Friday, July 29, 2016

Saturday, July 23, 2016

BIRVUMER ITANDA SHUDHU MANDIR-GRAM NOY;OITIHASIK GANA-AVYUTHANER EK DURJAY GHATI


















                          বীরভূমের ইটান্ডা শুধু মন্দিরগ্রাম নয় 

                                             ঐতিহাসিক              

                                         গণ-অভ্যুত্থানের                        

                                          এক দুর্জয় ঘাঁটি

ইটান্ডার গৌরব হাড়কাটা জোড়-বাংলা কালীমন্দির

 

                                       সাদামাটা গন্ডগ্রাম ইটান্ডা।যদিও টেরাকোটা মন্দিরপ্রেমীদের কাছে এক অতিপরিচিত নাম। কেননা বীরভূম জেলার একমাত্র জোড়-বাংলা কালী মন্দিরটি এই গ্রামেই আছে।রয়েছে আরও কয়েকটি দৃষ্টিনন্দন টেরাকোটা সুউচ্চ শৈবমন্দির। সংস্কারের অভাবে সেগুলির দশা বার্ধক্যের শেষপ্রান্তে । তবে ইটান্ডা শুধু শিব বা কালীর বসতভূমি নয়;যাকে বলে বাণিজ্যে বসতি লক্ষ্মী। একসময় বীরভূমের বিকিকিনির বিরাট বিপণন কেন্দ্র হয়ে উঠেছিল গ্রামটি ।



অজয় তীরবর্তী ইটান্ডাতে শুধু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করেনি।অতি প্রাচীন কাল থেকেই এক আন্তর্জাতিক জমজমাট বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছিল।পিতল-কাঁসার তৈজসপত্রাদি,লৌহজাত হরেক কিসিমের দ্রব্য,গালার তৈরি নানান সামগ্রী, রেশম-গাড়া বস্ত্র ইত্যাদি কাটোয়ার গঞ্জ -বাজার হয়ে গঙ্গা আর সমুদ্র পথে ভিন দেশে পাড়ি জমাত।ইটান্ডায় ভিড় করতো দেশি বিদেশি সওদাগরেরা।কাঁচা টাকা উড়ে বেড়াতো।অর্থ প্রাচুর্যে গড়ে উঠেছিল প্রচুর অট্টালিকা-সৌধ।দেবায়তন। বিলাস বৈভব ভোগ-সম্ভোগে  সমৃদ্ধ এক অলিখিত  ইতিহাস।তারপর কালান্তরের ঝড়ো হাওয়ায় একে একে নিভিল দেউটি।

                                      বীরভূমের দক্ষিণ-পূর্ব সীমান্তে ইটান্ডা।বোলপুর থেকে দূরত্ব মেরেকেটে ২০ কিমি।বাহিরি  নিমতলা বাসস্ট্যান্ড থেকে খাড়া দক্ষিণে। সাত থেকে আট কিমি পিচ রাস্ত পেরিয়ে সবুজবনকে পিছনে ফেলে ইটান্ডায় প্রবেশ করবেন।গ্রামের পূর্বদিকে  চলে গেছে  আঁকাবাঁকা পাকা রাস্তা।পশ্চিমে গোলাম ঘাট।উত্তরে কানা অজয়নদি।এখন স্থির জলাশয়।অতীতে এই শাখা খাতেও অজয় প্রবাহিত হতো। বেশ কয়েক কিলোমিটার প্রবাহিত হয়ে বাসাপাড়ার কাছে গিয়ে মূল অজয়ে মিশতো।বর্তমানে অজয় বহে যাচ্ছে দক্ষিণ দিকে ।ইটান্ডার কোল ঘেঁষে।গ্রামের জনসংখ্যা হাজার তিনিকের বেশী হবে না।সব ধরনের জনজাতির বসবাস।জীবিকা সেই মান্ধাতার আমলের চাষ-বাস।ইদানিং জীবন জীবিকার প্রয়োজনে অনেকে ভিন প্রদেশে পাড়ি জমিয়েছে।
অজয়ের স্থীর জলে......

কেউ কেউ বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য করার সূত্রে গাঁয়ের এমন অদ্ভুত নাম। ইস্ট ইন্ডিয়া এই শব্দ দুটির বিকৃত উচ্চারণে ইটান্ডা।প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজ বেনিয়া জন চিপ এই গ্রামে নীলকুঠী স্থাপন করে নীলচাষ  শুরু করেছিলেন এবং তারপর থেকে বীরভূম জেলার বিস্তীর্ণ অঞ্চলে নীলচাষের প্রসার ঘটেছিল।লালমাটির বীরভূমকে নীলচাষের খেত খামার বানিয়ে দিয়েছিলেন তিনি। বরিষ্ঠ বীরভূম গবেষক সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় ভিন্ন মত পোষণ করেন।তাঁর মতে দুই নদির মধ্যবর্তী অংশকে বলে টান্ডা।ইটান্ডার দক্ষিণে ও উত্তরে অজয় নদি। মধ্যেকার ঊর্বর ভূভাগেই গড়ে উঠেছে প্রাচীন জনপদটি।এই কারণে গ্রামের নাম হয়েছিল টান্ডা।আর ইস্কুল আস্পর্ধা ইত্যাদি শব্দের মতোই  আদিতে স্বরাগমের ফলে টান্ডা বেড়ে হয়েছে ইটান্ডা।
দশমহাবিদ্যার এক বিদ্যা

ইটান্ডার পঞ্চচূড়া মন্দির
গ্রামে দুটি বাসস্ট্যান্ড।।রথতলা বাসস্ট্যান্ডে নামলে  নজরে আসবে কেশবাঈ চন্ডীতলা।ফাঁকা চত্ত্বর।একটা বহুকালের পুরনো জরাজীর্ণ মন্দির।তার গর্ভ ভেদ করে প্রকান্ড একটা  ঝাঁকরা গাছ মাথা তুলে দাঁড়িয়ে। লোকশ্রুতি অনুসারে এখানে সতীর কেশ অর্থাৎ চুল পড়েছিল।এটি সতীর উপপীঠ।আগে দেবীর প্রস্তর মূর্তি ছিল।একসময় সেটিও চুরি হয়ে যায়।এখন বিগ্রহ শূন্য মন্দির।তবে নিত্য পূজা হয়।১লা বৈশাখ দেবীর বিশেষ উৎসব।জামাই ষষ্ঠির পরের দিন  বাৎসরিক পূজো ।গ্রাম ষোল আনা অংশ গ্রহণ করে।ইটান্ডায় যখন বাণিজ্য প্রসিদ্ধি ছিল তুঙ্গে তখন স্থানীয় গন্ধবণিকরা কেশবাঈতলায় আসতেন। যাত্রাসিদ্ধিদেবতার বিষেশ পুজো দিতেন।তারপর গৃহদেবতার পুজো সেরে অজয়ের বুকে ময়ূরপঙ্খি নৌকা ভাসিয়ে দূর সমদ্রে বাণিজ্যযাত্রা শুরু ।দুর্গাপুজোর বিজয়াদশমীর রাত্রে বিসর্জনের পূর্বে এলাকার  দেবী প্রতিমাগুলি সার দিয়ে কেশবাঈচন্ডীতলায় নামানো হতো।মেলা বসতো। জমে উঠতো গান বাজনার মেঠোআসর। বাজনদারদেরমধ্যে চলতো প্রতিযোগিতা।তারপর রাত করে দুর্গা মাঈকি জয় বলে অজয়ের দহে দেবীদের জলশয়ান।সে সময়  ইটান্ডার জমিদার ছিলেন গ্রামের সিংহ পরিবার। বৈষ্ণব ধর্মে দিক্ষীত। তাঁরা শুরু করেছিলেন এক ঐতিয্যবাহী রথযাত্রা।রথের দিনে সিংহবাড়ি থেকে বলরাম সুভদ্রা জগন্নাথ আসতেন।পিতলের রথে গ্রাম প্রদক্ষিণ হতো। মেলা বসতো।জিলিপি পাঁপড়ভাজার গন্ধে, খোল খঞ্জনি কাঁসরের একটানা বাজনার ছন্দে  আষাঢ়ের ভেজা পরিবেশ তখন  আরও রসায়িত।এখন শুধু নামেই রথতলা।গ্রামের সিংহবাড়ি যেমন ভেঙে পড়েছে,হারিয়ে ফেলেছে তার অতীত গৌরব জৌলুস তেমনি তাঁদের জগন্নাথ মন্দিরও ভগ্নস্তূপে পরিণত হয়েছে।


                      ইটান্ডার গ্রামের অন্যতম পুরাকীর্তি জোড় বাংলামন্দিরটি। বীরভূম জেলায় এর দ্বিতীয় উদাহরণটি নেই।এই মন্দিরটির জন্য ইটান্ডার খ্যাতি দেশ-বিদেশে।একসময় মন্দিরটি বলতে গেলে ভেঙে পড়েছিল।অনেক মূল্যবান টেরাকোটা ফলক নষ্ট হয়ে গিয়েছিল।Indian National Trust For Art And Cultural Heritage সংক্ষেপে INTACH  র উদ্যোগে নতুন করে সংস্কার হয়েছে।বর্তমানে পশ্চিমবঙ্গ পুরাত্তত্ব সর্বেক্ষণ দ্বারা অধিগৃহীত।গ্রামবাসীদের মতে এখানে পূর্বে শ্মশান ছিল।পাশে বাস করতেন গ্রামের মুচি সম্প্রদায়ের হাড়কাটা গোষ্ঠীরা। মৃত পশুর হাড়, শিং প্রভৃতি কেটে খোদাই করে চিরুনি গলার মালার পুঁতি ও নানা ধরনের শৌখিন জিনিষ বানাতো তারা।সেগুলি স্থানীয় বাজারে বিক্রয় করতো।এরাই প্রতিষ্ঠা করেছিলেন শ্মশানকালী।মন্দিরটির প্রতিষ্ঠাতা তারাই।লোকে এখনো এই কালীমন্দিরকে হাড়কাটা বা হঠকা কালী মন্দির বলে থাকেন।অনেকে আবার বলেন হাড়কাটারা পেশায়  দুর্ধুষ ডাকাত ছিল ।ডাকাতি করতে যাওয়ার আগে এই শ্মশান প্রান্তরে কালীভজনা করতো।অঢেল ডাকাতির পয়সা খরচ করে এই মন্দির গড়ে উঠেছিল।অনেকেই আবার বলেছেন উনিশ শতকের গোড়ার দিকে পোর্তুগিজ বণিকরা নাকি এই মন্দিরের প্রথম সংস্কার করেছিলেন।কলকাতার বউবাজারের  পোর্তুগিজ কবিয়াল এন্টনি ফিরিঙ্গির স্মৃতি সম্বলিত ফিরিঙ্গিকালীবাড়ি রয়েছে ।ইটান্ডার এই মন্দিরটিও অনুরূপ বীরভূমের একমাত্র ফিরিঙ্গিকালীবাড়ি!

শ্রীধর মন্দির

পাইনদের রেখদেউল
  এই মন্দির নিঃসন্দেহে উনিশ শতকের।টেরাকোটা ফলকগুলিতে রামায়ণ মহাভারত পুরাণ ও তৎকালীন সামাজিক রাজনৈতিক জীবনের  খন্ডচিত্রগুলি ধরা পড়েছে শিল্পদের নিপুণ হাতে।বেস প্যানেলে ফলকগুলির মধ্যে উল্লেখ্য হলো কামান বন্দুক নিয়ে নৌযুদ্ধের দৃশ্য।সিংহ শিকারের ছবি ইত্যাদি।বেস প্যানেলের উপরে রয়েছে সৈন্যদের রুট মার্চ,সেকালের অভিজাতদের চিত্র।ওয়াল প্যানেলে দশাবতার ও দশমহাবিদ্যামূর্তি খোদিত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো কূর্মাবতার মৎস্যাবতার ইত্যাদি।কার্নিশ ফলকে রাবণের সীতাহরণ,জটায়ু কর্তৃক বাধাদান ।অন্যদিকে সূর্যের রথ আটকাচ্ছে হনুমান এমন সব পৌরাণিক দৃশ্যাবলী।মন্দিরে কৌণিক ভাস্কর্য বিশেষ প্রসংসার দাবী রাখে।গবেষকদের মতে কৌণিক ভাস্কর্য মূলত উলম্ব রেখায়  খোদিত শিবসেনা ও কালীসেনার যুদ্ধ দৃশ্যের সিরিজ।রথের দারু ভাস্কর্য থেকে এগুলি টেরাকোটার মন্দিরে অলংকরণ হিসাবে ব্যবহৃত হতে থাকে ।অনেকে  অলঙ্করণের বিশেষ মোটিফ পদ্মলতা বা পত্রলতার সাদৃশ্যে একে মৃত্যুলতা বলেছেন।


সিংহদের পরিত্যক্ত শৈব মন্দির
    ইটান্ডার বাজার পাড়ায় রয়েছে গন্ধবণিকদের বিখ্যাত তিনটি মন্দির।দক্ষিণমুখো রেখদেউল।মন্দিরের প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় প্রতিষ্ঠাতা গদাধর পাইন।১৮১৫ খ্রিষ্টাব্দে বা বাংলা ১২২২ সালে মন্দিরটি স্থাপিত হয়।গর্ভগৃহে রয়েছে  তিনফুট উচ্চতা বিশিষ্ট কালো রঙের শিবলিঙ্গ।পাইনরা তাঁতি সম্প্রদায়ের। বস্ত্র ব্যবসা করে ধনী হয়ে উঠেছিলেন।মন্দিরে প্রাত্যহিক শিবের পুজো ছাড়াও শিবের গাজনে বেশ ধূমধাম হয়।১৯৪৪ সালে মন্দিরটি সংস্কার করা হয়েছিল।সংস্কার করেছিলেন সুভাষচন্দ্র পাইন। মন্দিরে টেরাকোটা প্যানেলের মধ্যে উল্লেখযোগ্য হলো বিষ্ণুর দশাবতার ফলক ।এছাড়া আর্চ প্যানেলে রাধাকৃষ্ণের রাসনৃত্য খোদিত হয়েছে।



বামন আবতার
দ্বিতীয় মন্দির পঞ্চরত্ন শৈবমন্দির।প্রায় চল্লিশ ফুট উচ্চ।এই মন্দিরটির প্রতিষ্ঠাতা একসময়ের ইটান্ডার বিখ্যাত বণিক রাসানন্দ সাধু।ইনি কাঁসা পিতলের ব্যবসাদার ছিলেন।মন্দির প্রতিষ্ঠাকাল ১২৩৫ সাল।অর্থাৎ ইংরেজি ১৮২৮ খ্রিষ্টাব্দ।সাধুদের বর্তমান প্রজন্মের সঙ্গে কথা বলে জানা গেল রাসানন্দের পিতা গোপাল।পিতামহ কাশীরাম।রাসানন্দের পুত্রের নাম হরিচরণ।তস্য পুত্র রামচরণ।এই মন্দিরের টেরাকোটা অলংকরণ অতীব দৃষ্টিনন্দন।ত্রিস্তরীয় আর্চ প্যানেলে রামচন্দ্রের সভাদৃশ্য খোদিত হয়েছে ।দশাবতারের বেশকিছু ফলক রয়েছে।এছারা সাই্ড প্যানেলে শাড়িপরিহিতা কালী ,ষড়ভুজ গৌরাঙ্গ,শিশু কৃষ্ণকে নিয়ে পুতনা ,কীর্তিমুখ প্রভৃতি ফলক ।মন্দিরের বর্তমান অবস্থা আদৌ ভালো নয়।সংস্কারের আশু প্রয়োজন।অবিলম্বে পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক অধিগ্রহণ করা উচিৎ।

                              সাধু পরিবারের আর একটি মন্দির দেখার মতো।বিষ্ণু বা শ্রীধর মন্দির।শোনা যায় রাসানন্দের কন্যা বা বিধবা ভগ্নি নাকি এই মন্দিরটি স্থাপনা করেছিলেন।তিনি  একবার বৃদাবন গিয়েছিলেন।সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ইটান্ডায় এসে সর্বস্ব খরচ করে এই দ্বিতল মন্দিরটি তৈরি করেন।দেখে মনে হবে কোন জমিদার বাড়ি।দ্বিতলে শ্রীধরের গর্ভগৃহ।অলংকৃত দেওয়াল,প্রতিটি স্থানই পঙ্খ ও স্টাকোর কাছে সমৃদ্ধ।ভূমিকম্পের ফলে মন্দিরটির বিরাট ক্ষতি হয়ে গেছে।দোতালায় উঠতে গেলে ভয় লাগে।মনে হয় যেকোন সময় যেন গোটা মন্দিরটি ভেঙে পড়বে।শ্রীধরের দোল উপলক্ষে দোল উৎসব হয়।গ্রামের সর্দারপাড়ার মোড়ে একটি আটচালা শৈব মন্দির রয়েছে।সিংহ দের জমিদারবাড়ির মতোই তাদের শিবের চালা মন্দিরটির অবস্থা বড়ো করুণ।একরকম ভেঙে পড়েছে বললেই চলে। এ বিষয়ে শুধু গ্রামবাসীদের উদাসীনতাকেই দায়ি করা যায় না;অজয়নদির বন্যার ফলে পুরাকীর্তি ধ্বংস হয়ে যাচ্ছে।বর্তমানে ইটান্ডার মুখ্য উৎসব ধর্মরাজ পুজো।আষাঢ় পুর্ণিমায় অনুষ্ঠিত হয়।সেবাইত গ্রামের মাল সম্প্রদায়।

রামায়ণ ফলক
      ইটান্ডা শুধু মন্দির পুরাকীর্তির গ্রাম নয়;বর্গিহাঙ্গামার সঙ্গে জড়িয়ে এর নাম।১৭৪২  থেকে ১৭৫১ সাল।এক দশকেই চার বার মারাঠা লুঠেরা বর্গিরা বাংলাদেশ আক্রমণ করে ছারখার করে দিয়েছিল। লুঠ-পাট,নারী ধর্ষণ,হত্যা-প্রতিহত্যায় কায়েম হয়েছিল সন্ত্রাস বিভীষিকা।অসংখ্য লোক বর্গিহাঙ্গামার শিকার ।দলে দলে মানুষ গ্রাম ছেড়েছিল একটু বাঁচার আশায়।বীরভূমের কেঁদুয়া ডাঙায় সুপুরের কোর্টের ডাঙায় এরা ঘাঁটি গেড়েছিল।ইটান্ডাতেও বর্গিহাঙ্গামা হয়েছিল।সেই সময়ে ইটান্ডার জমিদার ছিলেন পাঠান জোড়াল খাঁ।তিনি বর্গিহাঙ্গামার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।সাধারণ মানুষকে একত্রিত করে গণ আন্দোলনের সূচনা করেছিলেন।


   ইটান্ডার বাজারপাড়া পেরিয়ে খানিকটা গেলেই মুসলিম জনবসতি--গড়পাড়া।দক্ষিণ দিকে কিছুটা দূরেই বয়ে চলেছে অজয় নদি।এখানেই ছিল জমিদার জোড়ালখাঁয়ের গড়বাটি।এখন পুরোপুরি জঙ্গল।বাঁশ বন।বুজে যাওয়া গড়খাত।শোনা যায় জোড়াল খাঁয়ের গড়বাটিতে বড়ো বড়ো চারটে গেট ছিল।ভিতরে ছিল মসজিদ।এখনো মসজিদের ধ্বংশাবশেষ দেখা যায়।মসজিদের পাশে বালা শহিদের মাজার।পূর্বে মাঘ মাসের শেষে উরস পালিত হতো।এখন নাম কা ওয়াস্তে হয়।কথিত আছে জোড়াল খাঁ'রা চিলেন সাত ভাই।রাজ খাঁ,বিজলি খাঁ,করাত খাঁ,গুমরো খাঁ,বাদল খাঁ প্রমুখ।জোড়াল খাঁ এক হিন্দুর ছেলেকে মানুষ করেছিলেন।সেও অসাধারণ বলশালী ছিল।একবারে ষোল সের দুধ পান করতে পারতো।এরাই সমবেত ভাবে বর্গিহানার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। অস্ত্র বলতে বড়ো বড়ো মাটির বাঁটুল।গুলতির সাহায্যে সজোরে নিক্ষেপ করে শত্রু পক্ষকে ঘায়েল করত।


  বর্গিরা ইটান্ডার বাজার লুঠ করতে এলে গ্রামবাসীরা জোড়াল খানের গড় বাটিতে এসে আশ্রয় নিত।গ্রামের ঘর বাড়ি লুঠ করলেও বর্গিরা  খালি হাতে ফিরে যেতে বাধ্য হতো।এইভাবে পর পর তিনবার ইটান্ডা লুঠ হলে জোড়াল খাঁ তার ভাইদের সঙ্গে যুক্তি করে সামনা সামনি যুদ্ধ করার প্রস্তুতি শুরু করলো।তাঁর জমিদারির নিম্ন বর্গের জোয়ান ছেলেদের তালিম দিলেন-- লাঠি চালানোয় অস্ত্র ধারণে।এবার বর্গিরা আসতেই জোড়াল খাঁ'য়ের নেতৃত্বে ইটান্ডাবাসীরা ঝাঁপিয়ে পড়লো বর্গিদের উপর।তারা পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল। জয় হয়েছিল মানুষের সঙ্ঘ শক্তির ,গণ অভ্যুত্থানের।ইটান্ডা হয়ে উঠেছিল গণ অভ্যুত্থানের এক দুর্জয় ঘাঁটি।

জয় মানুষের জয়!!!!!!!!!!!!!!!!!!!



দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় পত্রিকা সংবাদে প্রকাশিত

                    

Friday, June 10, 2016

JAMAISASTIR SATKAHON

জামাইষষ্ঠীর সাতকাহন


                                            জামাইষষ্ঠীরপুজো


রাঢ় অঞ্চলের কোন প্রাচীন গ্রামে এসেছেন আর ষষ্ঠীতলা বা ষষ্ঠীর ডাঙায় একবার যাবেন না --তা কি কখনও হয়? ষষ্ঠীতলা মানেই আদ্দি কালের পাকুড় লাকুড় গাছ।ঝাঁকুমাকু বট বিরিক্ষিতলা।গোল করে বাঁধানো বেদী।ওখানেই অবহেলায় অনাদরে পড়ে আছে কোন এক বিস্মৃত যুগের দেব দেবীর ভাঙা চোরা দেহ।কাটা হাত পা।ক্ষত বিক্ষত নাক-মুখ।তাতে আবার কয়েক প্রস্থ সিঁদূরের প্রলেপ।বুঝতেই পারছেন--এরাই ষষ্ঠী জ্ঞানে বা্রো মাস ফুল জল পাচ্ছেন। ঠিকই ধরেছেন এ হলো গিয়ে গ্রামের পুরা সম্পদের মিউজিয়াম!

 একটু এগিয়ে চলুন।এই পুকুরটার নাম ষাট পুকুর।মানে ষষ্ঠীর পুকুর।পুকুরপাড়ের বসতির মধ্যে চন্ডী,দুর্গা,কার্তিক,গণষার সঙ্গে কয়েকজন ষষ্ঠিচরণেরও সাক্ষাৎ পেয়ে যাবেন।এদিকে বাচ্ছা ছেলে বিসম খেয়েছে।মা  বলছেন বালাই ষাট!! ওদিকে পাশের বাড়িতে শুরু হয়েছে দু'পক্ষের গন্ডোগোল।গর্জানি আর শাসানি।...'আয় শালারা!তোদেরষষ্ঠী পুজো করে দি দ্যাখ!

-------চমকে ওঠার পালা!
গ্রামের ষষ্ঠীতলা

 এবার নিশ্চয় বুঝতে পে্রেছেন--ষষ্ঠী এমনি এক দেবী; গ্রামজীবনের সঙ্গে যেন অর্ধনারীশ্বরের দড়িতে বাঁধা। ষষ্ঠী শব্দটি এসেছে ষষ্ঠ মানে ছয় থেকে।এক অদ্ভুত দেবী। যার শরীর জুড়ে একখান অংক।তাও সাত হলে না হয় বুঝতাম।সপ্তর্ষি,সপ্তনদি,সপ্তপদী,সপ্তমাতৃকা --এ সবেরতো ঘোরালো তত্ত্ব কথা আছে।প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে  দেবীর আরাধনা। এইটুকু শুধু মিল।অবিশ্যি দেবী শুধু একাই যে ছক্কা মারেন তা নয়।ষষ্ঠীর বর ষড়ানন মানে ছ'মুখো কার্তিক। দেবসেনাপতির সঙ্গে দেবসেনা ।জোড়ি নম্বর এক।পরিচিতি মিলছে ব্রহ্মবৈবর্ত পুরাণে।দেবী ভাগবতে।ব্রহ্মবৈবর্ত পুরাণে দেবীর ভক্ত আবার যে সে লোক নন;রাজা প্রিয়ব্রত। তিনি ষষ্ঠী পুজো করে মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন।আর সেই থেকেই নাকি হিন্দু সমাজে প্রতি মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠীপুজো প্রচলিত হয়েছে।

কোন সন্দেহ নেই,দেবী ষষ্ঠী সন্তান দায়িনী।সন্তান পালিনী দেবী।আবার শুধু পৌরাণিক দেবী নন;মান্ধাতার আমলের লোকদেবী।আরও প্রাচীন;ব্রতের দেবী।পরে আমরা এ বিষয়ে বিস্তৃত আলোচনায় আসবো।আপাতত জানিয়ে রাখি প্রত্নযুগের এই দেবীকে পৌরাণিক রূপ-সাগরে স্নান করিয়ে নতুন রূপে উপস্থাপিত করা হয়েছে। দেবী দুর্গার সঙ্গে একীভূত করা হয়েছে।মহাষষ্ঠীর সকালেই তো দেবী দুর্গার সংকল্প।
ষষ্ঠী পুতুল

দেশি বিদেশি পন্ডিতেরা দাবি করেছেন হিন্দু ধর্মের বারোয়ানাই অ-বৈদিক কালচার থেকে গৃহীত।পুজোপাঠ,ভূত-প্রেতে বিশ্বাস,পূর্বপুরুষপুজো,পরজন্মে বিশ্বাস,আত্মা এ সব ধারণাগুলি এসেছে অস্ট্রিক-দ্রাবিড় ইত্যাদি মিশ্র সংস্কৃতি থেকে।ষষ্ঠীও একইভাবে ছাড়পত্র পেয়েছে।প্রখ্যাত লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্য মনে করেছেন সুদূর প্রাচীন কাল থেকেই সমাজে শিশুরক্ষক দেবীর অস্তিত্ব ছিল।হরপ্পা সভ্যতায় কতকগুলি ক্ষুদ্রাকৃতি মাতৃমূর্তি পাওয়া গেছে।এই দেবীরা ছিলেন মূলত গৃহদেবী।অন্যদিকে নবজাত শিশুর রক্ষয়িত্রী।পরবর্তীকালে এই সমস্ত মাতৃকামূর্তি থেকেই ষষ্ঠীর উদ্ভব।তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ষষ্ঠী্র মূর্তি বিশেষ একটা মেলেনি।কবি কৃষ্ণরাম দাসের ষষ্ঠী্মঙ্গলকাব্যের  ভূমিকা লিখতে গিয়ে ড.সত্যনারায়ণ ভট্টাচার্য জানিয়েছেন --উড়িষ্যায় বালেশ্বর জেলা থেকে একটি ষষ্ঠী মূর্তি মিলেছে।দেবীর কোলে শিশুসন্তান।বাঁকুড়ার পাঁচমুড়ো কিম্বা সোনামুখিতে স্থানীয় কুম্ভকারেরা এক ধরণের মাটির পুতুল তৈরী করেন।নাম ষষ্ঠীপুতুল বা যো পুতুল।এগুলি ষষ্ঠীতলায় মানত হিসাবে দেওয়া হয়।পুতুলগুলি স্রেফ আঙুল টিপে তৈরি। ষষ্ঠীর কোলে এক বা দুই কিম্বা দশের অধিক শিশু থাকে।কালো বা লাল দু'রঙেরই হয়।চোখে মুখে গড়নে প্রত্ন পুতুলের মায়াবি বিন্যাস।আদিমতার ছাপ।সুতরাং ষষ্ঠীর উপস্থিতি সেই সুপ্রাচীনকালেই।আজও যার অস্তিত্ব টিকে আছে বাংলার বিলীয়মান পুতুল শিল্পে।

পৌরাণিক দেবী হিসাবে ষষ্ঠী -দুর্গা,লক্ষ্মী,সরস্বতীর মতোই ।কোন পার্থক্য নেই।তাঁর সম্পর্কে ধ্যানমন্ত্রগুলির সার কথা হল-গৌরবর্ণা দ্বিভূজা দেবী।উত্তম বসন ও অলঙ্কার পরিহিতা। চন্দ্রাননা ও কৃষ্ণমার্জার বাহনা।পীনোন্নত পয়োধরা।কোলে একাধিক শিশুপুত্র।অনেকের মতে দেবীর বিড়াল বাহনার মূলে রয়েছে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ।কেননা বিড়াল বাঘ না হলেও বাঘের মাসি বলে সুপরিচিত।স্বামী নির্মলানন্দ তাঁর 'দেব-দেবী ও তাদের বাহন'গ্রন্থে লিখেছেন যে বিড়াল হলো প্রজনন শক্তির প্রতীক।আর বিড়ালির দুগ্ধ নাকি স্ত্রীরোগের আরোগ্যলাভের অন্যতম মেডিসিন।এমন প্রাচীন লোকবিশ্বাসের সূত্র ধরেই নাকি ষষ্ঠীর বাহন বিড়াল।


এই সেই কালোবিড়াল



অনেকেই আবার বৌদ্ধ হারিতীর সঙ্গে ষষ্ঠীকে একাকার করে দিয়েছেন।কিন্তু হারিতী বড়ো ভয়ংকরী শিশু নিধনকারী যক্ষিণী। তাকে পুজো না করলে রেহাই নেই।যাকে বলে ভয়ে ভক্তি -তাই আদায় করে হারিতী।আর ষষ্ঠী হলেন শিশু রক্ষয়িত্রী।কল্যাণকারী মাতৃমূর্তি।শিশুকে যদি কেউ আঘাত করে ,অপমান করে তাতেই তিনি ভয়ংকর রেগে উঠবেন।জৈনধর্মের শিশুরক্ষক দেবী নৈগমেসার সঙ্গে অদ্ভুত মিল রয়েছে ষষ্ঠীর।ইনিও শিশুর কল্যাণকারী দেবী।
ব্রতের দেবী হিসাবে ষষ্ঠী আরও আরও পুরানো। এই দেবী এসেছে আমাদের আদিমাতৃতান্ত্রিক  সমাজ থেকে।এই কারণে ষষ্ঠীকে বুড়ি বলা হয়।কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী তাঁর চন্ডীমঙ্গল কাব্যে ষষ্ঠী সম্পর্কে লিখেছেন...।

                                            দুয়ারে বান্ধিল জাল বেত্র উপনাদে।
                                            ফেড়িয়া চালের খড় জ্বালিল আঁতুরি।
                                           গো-মুন্ডে থুইয়া দ্বার পূজে ষষ্ঠী বুড়ি।।

পশ্চিমরাঢ় অঞ্চল প্রাচীন জনবসতির অন্যতম কেন্দ্র।এখনো সেখানে বুড়ি নামাঙ্কিত সুপ্রাচীন লোকদেবীর পুজো হয়।যেমন খুনিয়াবুড়ি,মেলা বুড়ি,ভাঁড়রা বুড়ি।আর আশানসোলের জাগ্রতা ঘাঘরবুড়ির নাম আশাকরি অনেকেই শুনেছেন।
এবার আসি ব্রত কথায়।ব্রত-এমন এক ধরণের মেয়েলি আচার-কৃত্য,পুজো অনুষ্ঠান যা নির্দিষ্ট তিথি মেনে পালিত হয়।এই পুজো মূলত প্রজনন শক্তির।গুহ্য যাদু শক্তির।সব ধরণের বিপদ আপদ থেকে মুক্ত হবার জন্য পুজো।এছাড়া সাংসারিক সুখ স্বাছন্দ্য কামনাতো আছেই । আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।পরিণত বয়সে স্বামীর কোলে মাথা রেখে স্বর্গ লাভের দুর্মদ বাসনা।
আশানশোলের ঘাঘর বুড়ি


ব্রত আর ব্রাত্য শব্দদু'টি বৈদিক সাহিত্যের শেষ পর্যায়ে রয়েছে।মেয়েলি এই ব্রতের সঙ্গে বৈদিক বা পৌরাণিক ধর্মের কোন মিল নেই।পন্ডিতেরা অনুমান করেছেন অনার্য মহিলাদের ধর্মীয় সংস্কৃতি ব্রতের মধ্যেই টিকে আছে।আর্যরা  এই ধর্মটিকে বিশেষ পাত্তা দিতেন না।হয়তো আর্য সমাজের একাংশ বা অনার্যরা এই ব্রতধর্ম পালন করতো বলে তাদেরকে ব্রাত্য বলা হতো।ঐতিহাসিক নীহাররঞ্জন রায় মন্তব্য করেছেন--"ঋগবেদীয় আর্যরা ছিলেন  যজ্ঞধর্মী।যজ্ঞধর্মী আর্যদের বাহিরে যাহারা ব্রতধর্ম পালন করিতেন ,ব্রতের গুহ্য যাদু শক্তি বা ম্যাজিকে বিশ্বাস করিতেন তাহারাই হয়তো ছিলেন ব্রাত্য"
।
  রাঢ়াঞ্চলের এক শক্তিশালী ব্রতের দেবী ষষ্ঠী।বটতলাই হলো ষষ্ঠীর আটন।এই কারণে তাঁকে বটবিটপবিলাসী বলা হয়েছে।বর্ণহিন্দু নবশাখ গোষ্ঠীর মহিলারা ষষ্ঠীর ব্রত করলেও তথাকথিত অন্ত্যজ সম্প্রদায়ের রমণীরা শুধুমাত্র অরণ্য ও শীতলা ষষ্ঠী ব্রত পালন করেন।তবে সন্তান প্রসব করার ছয় দিন পরে ষেটেরা বা ষষ্ঠীপুজো গ্রামাঞ্চলের হিন্দুমাত্রই পালন করে থাকেন।মধ্যযুগীয় বাংলাকাব্যে শিশুজন্মের পর ষেটেরা ,আটকলাই, নর্তা, একতির্সা প্রভৃতি উৎসব পালন করার বিস্তৃত বর্ণনা রয়েছে।শিশু জন্মের ছয় দিনের মাথায় গো-ভাগার থেকে গো-মুন্ড নিয়ে এসে আঁতুরঘরের দরজায় পোঁতা হতো।এখন আর লোকাচারটি পালিত না হলেও এই দিনে প্রথম মায়ে-ছা'য়ে স্নান করার বিধি আছে।

 বারো মাসেই ষষ্ঠীব্রত পালন করার বিধি।যেমন বৈশাখমাসে ধূলাষষ্ঠী।জষ্ঠিতে অরণ্য।আষাঢ়ে কোড়া।শ্রাবণে নোটন,ভাদ্রে মন্থন বা চাপড়া।আশ্বিনে দুর্গা ষষ্ঠী।কার্তিকে গোটা,অঘ্রানে মূলা,পৌষে পাটাই। মাঘমাসে শীতলা ।ফাল্গুনে অশোক আর চৈত্রে নীলষষ্ঠী। অরণ্যষষ্ঠীর পুজোর উপকরণে বিস্মৃত যুগের উপাচার।সাতটি সতেজ বাঁশপাতা,গোটা ফল ৫-৭ টি।তালেরপাখা একটি।একগুচ্ছ দূর্বাঘাস।দই-হলুদ-তেল।ষষ্ঠীর ডোর বা সুতো।।যে সব মহিলাদের কন্যাসন্তান হয়েছে ও প্রথম ষষ্ঠী ব্রত পালন করবেন --তাদের লাগবে সাতটি ডালি।তাতে সাতটি গোটা ফল ও সাতটি তালের পাখা।আর পুত্রসন্তান হলে লাগবে ৯টি পাখা ও ডালি।পুজোর পর ঐ ডালিগুলি বাচ্ছাদের মধ্যে বিতরণ করতে হবে।দই তেল হলুদের যাদু ফোঁটা দেবেন মা তাদের সন্তানের  ও জামাতার কপালে।কেউ অনুপস্থিত থাকলে তার উদ্দেশে প্রতীকী ফোঁটা পড়বে বাড়ির বড়ঘরের দরজার বাজুর উপরে।এই পুজো যে প্রজননের ও সতেজ জীবনের কামনায় তা বোঝা যায় পুজোর উপকরণ দেখে।তবে তালপাখার বিষয়ে অন্য কাহানি আছে।

  ষষ্ঠী আসলে আদিতে বনদেবী ছিলেন।অরণ্যের আধিষ্ঠাত্রী ।জষ্ঠি মাসের তাপ দগ্ধ দহনে পুড়ে খাক মাঠ-ঘাট বন-বাদাড়।মেয়েরা বৃষ্টি কামনায় , উত্তম ফসল প্রাপ্তির আশায় বনে গিয়ে গান গেয়ে আর পুজো দিয়ে বনদেবীকে সন্তুষ্ট করতো।যাতে নেমে আসে বৃষ্টি।নারী আর কৃষি যখন সমার্থক হয়ে উঠলো তখন থেকেই অরণ্যের দেবী হয়ে উঠলেন প্রজননের দেবী।নারীর ফসল অর্থাৎ সন্তান রক্ষয়িত্রী।রাঢ় অঞ্চলে তাই শুধু মায়েরাই ষষ্ঠীর ব্রত করেন না --কৃষি জমির ও ষষ্ঠীপুজো হয় ।এর নাম গাবরষষ্ঠী।ভাদ্র সংক্রান্তিতে ধানের জমির এক কোনে এই গাবর ষষ্ঠীর পুজো আজও পালিত হয়।রঘুনন্দনের তিথিতত্ত্ব থেকে জানা যায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মহিলারা অরণ্যে গিয়ে পাখা হাতে বিন্দ্যবাসিনী স্কন্দ ষষ্ঠীর পুজো করতো।এ পুজো গ্রামের বা বাড়ির ভিতরে হতো না ,বনভূমি বা অরণ্যের মধ্যেই নিস্পন্ন হতো।এই কারণেই এর নাম অরণ্যষষ্ঠী।
মা ষষ্ঠী

   অরণ্যষষ্ঠী উপলক্ষ্যে বহুল প্রচলিত লোকগল্পটির মধ্যেও সেই অরণ্যের আবহ।নিটোল পশু প্রেমের গল্প বলতে যা বোঝায় ব্রতকথাটি তাই।গল্পের অন্যতম চরিত্র বেণেবাড়ির ছোট বউ।খাবার জিনিষে তার বড়ো লোভ।খুবই নোলা আর খাই খাই বাই।ষষ্ঠী পুজোর আয়োজন চলছে ।নানা লোভনীয় ফল-মূল মিস্টি ইত্যাদি।লোভ আর সংবরণ করতে পারলে না ছোট বউ।ফাঁকা নির্জন দেখেই কয়েকটা মন্ডা মেঠাই টপাটপ মুখে পুরে নিল।আর দোষ চাপিয়ে দিল ঐ নিশকেলে বিড়ালটার উপর।বিড়াল গেল বেজায় চটে।সে তো যে সে বিড়াল নয়।মা ষষ্ঠীর বাহন।অতএব সেও ফন্দি আঁটতে লাগলো।ছোট বউ সন্তান প্রসব করেই একটু খানি ঘুমুতেই বিড়াল ছেলে মুখে করে বনে দিল চম্পট।এমনি করে সাত ছেলে গেল হারিয়ে।ছোট বউ তখন হাহাকার করে বনে বনে বেড়াতে লাগলো।মা ষষ্ঠীর বড়ো দয়া হলো।বামনির বেশ ধরে এসে বউকে জিজ্ঞেস করে জানলো সব কথা।বিড়ালের উপর দোষ চাপিয়ে সে ঠিক করে নি তাও জানালে।নিজের পরিচয় দিয়ে পুজো করার পরামর্শ দিলে বনের মধ্যে। চালু হয়ে গেল ষষ্ঠীপুজো।সুতরাং বোঝাই যায় গোটা কাহিনির প্রেক্ষিত রচনাকরেছে বনভূমি আর বনের পশু।তাই কোন সন্দেহ থাকে না ষষ্ঠীর বুনো চরিত্র নিয়ে। 

  এবার তাহলে লাখ টাকার প্রশ্নটি ---এই বনদেবীর পুজোয় জামাইবাবু এল কি করে?একটা কথা বলে নি অরণ্যষষ্ঠীতে কুমারী মেয়ের কোন ভূমিকা নেই।অনেকেই বলেছেন কন্যার সন্তান লাভের আশায় শাশুড়ি মায়ের এই জামাতা সংবর্ধনা। একসময় শশুড়বাড়িতে অধিকাংশ বউ'র কপালে জুটতো লাঞ্ছনা গঞ্জনা।তার উপর যদি বউ'র বাচ্ছা কাচ্ছা না হতো অত্যাচারের মাত্রাটি কোথায় গিয়ে পৌঁছাত সহজেই অনুমান করা যায়।এই কারনেই জামাইকে তোয়াজ করার বিষয়টি এসে পড়ে।তাছাড়া শশুড় শাশুড়ির কাছে জামাতাও পুত্র।সারা বছরে ষষ্ঠী পুজোয় নিজের সন্তানদের মঙ্গল কামনাই হয়ে ওঠে মুখ্য। বেচারা জামাই থাকে বাইরে।তাই শুধু মাত্র অরণ্যষষ্ঠীতেই জামাইদের এই স্পেশাল খাতির।কোন কোন গবেষক আবার মনে করেন জষ্ঠিমাসের কৃষ্ণপক্ষের  সাবিত্রী চতুর্দশী তিথিতে স্ত্রীরা স্বামীদের দীর্ঘজীবন কামনা করে যমের আরাধনা করতেন। এই লোকাচারটির সূত্র ধরেই কলকাতার বাবু সংস্কৃতিতে নাকি জামাই ষষ্ঠীর অনুপ্রবেশ।বাল্যবিবাহ--সতীদাহ ইত্যাদি ঘটনার অনুষঙ্গ ধরেই হয়তো  এক সময় খুব স্বাভাবিক ভাবেই শাশুড়িমাতা জামাইবাবাজীবনের দীর্ঘজীবন কামনা করতেন।সেই থেকেই অরণ্যষষ্ঠীতে জামাইবাবাজিরা ঢুকে পড়েছেন।

   এখন জামাইষষ্ঠী মানেই খাদ্যের উৎসব।আম-জাম-লিচু-কাঁঠালের ফলার।ইলিশ-পাবদা-তিংরি-মিংরি গলদা চিংড়ির লোভনীয় রেসেপি।খাসি-পাঁঠা মুরগির মাংসের রকমারি বাংরেজিপদাবলী।লুচি মিস্টি পরোটা পুরির পুরোপুরি নাস্তা।তত্ত্ব-তালাস।উপহার বিনিময়।গ্রামে গ্রামে যাত্রাভিনয়-কবিগান।শহরে শালাশালিদের নিয়ে জামাইবাবুর সিনেমা দেখার রসপূর্ণ চিত্রনাট্য।আমাদের প্রথম  সবাক চলচিত্রটির নাম জামাইষষ্ঠী।কে জানে এটা কাকতালিয় কিনা!

এখনও প্রতিবছরই দেখি এই বিশেষ দিনটিতে দিগন্ত ঘেঁষা বটতলায় সকালের দিকে মেয়েলি জটলা......বাঁশপাতা গোটাফল আর তালপাতার পাখার কোলাজ.........ব্রতকথা পাঠের সুরেলা কোরাস..
....
শুনতে শুনতে মনের পর্দায় ভেসে ওঠে কোন এক বিস্মৃত যুগের কয়েকটা ঝাপসা চিত্রমুহূর্ত।সেই গহন বনে দহন বেলায় বনদেবীর আরাধনা...কালো বেড়ালের চকিত রূপ.........সেই  সন্তান হারানো পুত্রবধূটির করুণ বিলাপ...ম্যাজিক সুত্রবন্ধনীর মায়াবি বিশ্বাস....হঠাৎ তাল কেটে যায় শাশুড়িমায়ের ডাকে;এসো বাবা ষষ্ঠীর ফোঁটা নিয়ে যাও।বাস্তবে ফিরে আসি। চেয়ে দেখি--পুজোর থালাহাতে গিন্নি!

আজ যে জামাইষষ্ঠী!!
 
জামাইবাবু জিন্দাবাদ
ছবিঃ নেট ও নিজস্ব




Friday, May 27, 2016

SUTOY BONA NARIR VUBAN

                     

                           সুতোয় বোনা নারীর ভুবন

 

 



 পল্লির মহিলা-মহল।নিঝুম দুপুর বেলা আর মিস্টি মিস্টি সাঁজবেলাগুলো একসময় ভরে উঠতো বউ-ঝিদের সূত্রশিল্প সাধনায়।  গ্রামে গ্রামে তখন  বিজলি বাতি জ্বলে ওঠেনি। আঁধার নামলেই  রাত-ঝিঁ ঝিঁ আর  মেঠোশিয়ালের  হুক্কাহুয়া ডাক।টিভি  তখন স্বপ্ন। কম্পিউটার মোবাইল ফোনতো আরও দুঃস্বপ্ন!!ঘর-কন্নার ফাঁকে ফাঁকে সূচসুতোর পেন দিয়ে সাদাকাপড়ের জমিতে ফুটিয়ে তুলতেন  টেরা বেঁকা ভাব-সম্প্রসারণ সদৃশ টুকরো টুকরো পদ্য।কয়েকটি শোনাই আপনাদের......
                                        (  ১) পিতার ঘরে পালিত হয়ে
                                                  পরের ঘরে যেতে হয়।
                                                    ধন্য বটে নারীর জীবন
                                                   পরকে আপন করতে হয়।।

                                               (২)  সতীর দেবতা পতি                           
                                                               জীবনের সার
                                                             পূজিতে এসেছি ভবে
                                                                     চরণ তাহার।।

                                           (৩)মাভৈঃ মাভৈঃ ডাকিছে দেবতা
                                                      সাবিত্রী তোমার কিসের ভয়?
                                                   আকাশ অবনী ডাকে প্রতিধ্বনি
                                                          সতী কি কখনো বিধবা হয়?

                                          (৪) সুখের ডালে বসি ডাকিছে পাখিরে
                                              ডাকিছ কি সেই পরম পিতারে?
                                           কি বলে ডাকিস বলে দে আমারে
                                                  ডেকে  দেখি যদি পাইরে।।

                                 আবার রসালো প্রেমের পদ্য অনায়াসে স্থান পেয়েছে.........

                                                    (৫)ভালোবাসার এমনি গুণ
                                                          পানের সঙ্গে যেমন চুন
                                                         বেশি হলে পোড়ে গাল                                                   
                                                              কম হলে লাগে ঝাল।।

উদাহরণ বাড়িয়ে লাভ নেই।দেবদেবির বন্দনা ছাড়াও পতি কেন্দ্রিক ছড়া,ভালোবাসার চুটকি ছড়া,সংসার বিষয়ক ছড়াই বেশি। লেখার পর সেগুলো বাঁধিয়ে-ছাঁদিয়ে মাটির দেওয়ালে শোভা পেত।পোশাকি নাম ছিল কার্পেট।কেউ বলতো দেওয়াল-আসন।শোনা যায় কনে দেখার সময় এগুলো ভারি কাজে লাগতো।বরপক্ষের পছন্দ হলে যাকে বলে স্পেশাল মার্কস পেতেন ভাবী বধূটি।

রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বরী দেবীর প্রিয়কবি ছিলেন বিহারীলাল।তিনি যখন ঠাকুরবাড়িতে যেতেন তাঁর বসার আসনটিতে কাদম্বরী বুনেছিলেন সারদামঙ্গলের সেই বিখ্যাত পঙতি......

                                     হে যোগেন্দ্র! যোগাসনে
                                            ঢুলু ঢুলু দু-নয়নে
                          বিভোর বিহ্বল মনে কাঁহারে ধেয়াও?

কাদম্বরীর অকাল প্রয়াণে ব্যথিত কবি লিখেছিলেন"সাধের আসন"।বিনিসুতোর বেদনায় গাঁথা সে লিপিমালা।আজ আর সেই শিল্পও নেই......নেই সেই মনন মানসিকতা ।খুব স্বাভাবিক।হয়তো এর মধ্যে কেউ আবিস্কার করতেই পারেন এক বিশেষ সময়ের বেদনাদীর্ণ নারি ভাবনার প্রকাশ।পতিকে ঘিরে সতী হয়ে ওঠার বাসনা কালান্তরের সকালে এগুলি বাসি জঞ্জাল বৈ তো কিছু নয়।কোন কোন মাটির বাড়িতে উই পোকায় ক্ষত বিক্ষত দু একটা নমুনা মা দিদিমার স্মৃতি বলে আটকে রেখেছেন কেউ কেউ।তবু  গ্রাম বাংলার দুপুর আছে...সন্ধ্যে আছে...।এখন সেখানে ঝংক্রিত হয়  বাংলাসিরিয়ালের মেকি সুর আর সস্তা সংলাপ!! এতেই বুঁদ  হয়ে থাকেন অধিকাংশ গ্রাম্য বউ-ঝিরা।

Monday, May 23, 2016

CHACHE DHALA TAMRO-MUDRA

                             
                                ছাঁচে ঢালা তাম্রমুদ্রা




মঙ্গলকোটের অন্যতম প্রত্নরত্ন সংগ্রাহক সেখ আসরাফ আলি।এখানকার বিভিন্ন প্রত্নস্থল থেকে তিনি বিবিধ পুরা দ্রব্য সংগ্রহ করেছেন। যেমন তাম্রাশ্মীয় যুগ থেকে ঐতিহাসিকযুগের নানা ধরনের কৌলাল অর্থাৎ মাটির জিনিষপত্র ,টেরাকোটা ফলক ,মাটির সিল. বিডস, হাতির দাঁত ও পাথরের নানা শৌখিন দ্রব্যাদি এবং মুদ্রা। এর মধ্যে উল্লেখযোগ্য  বেশ কিছু ছাঁচে ঢালা তাম্রমুদ্রা অর্থাৎ কপার কাস্ট কয়েন্স।আশরাফের সংগ্রহটি বেশ সমৃদ্ধ।বর্গাকার মুদ্রা ৬৭ টি।আয়তকার মুদ্রা ২২ টি এবং বিচিত্র আকৃতির ১৩টি।



ঐতিহাসিকেরা মনে করেন ছাঁচে ঢালা তাম্রমুদ্রা প্রধানত মৌর্য-শুঙ্গ-কুষাণ-গুপ্তযুগে চালু ছিল।এই মুদ্রাগুলিতে কোন লিপি নেই।নেই কোন রাজার নাম বা দেব দেবির প্রতিকৃতি।বরং তৎকালীন লোকজীবনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে ।মুদ্রাগুলিতে পড়েছে কৃষিভিত্তিক সমাজ জীবনের ছাপ।মুদ্রায় বেশকিছু জীব-জন্তুর প্রতিকৃতির ছাপ আছে।যেমন হাতি,ষাঁড়,ঘোড়া,সাপ উট ইত্যাদি।কিছু মদ্রায় রয়েছে তৎকালীন যুগে প্রচলিত ধর্মবিশ্বাসের ছাপ বা সাংকেতিক চিহ্ন।যেমন ক্রশ চিহ্ন,স্তূপ , স্বস্তিক চিহ্ন,যজ্ঞবেদী,রেলিং দেওয়া গাছ,বা বোধি বৃক্ষ ইত্যাদি।আরও নানা ধরনের দুর্বোধ্য সাংকেতিক চিহ্ন মুদ্রাগুলিতে দেখা যায়।এর সঙ্গে অদ্ভুত মিল রয়েছে গ্রামগঞ্জে ঘরের দরজায় বা মন্দিরে  আঁকা সাংকেতিক চিহ্নগুলির সঙ্গে ।বিশেষজ্ঞরা মনে করেন মুদ্রাগুলি মাটির ছাঁচে গলিত তামা ঢেলে বানানো হতো।আসরাফের সংগৃহীত মুদ্রাগুলির গড় ওজন ৩.৫৭ গ্রাম।পশ্চিমবঙ্গের নানা স্থান থেকে এই ধরনের মুদ্রা প্রচুর পাওয়া গেছে  যেমন চন্দ্রকেতুগড়,বোড়াল,পোখরানা ইত্র্যাদি,।

কাটোয়ার মঙ্গলকোট ছাড়াও কপারকাস্ট কয়েন মিলেছে কেতুগ্রামের আনখোনার মাঝিডাঙ্গা থেকে।
সাংকেতিক চিহ্নটা দেখুন

কৌলাল পত্রিকার সৌজন্যে

NATUNGRAMER PURATON DARU SHILPO

                           নতুনগ্রামের পুরাতন দারুশিল্প

মেলায় পুতুল বিক্রী করছেন বিখ্যাত শিল্পী জীবানন্দ ভাস্কর



হাওড়া-ব্যান্ডেল -কাটোয়া রেল শাখায় অগ্রদ্বীপ স্টেশন।এখানে নেমে  রাস্তা ক্রশ করে পাকা সরান ধরে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন নতুনগ্রামে।ভ্যানে বা রিক্সায় যেতে পারেন।আর পাঁচটা সাধারণ অজ পাড়াগাঁএর মতো হলেও অনেকেই জানেন ---নতুনগ্রামের খ্যাতি স্থানীয় ছুতোরদের তৈরি হরেক কিসিমের কাঠের পুতুলের জন্য।এর সূত্র ধরেই নতুনগ্রামের সূত্রধরদের নাম-ডাক,যা রাজ্যের সীমানা অতক্রম করে  লোকশিল্পের আন্তর্জাতিক অঙিনাকে করেছে স্পর্শ। সেই প্রাচীন লোকজ দারুশিল্প ও শিল্পীদের হাল হকিকতের সুলুক সন্ধান এই লেখায়............


                                                           এক

-'বিশ্বকর্মার ব্যাটা ' ছুতোররা রাঢ়-বাংলার এক প্রাচীন শিল্পী জাত।কাঠের তৈরী লাঙল,মই,গোরুর গাড়ি,পালকি-পালঙ্ক,নৌকো ইত্যাদি নির্মাণের পাশাপাশি তালের কাঁড়ি ,কাঠ-বাঁশ-কাবারি দিয়ে ঘরের" চাল ওঠানো" ছাঁটামো তৈরী ,দরজা -জানলা, ঠাকুরের সিংহা্‌সন,ঢাক-ঢোলের খোল তৈরির মতো প্রাত্যহিক প্রযুক্তিগুলি এদের হাতে যেন  কথা বলে ওঠে।ছুতোরগিন্নিরাও কোন অংশে  কম যান না!ধান থেকে চিঁড়ে চ্যাপটা করা কিম্বা চাল থেকে মুড়ি ভাজায় দক্ষ শিল্পী।কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন..
..

                                 
 ছুতোর নগর মাঝে /             চিঁড়ে কুটে মুড়ি ভাজে/                                                              কেহ করে চিত্র নির্মাণ।।




পুতুলে কাগজের পটি



এ তো গেল মুদ্রার এক পিঠ।অন্যদিকে দারু বিগ্রহ ,অলংকৃত কাষ্ঠদ্রব্য,দরজা জানলায় খোদাই চিত্র, চন্ডিমন্ডপ বা বাংলা বাড়ির ষড়দল-পরদল-কোনাচি-শুঁড়ো-ঠেকনো-খুঁটিতে নকশাবহুল অলংকররণসহ রথ, পুতুল নির্মাণে রাঢ়ীয় সূত্রধরদের সৃজনশীলতা --এককথায় লা-জবাব।কালের করাল গ্রাসে অনেক কিছুই  হারিয়ে গেছে।তবু যে টুকু টিকে আছে তা গর্ব করার মতো।জানবার এবং জানাবার মতো। যেমন এই নতুনগাঁয়ের পুতুলশিল্প।গড়নে চিত্রণে অলংকরণে এবং সার্বিক আবেদনে মুগ্ধ হয়ে  সাধারণ মানুষই যখন স্বতোপ্রণোদিত হয়ে পুতুল কেনেন তখন শিল্পরসিক তো পরের কথা।কারণটা সহজেই অনুমেয়।এই শিল্পের পশ্চাতে রয়েছে এতদাঞ্চলের সূত্রধরদের বংশ পরম্পরায় সংশ্লিষ্ট বিষয়ে নিবিড় অনুশীলন  ও তাতে পেশাদারি দক্ষতা অর্জন।


রাঢ়ীয় সূত্রধরদের একটি বিশেষ থাক বর্ধমেন্যা।বৃহত্তর কাটোয়া মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে এরা বসবাস করেন।কাটোয়া পাটুলি দাঁইহাট করজগ্রাম শ্রীখন্ড হাটপাড়া কেতুগ্রাম মিত্রটিকুরী পিলসোয়াঁ প্রভৃতি প্রাচীন জনপদে পুরুষাণুক্রমে বসবাস করে আসছেন।কাঠের কাজের পাশাপাশি কেউ কেউ মৃৎশিল্পে সুনাম অর্জন করেছেন।বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ ও ক্ষেত্রসমীক্ষক তারাপদ সাঁতরা এতদাঞ্চলের বিখ্যাত সূত্রধরদের নাম-ধাম জ্ঞাপক একটি মূল্যবান লোকছড়া সংগ্রহ করেছিলেন।যাতে বলা হয়েছে....

                                                   বর্ধমান জেলা হয়গো ছেরান্দি।
                                                   সূত্রধর দশঘর পরমানন্দ।।
                                                   ঝামটপুরে রহেগো রামাইচন্দ্র।
                                                   পেনেরায় ঘর কুন্ডু গৌরাঙ্গ।।                                           
                                                   কোপার পাল হয় গঙ্গারাম।
                                                     কন্দর্পশীল হয়  কেতুগ্রাম।
                                                      তেঁতুলের পো নন্দ দত্ত।
                                                  বহরানের দে চৈতন্য খ্যাত ।
                                                    জেয়োপাড়ার সাগর কর।
                                                   এই মত ঘর সূত্রধর।।                           

(Brick   Temples of Bengal  Ed..Jerge Michell Ch: On  Architects and Builders ,Tarapada  Santra page 53-62)

শুধু পুতুল আর পুতুল



বিস্তারিত আলোচনা এখানে অপ্রাসঙ্গিক।শুধুমাত্র একটি তথ্য জানিয়ে রাখি।ক্ষেত্রসমীক্ষায় জানাযায় যে কেতুগ্রাম থানার কোপার গঙ্গারাম পালের লতায় পাতায় উত্তর পুরুষেরা এখনও নিকটবর্তী হাটপাড়া মিত্রটিকুরী গ্রামে বসবাস করছেন।এখানকার সূত্রধরেরা তৈরি করে আসছেন প্রাচীন ঐতিয্যবাহী কালকেপাতা মুখোশ। যা  রাঢ়-বাংলার অন্যতম লোকনৃত্য রাক্ষস নাচের মুখোশ বলে পরিচিতি পেয়েছে ।


দ্বিতীয়ত,রাঢ়ীয় সূত্রধরদের আর একটি অন্যতম থাক ভাস্কর।এরা কাঠের পাশাপাশি পাথর খোদাইএ দক্ষ।পাল-সেনযুগ  অথবা তার আগে থেকে  শুরু করে  উনিশ শতকের সমকালীন বৃহত্তর কাটোয়া মহকুমার বিভিন্ন স্থান থেকে যে সব প্রস্তর বিগ্রহ আবিস্কৃত হয়েছে তার সিংহভাগ যে স্থানীয় ভাস্করদের সৃষ্টি ,সন্দেহ নেই।কাটোয়ার গোকুল ভাস্কর কিম্বা দাঁইহাটের নবীন ভাস্করের নাম অনেকেই শুনেছেন।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো --নতুনগাঁয়ের কাষ্ঠশিল্পীদের অধিকাংশই দাবী করেন তাদের পূর্বপুরুষরা ছিলেন দাঁহাটের বিখ্যাত  ভাস্করগোষ্ঠীর অন্তর্ভুক্ত।সময়ান্তরে পাথরের কাজে আর তেমন চাহিদা না থাকায় তারা পরবর্তী কালে নতুনগাঁয়ে কাষ্ঠশিল্পকে অবলম্বন করতে বাধ্য হন।



গ্রামের কিশোরদের রন-পা পড়ে বিনোদন





কাজেই নতুনগ্রামের কাষ্ঠশিল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো বৈচিত্রের সঙ্গে সাবেকিয়ানা।ঐতিয্যের সঙ্গে মুন্সিয়ানা।তক্ষণের সঙ্গে চিত্রণের সুসম্পাদনা।নানা ধরনের খেলনা পুতুলসহ ভাস্কর্য সংস্কৃতির খোদাই ঐতিয্যকে যেমন সযত্নে লালন করে চলেছেন শিল্পীরা ,তেমনি যুগের প্রয়োজনে নিত্যনতুন পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।এর ফলে সৃষ্টি হচ্ছে বৈচিত্রময় নানা ধরনের পুতুল ও মডেল।কিন্তু নতুনগাঁয়ের পুতুলের যে আদি ও অকৃত্রিম বৈশিষ্ট্য যথা রঙের কাজ,তুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম টান এবং পটুয়াসুলভ টানা টানা চোখ...এর থেকে শিল্পীরা বিন্দুমাত্র বিচ্যুত হননি।


 

                                                      দুই
প্রবীণা শাশুড়ি এখনো পুতুল গড়েন


বরিষ্ঠ লোকগবেষক বিনয় ঘোষ ১৯৬৯ সালের ডিসেম্বর  মাসে নতুনগ্রামে এসেছিলেন।মূলত অল ইন্ডিয়া হ্যান্ডি ক্র্যাফটস বোর্ডের তাগিদে--দারুশিল্পীদের নিয়ে ক্ষেত্রসমীক্ষা করতে। সেই সময় তিনি ১৫-১৬ ঘর শিল্পী পরিবার লক্ষ করেছিলেন।অধ্যাপক ঘোষের প্রদত্ত বিবরণ থেকে জানা যায় -শিল্পীরা মূলত তখন লক্ষ্মী পেঁচা ও গৌরাঙ্গের মূর্তি তৈরি করতেন।কাঠ হিসাবে ব্যবহৃত হতো পিটুলি আমড়া শিমূল ও ছাতিম।স্থানীয় পুজোর সময় ,রাসের মেলায় এইসব কাঠের পুতুল বিক্রি হতো।শিল্পীদের আর্থিক অবস্থা ছিল শোচনীয়।শুধুমাত্র শম্ভুনাথ ভাস্কর রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার জন্য তাঁর মাসিক আয় ছিল গড়ে ২০০ টাকা।


অধ্যাপক ঘোষের এই সমীক্ষা প্রায় সাতচল্লিশ বছর আগেকার।স্বভাবতই গঙ্গা দিয়ে যেমন অনেক জল গড়িয়েছে ,তেমনি দারুশিল্পে এসেছে স্বাভাবিক পরিবর্তন,পরিমার্জন,বিয়োজন এবং সংযোজন।আমাদের ক্ষেত্রসমীক্ষা বছর তিনেক আগেকার।এখন প্রায় ৪০ ঘর পরিবারের দুইশতাধিক শিল্পী কাজ করছেন।শুধু সূত্রধরেরা নন,অন্যান্য জনজাতিও এই পেশায় এসেছেন।বিয়োজন হয়েছে রাম সীতা মহাদেবের মূর্তি।সংযোজন ঘটেছে বড়  বড় মডেলের কৃষাণ-কৃষাণি,সাঁওতাল দম্পতি।সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় হলো প্রায় পঞ্চাশ শতাংশ  মহিলা এই পে্ষার সঙ্গে জড়িয়ে পড়েছেন।
বর্তমানে তিন ধরণেরে কাজ হয় (১)পুতুল(২)কাঠখোদাই(৩)বিগ্রহ।তবে বিগ্রহ তৈরির ধারাটি প্রায় অবলুপ্তির পথে।নতুনগ্রামে বর্তমানে এই ধারার শেষ শিল্পী জীবানন্দ ভাস্কর।তিনি জানিয়েছেন যে দু ফুট লম্বা গৌরাঙ্গ মূর্তির জন্য চাই সিজন করা নিমকাঠের গুঁড়ি।সময় লাগে তিন মাস।বিক্রি হয় ছয় সাত হাজার টাকার মধ্যে।অর্ডার আর আসে না বললেই চলে।কিন্তু সাবেকি পুতুলের কাজ হয় বারোমাস।চাহিদার দিক থেকে প্রথমেই  ঊঠে আসে পেঁচা।তিন- চার -ছয় এবং দশ ইঞ্চি লম্বা পেঁচার চাহিদা সারা বাংলা জুড়ে।দুই রকমের পেঁচা তৈরি হয়,যথা ডানা ছাড়া এবং দুসাইডে সামান্য মাটি ধরিয়ে ডানাযুক্ত পেঁচা।লক্ষ্মীর প্রতীক পেঁচা।বছরে তিনবার এই লক্ষ্মীপেঁচার পুজো।ভাদ্র -পৌষ ও চৈত্র মাসে।সেই কারণে ত্রিবেণী খাগড়া দক্ষিণেশ্বর  কালিঘাট বড়বাজার প্রভৃতি অঞ্চল থেকে ক্রেতারা পাইকারি মূল্যে পেঁচাগুলি কিনে নিয়ে যান।কালিঘাটের পুতুল বলে যারা আত্মতৃপ্তি অনুভব করেন তাদের অবগতির জন্য জানাই এই পুতুলগুলির সঙ্গে কালিঘাটের যোগ একান্তই বাণিজ্যিক।ধর্মীয় স্থানে বিক্রীবাটা ভালো হতো বলে এতদ অঞ্চল থেকে অনেক শিল্পী কালিঘাটে নোঙর করেন।যেমন গিয়েছিলেন একসময় পটুয়ারা।সেই সূত্রেই কালিঘাটের পটের মতোই নতুনগাঁয়ের পুতুলের নামকরণ হয়েছিল--কালিঘাটের পুতুল ।
দারু বিগ্রহঃমহাপ্রভু ও সীতাদেবী


সাবেকি ঘরাণার দুই হাত তুলে সংকীর্তনরত গৌর নিতাই মূর্তির চাহিদাও তুঙ্গে।এগুলি আট থেকে দশ ইঞ্চির।গৌর- নিতাইর যুগল দারু বিগ্রহের উপাসনা এই অঞ্চল থেকেই ছড়িয়ে পড়ে বাংলা ও বহির্বাংলায়।অধিকাংশ মূর্তি তৈরি হতো এই অঞ্চলে।তারই ক্ষুদ্রতম সংস্করণ এই গৌর নিতাই পুতুল।বাংলার তৃণমূলস্তরেও বৈষ্ণবধর্ম যে কী গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল এই পুতুলগুলি তার প্রমাণ।১০-১২-১৫ ইঞ্চির  একক গৌরাঙ্গ মূর্তিও শিল্পীরা বানান।এই মূর্তির নাম নটরাজ বা গৌর-নাগরী ।ডান হাত উপরের দিকে  অভয়মুদ্রায়উত্থিত।বামহাত নাচের ভঙ্গিমায় কটিদেশে।এই মূর্তির প্রবর্তক ষোড়শ  শতাব্দির শ্রীখন্ডের প্রখ্যাত বৈষ্ণব সাধক কবি নরহরি সরকার।তিনি ষোড়শ শতকের শেষে তিনটি বড় গৌর নাগরী মূর্তি বানিয়ে বড়টি কাটোয়ায় প্রতিষ্ঠা করেছিলেন।আজও সেই গৌরাঙ্গ বিগ্রহ পূজিত হচ্ছে কাটোয়ায়।প্রসঙ্গত--বিষ্ণুপ্রিয়া সেবিত নবদ্বীপধামের ধামেশ্বর বিগ্রহটিও দাঁইহাটের সূত্রধরই নির্মাণ করেছিলেন।
গৌরাঙ্গ ছাড়াও গণেশ রাধাকৃষ্ণ(৮-১০ ইঞ্চি) তৈরি হয়।নতুনগাঁয়ের কাঠপুতুলের অন্য চরিত্র বউ পুতুল। ছোট্ট ছেলে-মেয়েরা বিশেষকরে মেয়েদের পুতুলখেলার অন্যতম উপকরণ ছিল বউপুতুল।কাঁচা হলুদ গায়ের রঙ।সবুজ শাড়ি কুঁচি করে পরা।সলজ্জ নববধূ।দিঘল টানা চোখে মায়াবি বিস্ময়।এই পুতুলের জনপ্রিয়তা ধরা পড়েছে বহুল প্রচলিত লোকসংগীতে...

                         
                                          ও দাদা পায়ে পড়ি রে
  
                                     
                                            মেলা থেকে বউ এনে দে 
                                                               খেলা করে রে...

বর্তমানে বউ পুতুলের জনপ্রিয়তা ক্রমহ্রাসমান।
নতুনগ্রামের খোদাই দারু দুর্গা
                          





খোদাইমূর্তির বিভিন্ন আকৃতির হয়।ছয় বাই আড়াই ফুট,চার বাই দুই ফুট মাপের আয়তকার সমতল পাটায় খোদাইর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় রাধাকৃষ্ণ,মহিষাসুরমর্দিনি দেবী দুর্গা কালি দশানন রাবণ রাম-রাবণের যুদ্ধ ইত্যাদি। গত কয়েক বছর ধরে কলকাতা ও শহরতলিতে থিমের পুজো চালু হওয়ায় বাংলার মৃতপ্রায় লোকশিল্পগুলি খানিকটা অক্সিজেন পেয়েছে ।ডোকরা,শঙ্খপ্রভৃতি লোকশিল্পগুলির মতো নতুনগ্রামের কাঠপুতুলগুলিও প্রাণ  ফিরে পেয়েছে।ফলে খোদাই মূর্তির পাশাপাশি ৩-৫ ফুট উচ্চতা বিশিষ্ট মডেল তৈরি হতে থাকে।এছাড়া তৈরি হচ্ছে নানা আধুনিক পুতুল যেমন রাজা রানি,চাষি-চাষি বউ,সাঁওতাল দম্পতি গো মানব,বিভিন্ন ধরণের মুখোশ ইত্যাদি।

          
এইতো সংসার
                                           তিন                       


এই পুতুল নির্মাণে ব্যবহৃত হয় বিভিন্ন ধরণের নরম কাঠ,যেমন আমড়া,সোনাঝুরি,পিটালি,গামার ইত্যাদি।স্থানীয় কাঠমিল থেকে কিনে আনা হয়।বর্তমানে প্রতি  কিউবিক সোনাঝুরি কাঠ ৪০০ টাকা,গামার ৫০০ টাকা।এই কাঠ খোদাইএর কাজে ব্যবহৃত হয় বেশি।এক কিউবিক সোনাঝুরি শিমূলকাঠে ৪০ টির মতো প্রমাণ সাইজের পুতুল বানানো যায়।কাঠ ভালো করে সিজন করে নিতে হবে।যন্ত্রপাতি যা লাগে তা হলো করাত কুরুল বাটালি বাসলে হাতুড়ি ইত্যাদি।গৌর-নিতাই পুতুলের ঊর্ধবাহু হাতদুটি পেরেক  ঠুঁকে এঁটে দিতে হয়।এই কাজ পুরুষ শিল্পীরাই করে থাকেন।এরপর মহিলা শিল্পীরা নারকেলের ছোবরা দিয়ে ভালো করে ঘষে নেন।হাত লাগায় বাড়ির ছেলে-মেয়েরাও।ঘষার পর গোবর মাটির হালকা প্রলেপ দেওয়া হয়।এরপর খবরের কাগজের পটি মারা হয় কাঁই আঁঠা মেশানো মাটির গোলা দিয়ে।খটখটে করে শুকিয়ে নিয়ে বোলানো হয় খড়িমাটি।শুরু হয় রঙের কাজ।এই শিল্পে রঙের চিত্রণ অতি গুরুত্বপূর্ণ।ব্যবহৃত হত হয়  এর জন্য নানা সাইজের তুলি।তুলির সূক্ষ্ম টানে  ফুটিয়ে তোলা হয় অর্ধেক বাঁশপাতার মতো চোখের ভ্রু।ঢুলুঢুলু দু নয়ন।কাপড়ের ভাঁজের সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখাচিত্রের বক্রতা।সাবলীল,স্বচ্ছন্দ,সহজ ঋজু ভঙ্গিমায় রেখা অঙ্কিত।এইদিক থেকে দেখলে বাংলার পটচিত্রের সঙ্গে এক অদ্ভুৎ সাদৃশ্য লক্ষ করাযায়।দু ধরনের রঙ এখনো প্রয়োগ করা হয়।জল রঙ ও তেল রঙ।জল রঙ শুকিয়ে নেওয়ার পর সাবু মাখিয়ে বার্নিশ বা ঘামতেল দিলে পুতুলগুলি চকচকিয়ে ওঠে।ইদানিং অবশ্য তেলরঙের চলই বেশি।



পুতুলের কাজ মেয়েরা করলেও খোদাইএর কাজ করেন শুধুমাত্র পুরুষেরা।কাঠের গুঁড়ি কিনে নিয়ে  সাইজ করে চিরিয়ে নেওয়া হয়।পাটা বানানোর পর বাটালি দিয়ে খোদাই করা হয়।অবশেষে গালা স্পিরিট এবং কাঠের ন্যাচারাল কালার মিশিয়ে পালিশ করা হয়।মোটামুটি সাড়ে ছয় বাই আড়াই ফুট আকৃতির কাঠ খোদাইএর জন্য লাগে পাঁচ থেকে ছয় কিউবিক গামার কাঠ।এক থেকে দেড় মাস পরিশ্রম করতে হয়।বিক্রি হয় ১৫-২০ হাজার টাকায়।খোদাইএর কাজ মূলত অর্ডার ভিত্তিক।এর কোন স্থানীয় মার্কেট নেই।অবশ্য রাজ্য হস্তশিল্প মেলায় এগুলি বিক্রি করার সুযোগ আছে।পুতুল বিক্রি হয় নবদ্বীপ শান্তিপুরের রাসমেলায়।শ্রীখন্ডের।মাটিয়ারি প্রভৃতি মেলায়।এছাড়া বাংলার বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা পুতুল কিনতে আসেন নতুনগ্রামে।


                       শিল্পীদের কাছ থেকে প্রাপ্ত পাইকারি বাজার দর(২০১২-১৩)
                        পেঁচা ৩ ইঞ্চি প্রতি ১০০ পিস.......................................৬০০ টাকা
                          পেঁচা ৪ ইঞ্চি প্রতি ১০০ পিস...............................১০০০ টাকা
                           গৌরাঙ্গ ৬ ইঞ্চি প্রতি ১০০ পিস.........................৭০০ টাকা
                            গৌরাঙ্গ ১০ ইঞ্চি প্রতি ১০০ পিস..............................১০০০ টাকা ।
                            গণেশ ৮ ইঞ্চি প্রতি পিস.....................................১৫টাকা।
                             রাধাকৃষ্ণ ১০ ইঞ্চি প্রতি পিস............................৩০ টাকা।
                      

     পেঁচারা  উঁকি মারছে
             
কৃষ্ণ ৮ ইঞ্চি প্রতি পিস.................................১৫ টাকা।
                                                       লাভ থাকে ২০ শতাংশ


                                                     চার




এবার শিল্পীদের কথা।আগেই বলেছি পুতুল শিল্পের অধিকাংশ কারিগর মহিলা।রাধারানি সূত্রধর, সাগরী সূত্রধ্‌র ছায়া সূত্রধর ,পুস্পবালা প্রমুখ শিল্পীদের বাপের বাড়ি ভিন গাঁয়ে।বিবাহসূত্রে নতুনগ্রামের বধূ।শাশুড়ি আর  ননদের কাছে দু বছরেই কাজ শিখে পেশাদারি দক্ষতা অর্জন করেছেন।খোদাই শিল্পের কারিগরদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জীবানন্দ ভাস্কর ভক্ত ভাস্কর নিমাই সূত্রধর ছবিরানি ভাস্কর প্রমুখ।শম্ভুনাথ ভাস্কর রাবণের মূর্তি খোদাই করে্ রাষ্ট্রপতি পুরস্কার ,পেয়েছিলেন।তাঁর ভাইপো ভক্তদাস পেয়েছেন রাজ্য সরকারের পুরস্কার।১৯৮৬ সালে ক্রাফট এন্ড কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সৌজন্যে বনকাপাসির শোলাশিল্পী আদিত্য মালাকার,দেরিয়াপুরের ডোকরা শিল্পী হারাধন কর্মকার,বাঁকুড়ার শঙ্খশিল্পী রবি নন্দি সহ ভক্তবাবু আমেরিকার ফিলাডেলফিয়া শহরে কাঠের পুতুলের প্রদর্শনী করেছিলেন ।ভক্তবাবুর তৈরি নতুনগ্রামের পুতুলের আদলে নির্মিত দুর্গা প্রতিমার জন্য কাঁকুরগাছির ইয়াংস্টার ক্লাব ২০০১  সালে এশিয়ান পেন্টস শারদ সম্মান লাভ করে।ইদানিং মফস্বলের পুজো প্যান্ডেলগুলিতেও নুতুনগাঁয়ের পুতুলেরা সাদরে স্থান পাচ্ছে।এহো বাহ্য---মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাংলা নোটস বইএর প্রচ্ছদে নতুনগ্রামের পেঁচা স্থান পেয়েছে।
শিল্পীরা অধিকাংশই নিরক্ষর।প্রাথমিকস্তর পর্যন্ত পড়াশুনো করেছেন মাত্র ৩০ শতাংশ।মাধ্যমিক পাশ করেছেন মাত্র ১৫ জন।একজন সরকারি চাকরি পেয়েছেন।নাম জয়ন্ত সূত্রধর।


গতশতকের সাতের দশক থেকে পুতুলশিল্পের বিবর্তন আসে।এই পরিবর্তনে সহায়তা করেন লোকসংস্কৃতিবিদ বিনয় ঘোষ,শিল্পী প্রভাস কুমার সেন,শ্রীমতী রুবি পাল প্রমুখ।এখন ডানা পেঁচা,পেঁচার ভিতরে আর একটি ছোট্ট পেঁচা ,লক্ষ্মী মূর্তি ইত্যাদি নতুন ধরনের পুতুল তৈরি হচ্ছে। ১৯৯৫ সালে রাজ্যসরকারের উদ্যোগে জীবানন্দ ভাস্করের শিক্ষকতায় শুরু হয়েছিল  পুতুলশিল্পীদের জন্য ট্রেনিংস্কুল।রাজ্য ও  কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এবং স্বর্গীয় স্বামী জানকীদাস কাঠিয়াবাবার দান করা জমিতে ২০০৮ সালে শুরু হয়েছে Natungram Wood Curvings Cluster Society র গৃহ।এর সম্পাদক হলেন মাণিক সূত্রধর।৬০ টি পরিবার এই সোসাইটির  অন্তর্ভুক্ত হয়েছেন।সাম্প্রতিক রাজ্যসরকারের আমলেও প্রভূত উন্নতি হয়েছে নতুনগ্রামের কাষ্ঠশিল্পীদের।


অন্যান্য লোকশিল্পীদের তুলনায় দারুশিল্পীরা অপেক্ষাকৃত ভালো আছেন।সরকারি উদ্যোগে আয়োজিত বছরে অন্তত ৫ টি হস্তশিল্প মেলায় পুতুলশিল্পীরা অংশগ্রহণ করেন।বিক্রীও ভালো

              শম্ভুনাথ ভাস্করের সরকারি মানপত্র
হয়।রাজ্যসরকারি উদ্যোগে নতুনগ্রামেই বসছে পুতুলশিল্পের মেলা।পরিবার পিছু গড়ে আয় ৭ থেকে ৮ হাজার টাকা।তবে মহিলাশিল্পীদের আক্ষেপ----ছেলে পিলের হাতে কাঁচা পয়সা আসার  সুবাদে  লেখাপড়া শিখতে চাইছে না ।এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে পুতুলের দামও বাড়ছে না।এই সময় আরও বেশি করে সরকারি সহায়তা প্রয়োজন।মান্ধাতার আমলের প্রচার ও বিপণনের ব্যবস্থাটি ঢেলে সাজানোর প্রয়োজন  আছে বলে অনেকেই মনে করেন।

ক্ষেত্রসমীক্ষায় যাঁরা সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের কৃতজ্ঞতা জানাই।
গ্রন্থঋণ...পশ্চিমবঙ্গের সংস্কৃতি/বিনয় ঘোষ।
পুরালোকবার্তার সম্পাদক শ্রী সোমনাথ রায়কে জানাই কৃতজ্ঞতা।
ঘরকন্নার ফাঁকে ফাঁকে

ছবি --লেখক

PROTNO-SAMRAT

https://thekoulal.wordpress.com কৌলাল ওয়েবসাইটেও পড়তে পারেন।আর দেখতে পারেন মনের মতো ছবি।                                              ...