্ন সূত্র থেকে এই তথ্য মেলে যে ১৮৮২ খ্রি. বিদ্যালয়টি ষষ্ঠশ্রেণি পর্যন্ত নিম্ন-ইংরেজি বিদ্যালয় রূপে পরিচিত ছিল।১৮৮৫ খ্রি.মধ্য ইংরেজি বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়।১৮৮৭ খ্রি. দাঁইহাট উচ্চ বিদ্যালয় রূপে আত্মপ্রকাশ করে।১৯৫৯ খ্রি.একাদশ শ্রেণি এবং ১৯৭৬ সালে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়।বর্তমানে গভঃস্পনসর বিদ্যালয় রূপে স্বীকৃত।

১৮৮২ থেকে ১৯১৬ খ্রি.অবধি বিদ্যালয়টি চলতো প্রাচীন কালনা-কাটোয়া রোডের পাশে। বর্তমান অশ্বিনীকুমারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে।কাশিমবাজারের রাজা শিক্ষানুরাগী মণীন্দ্রচন্দ্র নন্দী,বর্ধমানরাজ বিজয়চাঁদ মাহাতাব,দাঁইহাটের বিশিষ্ট শিক্ষানুরাগী ও বেদব্যাস পত্রিকার পৃষ্ঠপোষক রাজা হরিনারায়ণ মুখোপাধ্যায় প্রমূখদের  আর্থিক সহায়তায় বর্তমান বিদ্যালয়ের মূল ভবনটি নির্মিত হয় ১৯১৭ সালে।মূল ভবনের দ্বারোদ্ঘাটন করেছিলেন তদানীন্তন বর্ধমান জেলা শাসক মি.ডি.ওয়াইডো সাহেব।১৯২৮ খ্রি.বহিরাগত ছাত্রদের সুবিধার জন্য চালু হয়েছিল গৌরবদীপ্ত “স্বর্ণময়ী ছাত্রাবাস”।ছয়ের দশকে নির্মিত হয় কলা আর বাণিজ্যভবন।আটের দশকে তৈরি হয়েছিল “ঋষিকেশমিত্র শতবর্ষ স্মারককক্ষ”টি।সাতের দশকে তৎকালীন প্রধানশিক্ষক শ্রীমনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের প্রচেষ্টায় বিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক গড়খাতসহ ২৪ বিঘা জমি ক্রয় করা হয়েছিল।প্রসঙ্গত- শতাধিক বৎসর পূর্বে রচিত নিবারণচন্দ্র চট্টোপাধ্যায়ের “কাটোয়ার ইতিহাস”থেকে জানাযায় রাজা রামমোহন রায়ের পূর্বপুরুষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়এর  এই গড়বাটিতেই বর্তমান দাঁইহাট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে।সম্প্রতি বিদ্যালয়ের সার্ধশতবর্ষোত্তর উৎসব উদযাপিত হয়েছে সাড়ম্বরে।

                                              তিন                         


এই বিদ্যালয়ের অন্যতম গৌরব তার কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য।প্রখ্যাত ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগুরু ঐতিহাসিক কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। কালীপ্রসন্নর বিখ্যাত দুটি বই  বাঙ্গলার ইতিহাস-নবাবি আমল ও মধ্যযুগে বাঙ্গলা।দেজ পাবলিসার থেকে পুনঃ   মুদ্রিত হয়েছে।প্রখ্যাত চিকিৎসক ,গান্ধিবাদী কংগ্রেস নেতা তথা সমাজসেবী প্রফেসর শচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই বিদ্যালয়ের কৃতি ছাত্র.১৯১০ খ্রি দাঁইহাটের নিকটবর্তী নলাহাটি গ্রামে বিখ্যাত বন্দ্যোপাধ্যায় পরিবারে শচ্চিদানন্দের জন্ম।দাঁইহাট উচ্চবিদ্যালয় থেকে ১৯২৭ সালে এন্ট্রান্স পাস করার পর ফিজিওলজিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সিতে ভর্তি হন।১৯৩৫ সালে এম.বি.এ.পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।১৯৪৫ সালে ডি.এস.সি.।ডায়াবেটিস রোগের উপর তাঁর গবেষণা আনর্জাতিক মহলে সাড়া ফেলে দেয়।১৯৪২-৪৪ দুবার তিনি গ্রিফিথ মেমোরিয়াল পুরস্কার পান।১৯৫৯ সালে সর্দার প্যাটেল কলেজের বিভাগীয় প্রধান হন।তিনি ছিলেন গান্ধিবাদী নেতা।খদ্দর ও গান্ধী টুপি পরতেন।বিনা পয়সসায় চিকিৎসা করতেন স্বগ্রামসহ সন্নিহিত দরিদ্র গ্রামবাসীদের।প্রেসক্রিপসন লিখতেন বাংলায় আর কলমে ব্যবহার করতেন সবুজ কালি।


দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের ১৯৪২ সালের এডমিট ছবি...ড,প্রশান্ত কুন্ডুর সৌজন্যে
 অকাল প্রয়াত রাজ্যপ্রত্নতত্ত্ব সংগ্রহালয়ের উপ-অধিকর্তা ড.অমল রায় ছিলেন দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র।এছাড়া বহু কৃতি ছাত্র দেশ বিদেশে বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ পদে রয়েছেন।বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধুনা সুইডেন প্রবাসী শ্রীপ্রভাসকুমার গাঙ্গুলির আর্থিক দানে নির্মিত হয়েছে বৃহৎ অসিতা লিন্ডা বিল্ডিং।প্রাক্তন ছাত্র বৈদ্যনাথ দাস মহাশয়ের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে “বৈদ্যনাথ বিমলা হল”।এছাড়া এলাকার বিধায়ক,এম.পি,সর্বোপরি সর্বশিক্ষামিশনের আর্থিক দানে অনেকগুলি শ্রেণিকক্ষ নির্মিত হয়েছে।
১৯২৯ সালের সার্টিফিকেট ছবি ড.প্রশান্ত কুন্ডুর সৌজন্যে

বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৬০০ জনের অধিক।পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি বয়েজ ইস্কুল।একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ছেলে মেয়ে প্রায় সমান সমান।শিক্ষক-শিক্ষিকা –শিক্ষাকর্মি –পার্শ্বশিক্ষক মিলিয়ে ৪১ জন।বর্তমান প্রধানশিক্ষক অক্লান্ত এক সমাজকর্মী।শিক্ষাদরদি।ছাত্রবৎসল ও সৃজনশীল।তাঁর সুদক্ষ পরিচালনায়,শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানের আন্তরিকতায়,বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মাননীয় সদস্যদের তৎপরতায় ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতায় বিদ্যালয়ের পঠন-পাঠন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয়।ফলত,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বরাবর সন্তোষজনক।উচ্চমাধ্যমিক স্তরে সংস্কৃত,দর্শন,কম্পুটার,প্রভৃতি বিষয় সংযোজন করলে ছাত্র-ছাত্রীদের সুবিধা হবে। সেইসঙ্গে বৃত্তিমূলক কোর্স চালু হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। মহকুমার প্রথম সরকারি বিদ্যালয় হিসাবে হেরিটেজ মর্যাদার স্বীকৃতি আশা করাই যেতে পারে।আশার কথা দাঁইহাটশহরে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে  বিদ্যালয় কতৃপক্ষ স্বতোপ্রণোদিত হয়ে তার জমিদান করেছে।এবিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন মাননীয় প্রধানশিক্ষক,সংশ্লিষ্ট পরিচালনসমিতি ও দাঁইহাটের শিক্ষাপ্রিয় নাগরিকবৃন্দ।

বিদ্যালয় কতৃপক্ষ প্রতি বছর দুঃস্থ-মেধাবী ছাত্র-ছাত্রীদের ৫-৭ শতাংশ ফিস কনশেসন দি্যে থাকেন।শতবার্ষিকী উৎসবের সময় দাতাদের প্রদত্ত অর্থের সুদ থেকে দুঃস্থ ছাত্রছাত্রদের বই কেনার জন্য অর্থ সাহায্য করা হয়।এই বিদ্যালয়ে শিক্ষানুরাগী ব্যক্তিগণ বিবিধ স্মৃতি পুরস্কার বাবদ অর্থ দান করেছেন।এই পুরস্কারের সংখ্যা ১২টি।উক্ত টাকার সুদ থেকে প্রতি তিন বৎসর অন্তর মেধাবীছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।বিদ্যালয়ের গ্রন্থাগারটিও অমূল্য সম্পদ।পুস্তকের সংখ্যা প্রায় দশ হাজার।এর মধ্যে প্রচুর দুষ্প্রাপ্য বই রয়েছে।বিদ্যালয়ের জুনিয়ার রেডক্রসের উদ্যোগে প্রতি বৎসর শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যলয়পত্রিকা সম্পুট ও ষাণ্মাসিক দেওয়াল পত্রিকা পত্রপুট প্রকাশিত হয় নিয়মিত।

১৯২২ সালের এডমিট ছবি ড.প্রশান্ত কুন্ডুর সৌজন্যে

এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্লক,মহকুমা,জেলা রাজ্যস্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে চলেছে।কুইজ প্রতিযোগিতায় ও মকপার্লামেন্টে একাধিকবার জেলা ও রাজ্যস্তরে প্রথম ও চতুর্থ স্থান অধিকার করেছে।খেলাধূলার মান যথেষ্ট ভালো।জেলায় ফুটবল কবাডি প্রতিযোগিতায় কয়েকবার প্রথম স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের ছাত্র শ্রীমান আবীরকুমার মহান্ত মোহনবাগানের জুনিয়ার ফুটবলটিমে খেলবার সুযোগ পেয়েছে। বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত হয়েছে দাঁইহাট ফুটবল আকাডেমি।এইভাবেই বিদ্যালয় এগিয়ে চলেছে বর্ণাঢ্য অতীত থেকে আরও সম্ভাবনাময় ভবিষৎএর দিকে।সাফল্যের দিগন্ত ছুঁয়ে ছুঁয়ে।
                                  



                                                                                                                    
ছবি  নিজস্ব


 






               

Saturday, May 14, 2016

RAR ONCHOLE SHIBER GAJON





            

শিবের গাজনঃআদি বোলান ও কয়েকটি    প্রাচীন লোকনৃত্য

                                                   



দেবাদিদেব মহাদেব।তিনি শুধু মহাকাল রুদ্র নন,নটরাজ।নাচ গানের আদি দেবতা।নাচুনি বেহুলা তাঁকে নাচ দেখিয়ে  সন্তুষ্ট করেন ।মৃত পতি লখিন্দরের প্রাণও  আদায় করে  ফিরেছিলেন।শিব আরাধনা বারোমাস হলেও  রোদে কাঠ ফাটা চোত মাসে গাঁ-গঞ্জে এলাহি ব্যাপার।এই সময়তো সুর তোলে ঢাক-কাঁসির যুগলবন্দি।ঢোল-নাল মাদল-খোল-মৃদঙ্গ-ক্যাসিও খঞ্জনি-ঝাঁজর -আড়বাঁশির সুরে  গ্রাম-বাংলা নাচে গানে মেতে ওঠে। শিবের সার্বজনীন গাজনোৎসব বলে কথা!ধুলো ভাঙার   গান,খেস্যাগান,বাধাইগান,এছাড়া হরেক রকমের বোলান গান ইত্যাদিতো রয়েছেই।এর উপর নানা ধরণের প্রাচীন লোকনৃত্যে জমজমাট হয়ে ওঠে শিবের গাজন সংস্কৃতি।
শৈব সাধনার প্রত্ন-স্মৃতি শুধু হরপ্পা সভ্যতায় নয়,বৈদিক যুগের নিন্দিত শিশ্ন উপাসনায় নিহিত আছে।বাংলাদেশে শিবের উপাসনা মূলত লিঙ্গমূর্তিতে হয়।লিঙ্গের অপর নাম শিশ্ন।ঋকবেদে শিশ্নদেব শব্দটিএকাধিকবার উল্লিখিত. ।আর্যরা এই শিশ্নদেবকে একেবারেই পছন্দ করতেন না। আবার ঋকবেদে  শিব নামে একদল লোকের কথা  জানা যায়।পন্ডিতেরা অনুমান করেছেন এই শিব নামের লোকেরাই হয়তো শিশ্নদেবের পুজো করতেন।হয়তো তার থেকেই দেবতার নাম হয়েছে শিব।পরবর্তীকালে এই শিব হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় লোকদেবতা। ব্রাত্যজন মানে গাঁ-জনের কাছে যার পুজোর মন্ত্র বলতে স্রেফ ঐ নাচ আর গান।বৃহদ্ধর্মপুরাণে অবশ্য চৈত্রমাসে শিবের উৎসব সম্পর্কে বলা হয়েছে..."চৈত্রমাসে কি ক্ষত্রিয় কি বৈশ্য,কি শূদ্র...দেহ পীড়ন পূর্বক নৃত্যগীত মহোৎসব সহকারে ভক্তিপূর্বক শিবোৎসব করিবে"।আরও বলা হয়েছে "ভক্তি সহকারে নৃত্যামোদে রাত্রি জাগরণ বিধেয়"।নাচে গানে রাত্রি জাগরণে  শিবের গাজন উৎসব যে কত প্রাচীন তা বোঝা যায় পুরাণের বর্ণনা থেকে।তাছাড়া শিব শ্মশানচারী দেবতা।শিবের সঙ্গে শব যে যুক্ত হবে এতে আর আশ্চর্য কোথায়।গাঁ-জনের এই শিব সাধনায় তাই আত্মগোপন করে আছে কত বিস্মৃত যুগের লোকাচার।জীবন সংগ্রামের এক অনিবার্য প্রেরণা।পাশাপাশি তাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা অভাব অভিযোগ ঘাত প্রতিঘাত,সংগ্রাম-উত্তরণের বিচিত্র প্রাণধর্ম প্রকাশিত হয়েছে গাজন কেন্দ্রিক প্রাচীন লোকসংগীত আদি বোলান গানে ও কয়েকটি সুপ্রাচীন লোকনৃত্যে।
                                           নরমুন্ড নিয়ে নাচ গানশিবের গাজনের অন্যতম আকর্ষণ নরমুন্ড নিয়ে নাচ গান।কয়েক জন সন্যাসী বংশ পরম্পরায় চৈত্রমাসের  প্রথম দিকে কয়েকটি নরমুন্ড সংগ্রহ করে আনেন।এদের মধ্যে থাকেন একজন ওস্তাদ।নরমুন্ডগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তেল সিঁদূর মাখানো হয়।তারপর প্রতিদিন নিয়ম করে  দেওয়া হয় মদ আর ভাজা ছোলার নৈবেদ্য। নানা  রহস্যময় আচার কৃত্যে নরমুন্ডর পুজো করেন ওস্তাদ।গাঁয়ের ভিন সিমানায় যে কোন গাছের মগ ডালে নরমুন্ডগুলি তুলে রেখে দেওয়া হয়.২৭-২৮ শে চৈত্রের নিশিরাতে ঐ নরমুন্ডগুলিকে পুনরায় তেল সিঁদূর মাখিয়ে চোখে কাজল পরানো হয়।এবার সেগুলিকে শিবের গাজনতলায় এনে সন্যাসীরা একধরণের প্রহেলিকাময় গান করেন।ঢাক কাঁসির বাজনার তালে তালে জমে ওঠে সেই প্রাচীন গান।উত্তররাঢ়ে প্রায় ৫০ টি শিবের গাজনের ক্ষেত্রসমীক্ষাসূত্রে যে গান আমরা সংগ্রহ করেছি তার কাঠামো ও সুর প্রায় একই।কাটোয়ার একটি গ্রাম থেকে সংগৃহীত আদি বোলানের নমুনা...।
এসো মা গো সরস্বতী বসো গো মা পাশে
কি বোলে বোলান গাইবো বুড়ো শিবের কাছে।।1


রাই সরু সরষে সরু,সরু গঙ্গার বালি।



মেটিরির রাম-সীতা বন্দন,জুড়ানপুরের কালী।।
উলোর ভুঁইয়ে ধুলো রে ভাই,মটরের ভুঁইয়ে খই
কালকে পাতা সেজে এলাম মড়ার মাথা কই?
কাটোয়ার ঐ গঞ্জে যাবো বটবৃক্ষতলা।


এইখানেতে নিতাই গৌর করেছিল খেলা।।
কোন মাছুনির মাছ খেয়োছো দাউনি মাছের কড়ি
সেই মাছুনি গাল পেরেছে বাছা ধুলোয় গড়াগড়ি।।
যতগুলি বোলান গাইলাম আরও গাইতে পারি 
ওস্তাদের নাম পাঁচু মোড়ল চাঁরুল গাঁয়ে বাড়ি।।
এই আদি বোলান এখনও শোনা যায় কাটোয়ার ঘোষেশ্বরতলায় ,শ্রীখন্ডের ভূতনাথতলায় নিগনের লিঙ্গেশ্বর ,মাঝিগ্রামের কালিন্দী শিবের গাজনে কেতুগ্রামে ইত্যাদি স্থানে।
                                           কালকে পাতার নাচ
কালকেপাতা মানে  দেবী কালির মুখোশ পরা বা মুখ আঁকা এক শ্রেণীর শৈব সন্যাসী।এরাও মূলত নরমুন্ড  নিয়ে নাচ ও গান করে থাকেন। বংশানুক্রমিকভাবে শিবের গাজনতলায় নাচ গান করে থাকেন।বৃহত্তর কাটোয়া মহকুমার কয়েকটি গ্রামে কালকে পাতা শৈব-সন্যাসীদের দেখা মেলে।যেমন কবি কাশীরাম দাসের জন্মভূমি সিঙ্গি গ্রামে,শ্রীখন্ড,কেতুগ্রাম ,কাটোয়া থানার আখড়া গ্রামে,গুড়পাড়া ইত্যাদি।আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রাঢ়ের গ্রাম দেবতা শীর্ষক প্রবন্ধে সংশ্লিষ্ট বিষয়ে বলেছেন যে কালিকার পাতারা পিশাচ বেশে মৃত


 নরদেহ নিয়ে নৃত্য করে ।অনুষ্ঠানটির পোষাকি  নাম মড়া খেলা।তিনি লিখেছেন--"কালিকা পাতারা আস্ত মড়া-মনুষ্যের শবদেহ-অনেক সময় গলিত শব -আনিয়া মন্দিরের ওঠানে উপস্থিত হইয়া  ঢাকের বাদ্য ও ধূপের ধূঁয়াসহ বিকট পৈশাচিক নৃত্যের অভিনয় করে"।তিনি আরও বলেছেন যে বিখ্যাত ওয়াডেল সাহেব তাঁর Lamaism or Buddhism in Tibet নামক গ্রন্থে লামাদের অনুষ্ঠিত যে সকল পৈশাচিক অভিনয়ের সচিত্র বিবরণ প্রকাশ করেছেন যা তিব্বত নেপাল ভুটানে প্রচলিত ছিল তার সংগে অদ্ভুৎ মিল দেখতে পাওয়া যায়  এই কালকে পাতা সন্যাসীদের নাচ ও গানে। শ্রীখন্ডের ভূতনাথের গাজনে কালকে পাতারা মানত করে অনেক সময় সন্যাসী হন।সারাদিন উপোস থেকে মাঝ রাতে কুম্ভকারের কাছে মুখ চিত্রিত করে আসেন।আখড়া গ্রামের কালকে পাতারা এক ধরণের বিচিত্র শোলার মুখোশ ব্যবহার করেন।শিবের স্নান যাত্রায় অংশ গ্রহণ করে বিশেষ মুদ্রায় নাচেন আর প্রহেলিকাময় গান করেন।
                                                রাক্ষস নাচ

মূলত কেতুগ্রাম অঞ্চলে শিবের গাজনের প্রথম দিন অর্থাৎ ২৭ কিম্বা ২৮ শে চৈত্র সকালবেলায় শিবের গাজনতলায় শুরু হয় ঐতিয্যবাহী রাক্ষস নাচ।এই নাচ করেন মূলত শ্রমজীবীরা।রাক্ষস বলা হলেও আদতে রাক্ষসী।ভয়ংকর তার দেহ।লাল তার চোখ।মুখে ঝুলকালি।তাতে হলুদের ফোঁটা।লকলকে জিভ বেরিয়ে আসছে।করাল দংষ্ট্রারেখা।রক্ত লাঞ্ছিতা।গায়ে লাল-কালো পোষাক।পয়োভারে টলমল।লম্বা লম্বা টিনের হাত।কোমর অব্দি আছড়ে পড়া চুলের ঢেউ।কটিদেশে ছোট-বড়ো ঘাঘর ঘন্টা।ঠাকুরমার ঝুলি থেকে বেরিয়ে পড়া ভংকর দত্যি দানব যেন।উড়ন বাজিয়ে ঢাকিদারের সলম্ফ তেহাই।শুরু হয় রাক্ষস নাচ।পাঁচমিনিটের লোকনৃত্যের রোমাঞ্চকর  এক চিত্রনাট্য।।একক বা যৌথ নাচের মেঠো আসর প্রতিটি শিবের গাজনতলায়।গবেষকরা বলেন রাক্ষস নাচ আসলে প্রাচীন কালকেপাতা নাচ থেকে হুবহু টোকা।কিন্তু কালকেপাতা আর যাই হোক মুখোশ পরা বাধ্যতা মূলক নয়।রাক্ষস নাচে মুখোশ থাকবেই।এই মুখোশ তৈরি করেন স্থানীয় সূত্রধরেরাএকটি প্রমাণ সাইজের কঞ্চির ঝুরির মধ্যে মুখ চোখের ছিদ্র করে কাগজএর পটি মারা হয়।তারপর মাটির গোলা দিয়ে জমি তৈরি করে জিভ কান ইত্যাদি বানানো হয়।রঙের কাজ হয়ে গেলে সে এক দেখবার জিনিষ।এই নাচ পাঁচ থেকে দশ মিনিটের।তবে এদের হাতে নরমুন্ড থাকে না।
                                        শকুন নাচ-গান
কেতুগ্রাম কাটোয়া অঞ্চলের শিবের গাজনের অন্যতম বৈশিষ্ট্য পোরো বোলান আর শকুন নাচ।পোরো মানে পুরাতন।কালকেপাতার মতো শৈব সন্যাসীদের নাচ গান।অনেকে আবার মনে করেন বৌদ্ধ বজ্রযানী সম্প্রদায়ের এক বিশেষ ধর্মীয় আচার-কৃত্য যা পরবর্তীকালে শৈবসাধনাতে অনুপ্রবেশ করেছে।অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত নাচ আর গানে।দলে ২০-২৫ জন শিল্পী থাকেন।একজন ওস্তাদ বা মূল গায়েন থাকেন।ফাগুনমাসে  তিনি নরমুন্ড সংগ্রহ করেন।গাছে টাঙিয়ে রাখেন।গাজুনে সন্যাসীদের মতো পুজো আচ্চা করেন।এরপর শিবের ফল উৎসবের গভীর রাতে সাজগোছ করেন।একজন শিব সাজেন।বাকিরা কালী বা ভূত পেত্নী।লাল রঙ দিয়ে চোখ আঁকা হয়।পরনে লাল-কালো ঘাঘরা।কোমরে ঘণ্টা নেউর।হাতে চকচকে তলোয়ার,রাম-দা ,হেঁসো টাঙি।একজন শাঁখ বাজান।মদ খেয়ে সব বেসামাল।গভীর রাতে এদের আগমন।মুখে তারস্বরে শিওবের নাম।ঢাকিদার একটি বাঁধা তাল বাজিয়ে তাদেরকে গাজনতলায় নিয়ে আসে।এবার মড়ার মাথাগুলিকে  আসরের মাঝে রেখে গোল হয়ে হয়ে বসে শুরু করে বিলম্বিত লয়ে করুণ সঙ্গীত।বিশেষ বাজনার ছাঁদে জমে ওঠে এই পালাগান। যেমন পালার নাম হরিশচন্দ্র বা শ্মশান মিলন।
       দারুণ বিধিরে ওরে ও বিধি
      বড়ো বাদ সাধিলি,ওরে বড়ো বাদ সাধিলি
            আজ কোল ভরাধন কোলের মাণিক
           কেন হরে নিলি।।(ধুয়ো)
১)প্রথমে বন্দনা করি (২) করি গণেষের চরণ
তারপরে বন্দনা করি মা কালীর চরণ।।
২) হরিশ্চন্দ্রের শ্মশান মিলন(২) গাইবো বোলান।
অকালেতে প্রাণের রতন হারালো জীবন।।ধু
৩)মাঠের মধ্যে বট বিরিক্ষি সেইতো মাঠের মাথা
একলা মায়ের পুত হারালে মা দাঁড়াবে কোথা।।ধু
৪)ওরে বাছা রোহিতাস্য (২) জীবনের জীবন
একবার মা বলে ডাকরে বাছা জুড়োবে রে মন।।ধু
৫)মৃত পুত্র কোলে লয়ে আমি এক নারী
দয়া করো ও পাটুনি পুত্র সৎকার করি।।ইত্যাদি।।
এই গানে প্রতিটি কলির শেষে ধুয়োতে ফিরে আসতে হয়।প্রতি কলির ২ চিহিন্ত পঙতি দুবার গাইতে হয় দু রকম সুরে।প্রথম বার গাওয়ার পার বাজনার জন্য ছাড় থাকে।ঢাকিদার আট মাত্রার কাহারবা দুই দুই ছন্দে বাজান।ধাগধাদি/নাকতিন/তা....../গেরেগেরে...।।অনেকেই বলেন গানের সুরে দরবারি কানাড়ার প্রভাব পড়েছে।
গানের শেষে শুরু হবে শকুন নাচ।নরমুন্ডগুলি একজায়গায় রেখে সকলেই গোলাকারে দাঁড়াবে।এরা শকুন।বৃত্তের বাইরে দুজন শিয়াল।নাচের আসর হয়ে উঠবে শ্মশানক্ষেত্র ।ঢাকিদার প্রথমে দ্রুতলয়ে ছক্কা বাজাবে।শিল্পীরা দুহাত প্রসারিত করে নাচবে ,যেন মনে হবে তারা আকাশে উড়ছে।বাজনার লয় অনুসারে ধীর থেকে দ্রুত লয়ে তাদের ওড়ার ভঙ্গি।এবার দ্বিতীয়পর্ব শুরু।নরমাংস খাওয়ার জন্য শকুনরা আকাশ ছেড়ে শ্মশানে বসবে।এটা অত্যন্ত নাটকীয় ও চমকপ্রদ।এখানেও কাহারবা ছন্দে ঢাক বাজে। সঙ্গে কাঁসির ঠেকা।ধীর থেকে দ্রুত লয়ে।তালটি


হলোঃধিনাক নাতিন তিনাক তা//নাক তিন তিন তিনাক তা//মাতানের তেহাইয়ে একটি একটি করে শকুন বসবে।সকলের বসা হয়ে গেলে মাটি ঘেঁষে বিশেষ মুদ্রায় শকুনরা এগিয়ে যাবে নরমুন্ডের দিকে।তখনকার ঠেকাটি হল...। ধিধি নাকধিনা তিতিনাকতিনা।।শিয়াল ও দ্রুত ছুটে আসে।শকুনরা ছিটকে যায়।এইভাবে শিয়াল আর শকুনের লড়াই এ জমে ওঠে এই লোকনৃত্যটি।নাচের শেষে শকুনের দল শিয়ালের বাধা অতক্রম করে দখল নেয় নরমুন্ডের।ঢাকিদার বাজাতে থাকেন ধাধিন না তিন ধাধিন ধিনা /ধাগধিনাধিন নাতিন তিনা।।






Friday, May 13, 2016

KANBOTI FOLK STORY

বাথুয়া শাক। ভাল নাম কাঁকবতী। মানে কঙ্কাবতী।একে নিয়ে রাঢ় অঞ্চলে প্রচলিত লোকজ রূপকথার গল্প ‘সাত ভাইএর বোন কাঁকবতী’।বাংলা লোকসাহিত্যের এক অসামান্য দৃষ্টান্ত।

                                          কাঁকবতী

সাতভাইএর বোন কাঁকবতী।চাঁদ পারা মুখখানা।টানাটানা চোখ।কাঁচা হলুদের মতো সোনার বরণ।একঢাল কালো চুলে জলভরা শাওন মেঘের রঙ।ও যখন পদ্মদিঘিতে নাইতে যায়-পদ্মফুলেরা আনন্দে দোলায় মাথা।ভোমরারদল মধু খাওয়া ভুলে যায়।চারপাশে ঘুরে ঘুরে গুনগুন স্বরে গান করে।কপালে তার কুমকুমের ফোঁটা।ঝিকমিকিয়ে ওঠে অবাক রাতের তারারা।
সাতভাই ওকে খুবই ভালোবাসে।কিনে দেয় নানা খেলনা।হাতি,ঘোড়া,বর-বউ পুতুল,ডুরেল শাড়ি,কাচের চুড়ি আরও কত কী!বাপ-মা মরা মেয়ে তো,আদরটা তাই জম্পেশ।সাতভাই আদর করে আর বলে, ‘বোনের বিয়ে দেবো অচিন দেশের রাজপুত্তুরের সঙ্গে।সে আসবে তেপান্তরের মাঠ ভেঙে।টগবগিয়ে ঘোড়া ছুটিয়ে।কাঁকবতীকে নিয়ে উড়ে যাবে ঐ নী্ল আকাশের পথে।পক্ষীরাজের পিঠে চড়ে।
কী মজা! কী মজা!!
সাতভায়ের সাতবঊ হিংসায় রাগে জ্বলে পুড়ে মরে।বলে, ‘আদিখ্যেতা দেখলে পিত্তি জ্বলে যায়।বোন আর কারুর নেই যেন!আকাশের চাঁদ চাইলে পেড়ে দিতে হয় বুঝি!’
ঢঙ দেখে রেগে টং ওঠে ওরা।
কিন্তু মনের কথা থাকে মনে মনে।প্রকাশ্যে বললেই বিপদ।স্বামী তো নয়;যেন মানুষ খুন করা ভয়ংকর আসামি!মনের কথা ফাঁস হলেই বনবাস নিশ্চিন্তি।অতএব চুপ করে থাকাই ভালো।তারপর ঝোপ বুঝে কোপ মেরে আগাছার করতে হবে নিকেশ।ঈশাণ কোনে টি্কটিকি ডেকে ওঠেঃ ঠিক...ঠিক!
দেখতে দেখতে আশ্বিন মাস এসে হাজির।নানা রঙে আকাশটা নিকানো।নদির তীরে তীরে কাশফুলের সাদা হাসির ঢেউ।শিশির ভেজা হিমেল বাতাসে শিউলি ফুলের মন কেমন করা গন্ধ।সাতভাই এইসময় যায় দূর দেশে বাণিজ্যি করতে।নদিতে ভাসলো মধুকর ডিঙা।কাঁকবতীর দু চোখের নদিও উথাল-পাথাল।‘হেই ভগবান!দাদারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।আর কিচ্ছুটি চাই না গো!’
অনেক দিন কেটে গেল।দাদারা বাণিজ্য সেরে বাড়ি ফেরেনি।রাতে শুয়ে শুয়ে কেবলি কাঁদে।ওর কান্না দেখে গাছপালারা কাঁদে।রাতের আকাশের মুখ ভার হয়।এদিকে সকাল হতেই বউদিরা ঝাঁঝিয়ে বলল, ‘এবার থেকে তোমাকে রান্না করতে হবে বাপু।আমাদের পালা শেষ।তোমার শুরু’।
--আমি যে রান্না জানিনা।
--তাহলে ঢেঁকিশালে যাও।
--কি করবো?
--কচি খুঁকি নাকি?আজোল গোদা!
--অন্ন গিলবে না অন্ন?
কাঁকবতী হু হু করে কাঁদে।
ছোটবউ ঝামটা মেরে বলল, ‘ন্যাকামি বাদ দাও।ঢেঁকিশালে চল।আমি পাড় দেব।গড়ে ধান দেবে তুমি’।
কাঁকবতী অগত্যা রাজি হলো।কিন্তু অন্যমনস্ক হতেই তার কচি হাতে পড়ল ঢেঁকির কঠিন আঘাত।হাত্টা গেল ছেঁচে।রক্তারক্তি কান্ড।ককিয়ে কেঁদে উঠলো কাঁকবতী, ‘দাদাগো...’
বউরা বুঝলো সাংঘাতিক বিপদ।এই কথা যদি স্বামীদের কানে ওঠে তাহলে আর রক্ষে নেই!সবাই মিলে গুপ্ত ষড়যন্ত্র করে কাঁকবতীকে ঢেঁকির গড়ে ভরে দিল।তারপর থেঁতলে থেঁতলে খুন করে বাড়ির বাইরে সাত হাত গর্ত করে মৃতদেহটিকে মাটি চাপা দিল।সাতবউ পা ছড়িয়ে কাঁদতে বসলো, ‘ওগো আমাদের কাঁকবতীকে বাঘে খেলো গো!আমাদের কী হবে গো!!
দু চার দিন যেতে না যেতেই বউরা দেখলো ওখানে কী সুন্দর শাক হয়েছে।কচি কচি ।সবুজ শাক।পাড়ার বউঝিরা শাক তুলতে এলো লুকিয়ে।হাত দিতেই শাক বলে উঠলো—
তুলো না তুলোনা পাতা
লাগবে মোর প্রাণে ব্যথা।
বউদিরা মেরে করলো ক্ষতি
সাতভাইএর বোন কঙ্কাবতী।
সবাই চিৎকার করে বলে উঠলো, তুমি কাঁকবতী!!
কাঁকবতী বললো,চুপ চুপ!গোড়া উপড়ে দাও।বেরিয়ে যেতে পারি মাটি থেকে।এবার মাটি থেকে বেরিয়ে এসে সব কথা খুলে বললে ওদের।সবাই ছি ছি করলো।
বউরা মাথা হেঁট করে সব শুনলে।কিন্তু আবার তারা ষড়যন্ত্র করতে লাগলো।কাঁকবতীকে বললো,চল আমরা বনদেবতাকে পুজো দিয়ে আসি।তাহলে তোমার দাদারা বাণিজ্য সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবে।
কাঁকবতীর আর তর সইছে না।বউরা তখন পুজোর নৈবেদ্য আর কাঁকবতীকে সঙ্গে নিয়ে বহুদূরে এক গভীর বনে গেল।তারপর সুযোগ বুঝে তাকে হত্যা করে কাঁকন নদির ধারে পুঁতে দিল।কান্নাকাটি করে পাড়া-পড়শিদের জানিয়ে দিল-কাঁকবতীকে কুমিরে খেয়েছে।
এদিকে কাঁকবতী একটা বড়ো ঝঁকুমাকু বটগাছ হয়ে উঠলো।অনেক দিন পরে সাতভাই বাণিজ্য সেরে নদির তীরে নৌকা লাগালো।ভাইরা বললো এই বটের ছাওয়ায় বসে কিছু খাওয়া যাক।খাওয়ার জন্য বটপাতা ভাঙতেই গাছ বললো—
ভেঙো না ভেঙো না পাতা
লাগবে মোর প্রাণে ব্যথা
বউদিরা মেরে করলো ক্ষতি
সাতভাইএর বোন কঙ্কাবতী।
দাদারা বুঝতে পারলো বউদের অপকীর্তি।কাঁকবতীকে মুক্ত করে ভাবতে শুরু করলো বউদের কিভাবে জব্দ করা যায়।
এদিকে স্বামীরা বাড়ি ফিরতেই বউদের কী আনন্দ!আর কাঁকবতীর জন্য শুরু করে দিল মেকি কান্না।বড় ভাই ধমক দিল-চুলোয় যাক কাঁকবতী।এখন দু মানুষ ভর খাল কর।সোনাদানা মোহর এসব রাখতে হবে না?
খাল কাটা শেষ।ভাইরা তাদের বউদের বললে-তোমরা সব নীচে নামো।ওপর থেকে আমরা মালপত্তর দেবো আর তোমরা সাজাবে।
গর্তে নামল সাতবউ।হঠাৎ করে দেখতে পেলো সাতভাইএর মাঝে কঙ্কাবতী।মিটিমিটি হাসছে।
ভাইরা তখন মাটি পাথর ইট ঝপাঝপ করে গর্তের মুখে ঢালতে লাগলো।

Thursday, May 12, 2016

RAKHAL

                                                                       রাখাল
যেন একখান কালো কষ্টি পাথর কোঁদানো শরীর।কোঁকরানো চুলে ধুলোর ছিটেন।কোমরে জড়ানো লাল-গামছা।হাতে পাঁচন।গোরু-ভেড়া-ছাগল-মোষ চড়ানো--তাড়ানো-ঘোরানোর জন্য তাদের শ্রীমুখ নিঃসৃত নানা শিৎকার ধ্বনি।বিচিত্র খিস্তি-খেউর মেশানো গরমাগরম বচন......ঠিকই ধরেছেন সুবোধ গোপাল বালকদের  কথা আদৌ বলছি না!একেবারে অপাঙতেয় রাখাল-বাগালদের কথা!!শিক্ষা-দিক্ষা বঞ্চিত হাড়ি-বাউরি মুচি মেথর বাগদি ঘরের সদ্য কুঁড়ি হয়ে ওঠা শিশু শ্রমিকদের কথা। ঐ যে দেখছেন গনগনে মাঝ বোশেখের আগুনে খাক হয়ে যাওয়া খেতের পর খেত।ফুটি-ফাটা পুকুর।খানিকটা আধাঁর হয়ে আসা ঝিঁ ঝিঁ ডাকা বাবলার জঙ্গল।ওখানেইতো চড়ছে গবাদি পশুরদল।এদিকে বটের ছায়ায় জড়ো হয়েছে রাজ্যের রাখাল।কেউ গামছা বিছিয়ে শুয়ে।কেউ বা বিড়ি টানে আপন মনে।কেউবা জমিয়ে বলে যৌনতার গল্প।কেউবা ধরে লম্বা করে মাঠাল গানের কলি......।সে সুর মিশে যায় বোশেখের তপ্ত দুপুরের এলমেলো বাওরে।এখন অবশ্য ছবিটা বদলেছে। তবে বদল হয় নি বাংলার রাখালি সংস্কৃতি ।বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনকাব্যটি নাকি রাখালি নাটগীতি!স্বয়ং রাখালরাজা শ্রীকৃষ্ণ। এই রূপে পূজিত হচ্ছেন বর্ধমানের অনেক গ্রামে। গোষ্ট লীলার পদাবলী গানের কুশি-লবতো এই রাখাল-বাগালেরই দল!রাখালি কালি,রাখালি ভোগ ,রাখালি পুজো গ্রামে ক্ষেত্রসমীক্ষা করলেই দেখতে পাবেন। রাখাল ফোঁটা,রাখালদের লোক খেলা । এমনকি বাংলা প্রবাদেও  যেমন রাখালের হাতে শাল্গ্রামের মৃত্যু ইত্যাদি।মঙ্গলকোট অঞ্চলের ভূমি সন্তান হওয়ার কারণে অনেক গ্রামে প্রান্তিক মুসলমানদের মধ্যে পিরের রাখালি নামে এক বিচিত্র লোকানুষ্ঠানও দেখেছি।জসিমুদ্দিনের কথা নাহয় ছেড়েই দিলাম আমাদের নামকরণেও রাখাল একসময় সুপার হিট!ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যাএর কথা কি আর ভোলা যায়!!!!

PROTNO-SAMRAT

https://thekoulal.wordpress.com কৌলাল ওয়েবসাইটেও পড়তে পারেন।আর দেখতে পারেন মনের মতো ছবি।                                              ...