কৌলাল অন লাইন ব্লগে এবার আপনাকেও স্বাগত। বাংলার ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বাংলা অথবা ইংরাজি ভাষায় যে কোন মৌলিক লেখা ছবি ভিডিও সহ পাঠিয়ে দিন।নির্বাচিত হলে ব্লগে পোস্ট করা হবে।অভ্রতে টাইপ করে মেল করুন -- drswapankrthakur@gmail.com.ফোন --9332933023.সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের ছবি আর সংক্ষিপ্ত লেখক পরিচিতি পাঠাবেন । যোগাযোগ--ড.স্বপনকুমার ঠাকুর,কাটোয়া দত্ত মিলের মাঠ,কাটোয়া পূর্ববর্ধমান,পিন ৭১৩১৩০
Saturday, February 10, 2018
RAR BANGLAR KOBIGAN KOBIYAL SUVASISH BANERJEE
Saturday, February 03, 2018
কবিয়াল শুভাশিষ ব্যানার্জির কণ্ঠে কবিগান
Tuesday, January 30, 2018
PROVU NITYANONDA CORIT

বড়ো গূঢ় নিত্যানন্দচরিত
বৈষ্ণব মহাজন লিখেছেন যদি গৌর না জন্মাতো তাহলে "রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানিত কে!"আবার গৌরভক্তরা মনে করেন মহাপ্রভুকে জানতে বা বুঝতে নিত্যানন্দই ভরসা।তিনি দয়াল-ঠাকুর। গৌরভক্তি প্রেমদাতা।তাঁর কৃপাতেই গৌরসুন্দর ধরা দেবেন।ভক্তরা তাই সবার আগেই ঘোষণা করেন-- জয় নিতাই। কিন্তু নিত্যানন্দকে জানা কি এতই সোজা! সত্যি কথা বলতে কি-- মহাপ্রভুকে জানা বা বোঝার অন্তত চেষ্টাটুকু করা যায়;কিন্তু পদে পদে যিনি বিপরীত তাঁকে বোঝা কার্যত অসম্ভব! ফলে সহজেই হাল ছেড়ে দিয়ে নিত্যানন্দ বিরোধী হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যেমনটি হয়েছিল তাঁর সমকালে। তাঁর জীবনকাহিনীর মতো তিনি নিজেই এক মহারহস্যময় চরিত্রের দৃষ্টান্ত। বড়ো গূঢ় নিত্যানন্দ!
বস্তুত,গৌড়ীয় বৈষ্ণবধর্মে এক নিঃশ্বাসে উচ্চারিত দুটি নাম গৌর-নিতাই। আজও গৌর-নিতাই'র দারু বিগ্রহ বাংলার বহু মন্দিরে ও বাড়িতে নিত্য সেবিত।তবে মহাপ্রভুর নামে প্রচারিত গৌড়ীয় বৈষ্ণবধর্ম বলতে যা আমরা বুঝি তাহলো নিত্যানন্দ প্রচারিত বৈষ্ণবধর্ম। মহাপ্রভুকে তিনিই অখন্ড বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন।সমাজের উচ্চবর্ণের ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য থেকে শুরু করে প্রান্তিক তৃণমূলস্তরেও বৈষ্ণবধর্মকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী নিত্যানন্দ।
আবার বঙ্গদেশে তাঁর নেতৃত্বে গুরুবাদ প্রতিষ্ঠিত হয়েছিল।তিনি অধিকাংশ বৈষ্ণবপদকর্তাকে পদ রচনায় অনুপ্রাণিত করেছিলেন।তাঁর অনুগামীরাই তাঁর উৎসাহে চৈতন্যজীবনী সাহিত্য রচনা করলেও তিনি নিজে রয়ে গেছেন নেপথ্যে।
অদ্ভুত বৈপরীত্যময় নিত্যানন্দের চরিত্র।সন্ন্যাসজীবন থেকে মুক্তি নিয়ে সংসারী হয়েছিলেন।সন্ন্যাসীর কৌপিনবস্ত্র পরিত্যাগ করে রাজবেশ পরিধান করেছিলেন।তিনি নিজেই যেন মূর্তিমান এক বিতর্ক ।অথচ সেকালের মতো একালেও তিনি যেন নির্বাসিত এক বৈষ্ণবসাধক।রহস্যময় তাঁর ব্যক্তিজীবন।সমকালে তাঁকে বুঝেছিলেন গুটিকয়েক ব্যক্তি।যার মধ্যে শ্রীচৈতন্যদেব ছিলেন অন্যতম।অথচ সত্যিকারের গণনায়ক বলতে যা বোঝায় মহাপ্রভু নন স্বয়ং নিত্যানন্দ ।একথা মুক্তকণ্ঠে স্বীকার করেছেন একালের বৈষ্ণবপণ্ডিত-গবেষকরা।

নিত্যানন্দের ব্যক্তিজীবন বড় রহস্যময়।ভাবতে আশ্চর্য লাগে শিষ্য বৃন্দাবনদাসকে চৈতন্যভাগবতকাব্য রচনার অনুপ্রেরণা যেমন যুগিয়েছিলেন তেমনি চৈতন্যজীবনী রচনার মুখ্য উপাদানগুলি যুগিয়েছিলেন। সেখানে নিত্যানন্দের কথা খুবই কম।শুধু জানা যায় নিত্যানন্দের বীরভূমজেলার একচক্রাগ্রামে জন্ম।বাবা-মুকুন্দ ওঝা।মা-পদ্মাবতী।রাঢ়ীয়শ্রেণির ব্রাহ্মণ। বন্দ্যোপাধ্যায় কৌলিক পদবি। গ্রামে পরিচিতি ছিল হাড়াই পণ্ডিত নামে।পুজো আর্চা নিয়ে থাকতেন। বলরাম দাসের প্রেমবিলাস থেকে অতিরিক্ত আরও কয়েকটি অতরিক্ত তথ্য জানা যায়।যেমন গৃহজীবনে নিত্যানন্দের নাম ছিল চিদানন্দ।তাঁর আরও কয়েকটি ভাই ছিল।নিত্যানন্দের জন্ম হয়েছিল মাঘমাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতিথীতে। বৃন্দাবন দাস লিখেছেন--
মাঘমাসে শুক্লা ত্রয়োদশী শুভদিনে।
পদ্মাবতী গর্ভে একচাকা নামে গ্রামে।।
গবেষকদের মতে নিত্যানন্দ মহাপ্রভুর চেয়ে বয়সে বছর দশেকের বড় ছিলেন।সেই সূত্রে তাঁর জন্ম আনুমানিক ১৪৭৬/৭৭ খ্রিষ্টাব্দ।বাল্যকাল থেকে নিত্যানন্দ ধর্মীয় নাট-গীতে অনুরক্ত ছিলেন। কিশোর অবস্থায় উপনয়ন সংস্কারের পর তিনি এক সন্যাসীর সঙ্গে পলায়ন করেন। সহজেই অনুমান করা যায় নিত্যানন্দ অতি ছোট থেকেই সন্যাসজীবনের প্রতি আসক্ত ছিলেন। তিনি সন্ন্যাস গ্রহণ করে তীর্থে তীর্থে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান।গয়া-কাশি প্রয়াগ-মথুরা রঙ্গনাথ দণ্ডকবন ত্রিমল্ল বেঙ্কটনাথ কন্যকানগরী মাহিস্মতী হরিদ্বার ইত্যাদি তীর্থস্থানে প্রায় কুড়ি বৎসর কাটান।
দুটি দশকের এই বিচিত্র জীবন সম্পর্কে কোন তথ্য জানা যায় না।বরাবর তিনি এ সম্পর্কে মৌন রয়ে গেছেন। দুটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্য জানা গেছে প্রথমতঃ তিনি অবধূত অর্থাৎ তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন।ভক্তিরত্নাকর থেকে জানা যায়-- তিনি পুরীসম্প্রদায়ের শিষ্য ছিলেন ।লক্ষীপতিপুরীর নিকট দীক্ষা লাভ করেছিলেন।কেউ কেউ বলেন নিত্যানন্দ শংকর সম্প্রদায়ের সারদামঠে দীক্ষিত সন্ন্যাসী।তবে এসম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্যাদি নেই দ্বি্তীয়তঃ নিত্যানন্দ ছিলেন বেশে অবধূত। আকারে মহামল্ল এবং ভোজনপানে বীরাচারী।নবদ্বীপে বৈষ্ণব পরিকরদের সঙ্গে সাক্ষাৎকারের সময় মদ্যপানের কথা প্রকাশ্যেই বলেন।বৃন্দাবন দাস লিখেছেন--
মধু আন মধু আন বলি প্রভু ডাকে।
হুঙ্কার শুনিতে যেন দুই কর্ণ ফাটে।।
নিত্যানন্দ বীরাচারি তান্ত্রিক অবধূত সাধক হলেও প্রকৃতিতে ছিলেন কৃষ্ণপ্রেমী।আর একটি বৈশিষ্ট্য হলো নিত্যানন্দ শিশুর মতো সরল অকপট।ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট।এমন বিচিত্র স্বভাবের ছিলেন নিত্যানন্দ।
বৃন্দাবনে সম্ভবত আলাপ হয়েছিল মাধবেন্দ্রপুরীর সঙ্গে।যাঁর কৃষ্ণপ্রেম ছিল কিংবদন্তী তুল্য।বৃন্দাবন দাস লিখেছেন... মাধবেন্দ্র পুরী কথা অকথ্য কথন/মেঘ দরশন মাত্র হন অচেতন।।এই মাধবেন্দ্রপুরীর কাছ থেকে মহাপ্রভুর কথা জানতে পেরেছিলেন সম্ভবত।এই কারণে নিত্যানন্দ নবদ্বীপে নন্দন আচার্যের বাড়িতে আসেন। বৃন্দাবন দাস লিখেছেন--
মহাবধূত বেশ প্রকাণ্ড শরীর।
নিরবধি ভক্তিরসে দেখি মহা ধীর।।
অহর্নিশ বদনে বোলয়ে কৃষ্ণনাম।
ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম।
নিজানন্দে ক্ষণে ক্ষণে করয়ে হুঙ্কার।
মহামত্ত যেন বলরাম অবতার।।

নিত্যানন্দ ও মহাপ্রভুর সাক্ষাৎ একটি ঐতিহাসিক ঘটনা।মহাপ্রভু ভাগবতের একটি শ্লোক পাঠ করে নিত্যানন্দের হৃদয় জয় করেনিয়েছিলেন।নিত্যানন্দে্র হৃদয়ে জাগ্রত হয়েছিল অন্তহীন কৃষ্ণপ্রেম।মূর্ছিত নিত্যানন্দকে মহাপ্রভু কোলে করে প্রেমালিঙ্গন দিয়েছিলেন।শচীমাতাও নিত্যানন্দকে দেখে পুরাতন পুত্রশোক ভুলেছিলেন।তিনি যেন বিশ্বরূপ হয়ে ধরা দিয়েছিলেন শচীমাতার কাছে।নবদ্বীপ পর্বে নিত্যানন্দ যেন ক্রমশ গৌরের দ্বিতীয় তনু হয়ে উঠেছিলেন।নাম সংকীর্তনে অংশগ্রহণকরা, কাজীর অন্যায় আদেশের বিরোধিতাকরা,জনগণকে স্বৈরাচারী শাসকের বিপক্ষে এক কাট্টাকরা, জগাই মাধাই'র হাতে চরম লাঞ্ছিত হলেও প্রেমালিঙ্গনে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা করে তোলেন এই নিত্যানন্দ।মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণে অভিভাবকের মতো প্রতিটি কাজ সম্পন্ন করে তাঁকে নীলাচলে নিয়ে যাওয়া ,দাক্ষিণাত্য ভ্রমণে সাহায্যকরা ইত্যাদি ক্ষেত্রে তাঁর সদর্থক ভূমিকা লক্ষ করা যায়।
নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নীলাচলে থাকতে চেয়েছিলেন।কিন্তু মহাপ্রভু বুঝেছিলেন নীলাচলে নিত্যানন্দকে অনেকেই মেনে নিতে পারবে না।তাছাড়া তিনি অদ্বৈত আচার্যসহ নিত্যানন্দকে গৌড়দেশে বৈষ্ণবধর্ম প্রচার করার আদেশ দিয়েছিলেন
।
নিত্যানন্দে আজ্ঞা দিল যাও গৌড়দেশে।
অনর্গল প্রেমভক্তি করহ প্রকাশে।।
এর পর থেকেই নিত্যানন্দের জীবনে আবার পরিবর্তন আসে।নিত্যানন্দের সঙ্গী হলেন রামদাস,গদাধর দাস,পরমেশ্বর দাস প্রমুখ বৈষ্ণবপরিকরবৃন্দ।তিনি আগেই সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভেঙেছিলেন।এবার কৌপীনবস্ত্র ত্যাগ করলেন।দিব্য পট্টবাসে সজ্জিত হলেন। চৈতন্যভাগবতে রয়েছে--"কাষায় কৌপীন ছাড়ি দিব্য পট্টবাস/ধরেন চন্দনমালা সদাই বিলাস"।তিনি পরিচিত হয়ে উঠলেন কৃষ্ণের অগ্রজ বলরাম হিসাবে।তাঁর প্রধান প্রধান সহচরেরা হয়ে উঠলেন ব্রজের গোপবালক গোপাল।তাঁরাও অদ্ভুত বেশে সজ্জিত হয়ে হয়ে ভাগবতেরযুগকে যেন তাঁদের জীবনে মননে উজ্জীবিত করে তুললেন। বাংলা হয়ে উঠলো বৃন্দাবন।ভাগীরথী হলো যমুনা। বৃন্দাবনদাস লিখেছেন--
-
কারো কোন কর্ম নাই সংকীর্তন বিনে।
সভার গোপাল ভাব বাড়ে ক্ষণে ক্ষণে।।
বেত্র বংশী শিঙ্গা ছাঁদডুরি গুঞ্জাহার।
তাড়খাড়ু হাতে পায়ে নূপুর সভার।।
নিত্যানন্দ এবার বিয়ে করলেন কালনার গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুধা ও জাহ্নবাকে।শুরু হলো এক নতুন জীবন।সপ্তগ্রাম অঞ্চলের ধনী বণিকরা তাঁর শিষ্য হলেন।বৈষ্ণবধর্ম এবার পায়ের তলায় মাটি পেল। নিত্যানদ তাঁর পরিকর নিয়ে মহাপ্রভুর নাম ও প্রেমধর্ম প্রচার করতে শুরু করলেন গাঙ্গেয় বাংলায়। বাংলায় বৈষ্ণবধর্মের মহাপ্লাবন বইতে শুরু করলো।
এদিকে নিত্যানন্দের এই জীবন-যাপন বিশেষকরে সন্ন্যাসী থেকে ধনী গৃহস্থ রূপ ও বিচিত্র আচরণ অনেকের কাছে অসহ্য হয়ে উঠলো।তারা বিরূপ সমালোচনা শুরু করলেন।অনেকেই আবার মহাপ্রভুকে মানলেও নিত্যানন্দের কঠোর সমালোচনা করলেন।কৃষ্ণদাস কবিরাজের ভাই শ্যামদাস মহাপ্রভুকে মানলেও নিত্যানন্দের ঘোর বিরোধী ছিলেন।এই কারণে কৃষ্ণদাসের সঙ্গে শ্যামদাসের বনিবনাও হয়নি।বৃন্দাবনদাস নিত্যানন্দ বিরোধীদের একহাত নিয়েছিলেন।বৈষ্ণব সুলভ বিনয় পরিত্যাগ করে নিত্যানন্দ বিরোধীদের মাথায় লাথি পর্যন্ত মারতে চেয়েছিলেন।
আসলে নিত্যানন্দের জীবন বড় রহস্যময়।মহাপ্রভুর প্রয়াণের অন্তত আট দশ বছর পর তিনি প্রয়াত হয়েছিলেন।অথচ তাঁর শেষ জীবন সম্পর্কে কোন তথ্য জানাই যায় না।মহাপ্রভুর শেষ বারো বছরের দিব্যোন্মাদ পর্বটিও সুচারু ভাবে চিত্রিত করেছেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যচরিতামৃত কাব্যে। কিন্তু নিত্যানন্দের ক্ষেত্রে তিনি নীরব।নিত্যানন্দের শেষ জীবনের কোন তথ্যই জানা যায় না।
আগেই বলেছি--নিত্যানন্দের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল শিশুর মতো সারল্য ।কখনো তিনি বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে নগ্ন হয়ে যেতেন।কখনো তিনি ঝাঁপিয়ে পড়তেন উদ্দাম গঙ্গাবক্ষে।কখনো শিশুর মতো মালিনীর স্তন পান করেছেন।কখনো তিনি মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছেন।কখনো রাজকীয় বেশ পরিধান করে নামসঙ্কীর্তনে মত্ত হয়েছেন।কখনো সামান্য ত্রুটির জন্য কাউকে গালিগালাজ করেছেন। তবে পাগলের মতো ভালোবেসেছেন মহাপ্রভুকে।এমনি এক বিচিত্র স্বভাবের মহা সাধক ছিলেন নিত্যানন্দ।সাধারণ লোকের পক্ষে তাঁকে বুঝতে না পারাটাই স্বাভাবিক।তিনি যেন সমস্ত নিয়মের ঊর্ধে উঠে গিয়েছিলেন। নিত্যানন্দভক্তরা বলেন তিনি বেদ-বিধির অতীত।বড়ো গূঢ় নিত্যানন্দ।এই নিত্যানন্দকে বুঝেছিলেন সমকালে হাতেগোনা কয়েকজন ব্যাক্তি।যাঁর মধ্যে মহাপ্রভু ছিলেন অন্যতম।এখনো কি তাঁকে আমরা বুঝতে পেরেছি বা বুঝবার চেষ্টা করি?
Thursday, December 14, 2017
GHORA MUKHI SINGHO O GHOTOK BAHONA DEBI
দুর্গার বাহন ঘোড়ামুখি সিংহ ও রাঢ়ের ঘোটক বাহনা দেবী

দেবী দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী। দেবীপুরাণ অনুসারে সিংহের গ্রিবায় বিষ্ণু, শিরে মহাদেব, ললাটে পার্বতী, বক্ষস্থলে দুর্গা প্রভৃতি নানা দেবতার শক্তি বিন্যস্ত হয়েছে।সিংহ এমনিতেই পশুরাজ।যুদ্ধদেবী দুর্গার প্রকৃত বাহন। কিন্তু বনেদি বাড়ির দুর্গা বা প্রাচীন অষ্টধাতুর মূর্তি কিম্বা টেরাকোটা মন্দিরফলকে দুর্গার বাহন সিংহ ঠিক প্রাকৃত নয়, খানিকটা ঘোড়ার মত দেখতে।অনেকেই ঘোড়ামুখি বা ঘোড়াদাবা সিংহ বলেন। বলা যেতে পারে সিংহ ও ঘোড়ার মিশ্রণে অদ্ভুত এক পৌরাণিক জীব। বিষয়টি নিয়ে নানা কোণিক আলোচনা হলেও সন্তোষযোগ্য সমাধানে এখনো আসা যায়নি।ক্ষেত্রসমীক্ষার সূত্রে আহৃত বেশ কিছু নতুন তথ্য সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
হরপ্পার প্রত্নতত্ত্বে ঘোড়ার অস্তিত্ব আজও আবিস্কৃত হয় নি।ঐতিহাসিকদের মতে হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ ঘোড়ায় চড়া যোদ্ধা বহিরাগত আর্যদের লাগাতার আক্রমণ।বৈদিক সাহিত্যে গরু বলদের প্রসঙ্গ যতই থাক মুনি ঋষিরা অশ্বের জয়গানে মুখোরিত।একা ঋকবেদেই অশ্ব উল্লেখিত হয়েছে ২১৫ বার।ইন্দ্রের বাহন ঐরাবতের সঙ্গে উচ্চৈঃশ্রবা নামক অশ্ব।বায়ুর অশ্বের নাম নিষুৎ।কল্কি অবতারতো অশ্ববাহন যোদ্ধামূর্তি।এমনকি কৈলাস থেকে দেবী দুর্গা যখন মর্ত্যে আসেন তখন তাঁর যানবাহন নির্ধারিত হয়েছে চারটি যথা অশ্ব গজ নৌকা ও দোলা। রাজারাজরাদের অশ্বমেধের যজ্ঞের কথা না হয় বাদই দেওয়া হলো। অগণিত লোকদেবদেবীর প্রধান ছলন বলতে এই ঘোড়া। সুতরাং মনে হতে পারে হয়তো ঘোড়ার এই সার্বিক প্রাধান্য হেতু শিল্পীর চোখে দেবী দুর্গার বাহন সিংহের রূপ কল্পনায় ঘোড়ার প্রভাব পড়েছে। ফলত, এমন বকচ্ছপ সিংহ দুর্গার বাহন রূপে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে।
কিন্তু এটি কষ্ট কল্পিত ব্যাখ্যা ছাড়া কিছুই নয়।প্রকৃতপক্ষে দেবী দুর্গার পরিচয় যুদ্ধ দেবী।আর প্রাচীনকাল থেকেই ঘোড়ায় চড়া এক ধরনের যুদ্ধদেবীর অস্তিত্ব দেখা গেছে রাঢ়ের বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে প্রাপ্ত মূর্তিফলকে।মঙ্গলকোট থেকে পাওয়া গেছে চতুর্ভূজা ঘোটকাবাহনা রণরঙ্গিনী দেবী।সময়কাল নির্ণিত হয়েছে কুষাণযুগ।বাঁকুড়ার সোনামুখীর স্বর্ণময়ী দেবী ঘোটকাবাহনা।বর্ধমান জেলার বেশ কিছু গ্রামে পূজিত হচ্ছে এই ধরনের ঘোটকবাহনা দেবী। এগুলিকে কেউ দুর্গা বলে দাবী না করলেও তাঁরা যে যুদ্ধদেবী ছিলেন তাঁদের আয়ূধ দেখলেই বোঝা যায়।ক্ষেত্রসমীক্ষাসূত্রে প্রাপ্ত এমন কয়েকটি ঘোটকবাহনা যুদ্ধেদেবীর সবিস্তার আলোচনা সূত্রে অবশ্যই বলা যেতে পারে রাঢ় অঞ্চলে সুপ্রাচীন কাল থেকে ঘোড়ায় চড়া এক যুদ্ধদেবী পূজিত হতো।পরবর্তীকালে সিংহবাহনা দুর্গার পুজো প্রচলিত হলে শিল্পীরা পূর্বতন ঘোড়া ও দুর্গার সিংহকে মিশিয়ে এমন এক অদ্ভূত বাহন করেছিলেন যারা নাম ঘোড়া দাবা বা ঘোড়ামুখি সিংহ।
Monday, April 03, 2017
ANNOPURNA PUJO O MOHARAJ KRISHNACHANDRA ROY
চৈত্রমাসে শুধু শিবের গাজন উৎসব নয়;এর মধ্যেই আছে বাসন্তীপুজো আর ব্যতিক্রমী অন্নপূর্ণা পুজো। অন্নপূর্ণা সাধারণত রাঢ় অঞ্চলে নবান্ন উৎসবের সময় গ্রামে গ্রামে পুজিত হয়।মূর্তি বলতে সেই বহুল প্রচলিত কাহিনির মূর্তিরূপ।হর-গৌরীর সুখের সংসারে আশান্তি ধূমায়িত হয়।স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি শুরু।শিব একসময় বাড়ি থেকে পলায়ন করে। এদিকে কাম ক্রোধ জয় করলেও খিদের কাছে অসহায় শিব।একমুঠো অন্নের আশায় যেখানেই যান সেখানেই হা অন্ন !শেষে কাশীধামে গিয়ে রক্ষে। ক্ষুধার্ত শিবকে অন্ন দিলেন আর কেউ নন স্বয়ং পার্বতী।দেবীর হাতে অন্ন পাত্র।দেবাদিদেব মহাদেব সে অন্ন গ্রহণ করে পরিতৃপ্ত হলেন। এই মূর্তিতেই একদিনের অন্নপূর্ণাপুজো সারা অঘ্রাণ মাস জুড়ে।
তবে চৈত্রমাসে অন্নপূর্ণামূর্তির সঙ্গে পুজোর বেশ খানিকটা তফাৎ চোখে পড়ে। কথিত আছে এই অন্নপূর্ণা পুজোর প্রবর্তক কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়। বর্গি হাঙ্গামার ফলে বাংলার অবস্থা হয়েছিল শোচনীয়।লুঠপাট,নির্যাতন ,হত্যা শোষণে বঙ্গবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।নবাব আলিবর্দির কোষাগার শূন্য হয়ে যায়।ফলে নবাবও বর্গিদের মতোই জোর পূর্বক কর আদায় করতে থাকেন।ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকাব্যের রচনার প্রেক্ষাপট থেকে জানা যায় ----নবাব আলিবর্দি কৃষ্ণচন্দ্রকে আট লক্ষ টাকা নজরানা দাবী করেন।তিনি সময় মতো টাকা দিতে না পারায় মুর্শিদাবাদে কয়েদ হন।কারাগারে রাজা কৃষ্ণচন্দ্র আরাধ্য দেবীর স্তব করলে স্বপ্নে দেবী বলেন যে রূপে তিনি দেবীকে দেখছেন সেই রূপে পূজা করলে দুঃখ কষ্টের অবসান হবে। সেই দেবীই হলেন অন্নপূর্ণা।
শুন রাজা কৃষ্ণচন্দ্র না করিও ভয়।
এই মূর্তি পূজা কর দুঃখ হবে ক্ষয়।।
আমার মঙ্গল-গীত করহ প্রকাশ।
কয়ে দিলা পদ্ধতি গীতের ইতিহাস।।
চৈত্রমাসে শুক্লপক্ষে অষ্টমী নিশায়।
করিহ আমার পূজা বিধি ব্যবস্থায়।।
অনেকেই বলেন কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোর সময় নবাবি কারাগারে কয়েদ হয়েছিলেন। দেবী দুর্গার পুজো সময় মতো করতে না পেরেই চৈত্রমাসে এই অন্নপূর্ণা পূজার আয়োজন করেছিলেন।প্রশ্ন উঠতেই পারে--সেক্ষেত্রে বাসন্তীপুজো কি দোষ করলো? ঠিকই! তবে অন্নপূর্ণার সমর্থনে বলা যায় রাজা কৃষ্ণচন্দ্র শুধু হিন্দুধর্মের একজন রক্ষকই ছিলেন না ;অনেক নতুন নতুন বিষয়ের প্রবর্তক ছিলেন।যেমন তিনি নাকি নবদ্বীপের রাসের উদ্ভাবক তেমনি জগধাত্রী পূজার প্রবর্তক। কোন সন্দেহ নেই--অন্নপূর্ণা পূজাও প্রবর্তন করেছিলেন তিনি ।মনে রাখা প্রয়োজন--এই অন্নপূর্ণাপূজো দুর্গাপুজোর এক সংস্করণ।যা একান্তই কৃষ্ণচন্দ্রীয় প্রভাব পুষ্ট।এই ঘরানার এক অন্নপূর্ণাপূজা দেখেছি মুর্শিদাবাদ জেলার কাগ্রামে।কাগ্রাম এমনিতেই অতীতের কংকগ্রামভূক্তির কঙ্কগ্রাম হিসাবে অনেকেই চিহ্নিত করেছেন। কা-গ্রামের ডাকসাইটে জমিদার ছিলেন রায়-চৌধুরী পরিবার।জমিদার অম্বিকালাল চৌধুরীর ভক্তিমতী স্ত্রী রামাসুন্দরী একবার স্বপ্নাদিষ্ট হলেন।দেবি দুর্গাকে অন্নপূর্ণা রূপে পূজা করার কথা বলেন।আর সেই থেকে ব্যতিক্রমী অন্নপূর্ণার পূজা চলে আসছে।বর্তমানে রায় চৌধুরী পরিবার তিন ভাগে বিভক্ত হয়ে গেছে।আছে দেবীর পুরাতন দালান মন্দির। দেবীমূর্তি বড় বিচিত্র।মাঝে দ্বিভূজা দেবীপ্রতিমা অন্নপূর্ণা।দেবীর ডান হাতে চামচ ,বাম হাতে অন্নপাত্র।বাম পাশে নন্দি।আর ডান পাশে অন্নগ্রহণ কারী শিব।এই তিন মূর্তি ছাড়া দু পাশে রয়েছে দেবীর দুই সখি জয়া ও বিজয়া।চালির ওপরাংশে দু পাশে দুটি পরি।উড়ন্ত ভঙ্গীতে।মনে হয় প্রাচীন প্রস্তর মূর্তির আদলে এ দুটি বিদ্যাধর বিদ্যাধরীর পরিবর্তিত রূপ।সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পুজো।তিনদিন বলি হয় কুমরো ইতাদি।বিসর্জনের দিন রায় চৌধুরী পরিবারের কূলবধূরা সিঁদূর খেলেন।
Sunday, December 11, 2016
MATH-PANCHALIR KOTHOKOTAY DHANYO MONGOL
![]() |
| নবান্ন আলপনা ছবি --সুমন মন্ডল |
ভেতো বাঙালির কাছে ধান শুধু আহার্যবস্তুই নয়;অর্থনীতি থেকে শুরু করে লোক উৎসব -কৃষ্টি তথা লোকসংস্কৃতির বারো আনাই ধান কেন্দ্রিক।ফলনে পেছিয়ে পড়লে কি হবে আজও কুলীন সেই আমন ধান।আষাঢ় থেকে
পৌষমাস--আমনধানচর্যার যেন মহাকাব্যিক বিস্তৃতি। শুরু হয়েছে সেই ধান কাটার মরশুম।তাকে নিয়েই বর্ণাঢ্য নক্সি কাঁথা-- মাঠ-পাঁচালীর কথকতায় ধান্যমঙ্গল.........
অঘ্রানের মাঝামাঝি।মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে।ধান কাটার মরশুম।মুনিশে মুনিশে মাঠ ছয়লাপ।নাস্তাপানি খাওয়া দাওয়া সবই মাঠে -ঘাটে।মুর্শিদাবাদের দূর দূরান্তের গরিব-গুর্বো লোকজন। জন -মজুর খাটতে এসেছে বর্ধমান-বীরভূম-নদিয়ার গাঁ-গঞ্জে।এখানকার লোকেরা বলে বিদেশী মুনিশ। পরিযায়ী পাখির মতো দুদ্দার ভিড় করে বছরে দুবার। ধান লাগানো আর এই ধান কাটায়। রুইতে যেমন সরেস তেমনি পাই মানে লাইন খাড়া করে দ্রুত গতিতে ধান কাটতেও ওস্তাদ।কথা বলে সুরেলা গলায়।তবে ধান এঁটুতে ( আঁঠি বাঁধতে) আবার ততটাই অষ্টরম্ভা! ঢিপ দেওয়া,পালা বাঁধা-- বিঁড়ে সাজানোয় এ অঞ্চলের মুনিশরা এক একজন সহজ শিল্পী।এক পর (প্রহর) রাত থাকতে মাঠ উঠেছে জেগে।খাটো দিনের বেলা।দুপুরের আজান শুনেই কর্মবিরতি। বেলা ঢলতেই দিগন্তে কুয়াশার সঙ্গে আঁধার নামে গুটি গুটি পায়ে ।জনহীন প্রান্তরে পড়ে থাকে মাঠের সোনালি শস্য --ধান!
গ্রাম-বাঙলার মানুষের কাছে ধান শুধু আহার্য বস্তু নয়;সাক্ষাৎ লক্ষ্মী ঠাকরুন।জুতো পায়ে বা আকাছা হয়ে ধানে হাত-পা ঠেকানো একেবারেই বারণ।পৌষ মাসে রাত-বিরেতে টাকা-পয়সা ধার দেওয়া বা নেওয়া সর্বৈব নিষিদ্ধ। কিম্বা জোরে শব্দ করলে গেরস্থরা রেগে টঙ। কারণ লক্ষ্মী বড়ো পয়মন্ত শান্ত দেবী।বেশী গোলমাল হলেই তিনি টুকুস করে কেটে পড়েন।আর সেই স্থান দখল করবেন রুক্ষ কেশী অলক্ষ্মী! তখন বুঝবে খুড়ি বেলা হলে!তাছাড়া ধান -চালের সঙ্গে বঙ্গবাসীর সম্পর্ক কী আজকের?সিন্ধুসভ্যতার সমকালীন হলো আমাদের বর্ধমানের পান্ডুরাজার ঢিবি।প্রত্ন-উৎখননে সর্বনিম্ন স্তর থেকে বেরিয়ে এসেছে ধানচাষের প্রত্ন নিদর্শন।তারপর যতদিন গেছে ধানের সঙ্গে বাঙালীর মন প্রাণ মান গেছে জড়িয়ে।ধান শুধু বাঙালীকে ধনবানই করেনি; দিয়েছে সম্মান ।চাষীর কাছে ধানী জমি জোয়ান ব্যাটার সমান।আবার অর্থ থেকে পরমার্থের প্রতীক ধান।মানুষের বিয়ে থা মাঙ্গলিক কর্মে দান ধ্যানের সঙ্গে দুব্ব্যো ঘাস সহ ধান হয়ে উঠেছে আশীর্বাদের প্রধান উপকরণ।বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থান থেকে প্রাপ্ত মৌর্য আমলের এক শিলালিপি।এতে খোদিত রাষ্ট্রীয় উদ্যোগে গড়ে ওঠা ধান্যভান্ডারের কথা ।
![]() |
| মুঠ পুজো ছবি সম্পর্ক মণ্ডল |
লক্ষণ সেনের আনুলিয়া,তর্পণদিঘি,গোবিন্দপুর,শক্তিপুর তাম্রশাসনগুলির মঙ্গলাচারণ শ্লোকে গাঁথা ধান্যবন্দনার কথিকা।উদাহরণ বাড়িয়ে লাভ নেই।বোঝা যায় প্রাচীনকাল থেকেই রাষ্ট্রীয় অর্থনীতির মূল চালিকাশক্তি ছিল ধান।আজও তার খুব একটা পরিবর্তন হয়নি।তাই ধানীজমি নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার পরিণাম যে ভয়ংকর -- নন্দীগ্রাম কান্ড তার জীবন্ত উদাহরণ।
বোরো ধান বাজার মাত করলে কি হবে আমনের কাছে আমলই পায় নি কোনদিন। ধান কেন্দ্রিক লোকসংস্কৃতি আর যাবতীয় লোকউৎসব আমনকে কেন্দ্র করেই।রামাইপন্ডিতের শূণ্যপুরাণ নাকি চর্যাপদের সমসাময়িক রচনা।এতে হরেক রকম আমনধানের কথা আছে যেমনকনকচূড়,কাঙুদ,কলমা,কসুমশালী,খিরখম্বা,গোতমপলাল,ঝিঙাশাল,সীতাশালী,লাউশালী,মুক্তাহার,মৌকলস গৃহিনীপাগল ইত্যাদি।এখন অবশ্যি সে সবের পাট নেই।আগে গোবিন্দভোগ ধানের মাঠে ভুর ভুর করে সুগন্ধ ছড়াতো হেমন্তের বাতাস।এখন সবই খরানির ধান।যেমন ফলন তেমনি অর্থকরী।তবে কুলীন সেই আমন ধানই।আষাঢ় মাসে মিগের বাত আর অম্বুবাচীর উৎসবে টানা বর্ষণে জল লেগে যায় জমিতে।নবোদ্যমে আজও হাসিম শেখ আর রামা কৈবর্তের দল অস্থি চর্মসার বলদ ও ভোঁতা হাল নিয়ে আচোট জমিতে নাঙল ঠ্যালে।মাটির তলা থেকে বেরিয়ে আসে ঘুমন্ত গেঁড়ি গুগলি শামুক।ভিড় করে সাদা বকের দল। চাষিরা আপন মনে দরাজ গলায় মাঠাল গানে ভরিয়ে দেয় বর্ষণসিক্ত আষাঢ়ের মাঠ-ঘাট......
নাগর কোথায় রইল্যা রে...
জল লেগেছে তোমার বাকুড়িতে.........।।
শাওন মাসের রিমিঝিমি বরিষণে ধান্যসুন্দরীরা গায়ে গতরে বেড়ে ওঠে।আসে তাদের নবযৌবন।ধান্যবতীরা হয়ে ওঠে গর্ভবতী।ধীরে ধীরে বিয়েন ছাড়ে।থোড় আসে।আর জমে ওঠে দুধ।আশ্বিনসংক্রান্তি হলো ধানের পূর্ণ প্রসব কাল।তারপরই পেকে ওঠার সময়।ধানিজমি যেন কৃষিলক্ষ্মীর আদিগন্ত সবুজ শাড়ি।লেগেছে তাতে সোনার পরশ।ধানের বনে হিমেল হাওয়া আর সোনা রোদের মাখামাখি,মাতামাতি।পরম তৃপ্তিতে পেকে উঠছে আগুন রঙা ধান।আশ্বিন সংক্রান্তি। আজ যে ধান্যলক্ষ্মীর পূর্ণ প্রসবের দিন।ভোরে উঠবে চাষি।নেবে সেই শরের ডাককাঠি।যেন অমোঘ এক যাদুদন্ড।আর এক গেলাস কানায় কানায় মা-গঙ্গা।শিশির ভেজা আলপথে,দুব্বো ঘাসে ঘাসে পা দিয়ে চাষি মাঠকে শোনাবে ধানের গর্ভ-বার্তাঃ' ধান ফুল......ধান ফুল............মাঠের সব ধান ফুল..।সে ডাক মাঠ থেকে মাঠে পড়বে ছড়িয়ে।এখনো যে ধান প্রসূত হয়নি,সে আসবে ধরিত্রীর গর্ভ ভেদ করে।এখনো যে ধান ফুলোই নি সে এবার হেসে উঠবে রাঙা আলোয়।জমির ঈশান কোণে গঙ্গাকে দিয়ে আসবে চাষি।নিয়ে আসবে মাঠের পানি।ডাকের জল খেয়ে মেঠো সরীসৃপরা চলে যাবে শীতঘুমে।মা লক্ষ্মী হেসে উঠবেন মাঠ আলো করে।
কার্তিক-সংক্রান্তিতে মুঠ আনা এক মজার অনুষ্ঠান।ভোরবেলায় চাষি চান করে নতুন কাপড় চোপড় পরে কাস্তে নিয়ে মাঠে হাজির।জমির ঈশাণকোনে আড়াই আলুই ধান আড়াই প্যাঁচে কেটে ছালের কাপড় জড়িয়ে মাথায় নিয়ে চুপটি করে সোজা বাড়ি।লক্ষ্মীর আটনের পাশে কলা বউর মতো রেখে দিয়ে শুরু হয় পুজো আচ্চা।পূর্ববঙ্গে ছিল ভিন্ন রীতি।বাতা গাছের পাঁচটা ডগি আর মাঙ্গলিক উপচার নিয়ে ধানি জমিতে গিয়ে বাতার ডগায় সিঁদূর মাখায়। পাঁচটা ধানের ছড়া তাতে বেঁধে নিয়ে লক্ষ্মীর সঙ্গে পুজো আরম্ভ হয়ে যায় ঘটা করে।ময়মনসিংহগীতিকার মলুয়া পালায় আছে
পাঞ্চগাছি বাতার ডুগুল হাতেতে লইয়া।
| ধানের গাড়ি মাঠ থেকে ঘরমুখো |
মাঠের মাঝে যায় বিনোদ বারোমাস্যা গাহিয়া।।
অঘ্রান মাস পড়তে না পড়তে মাঠের রঙ বদলাতে শুরু করে।আগুন রঙা ধান ক্রমশ পাকা সোনায় পরিণত। উদ্ধত ঋজু ধান এবার সকল অহংকার লুপ্ত করে ফলভারে নত। শুরু হবে ধান কাটা ।তার আগেই লঘু অর্থাৎ নতুন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে...।নবানে এই নতুন চালের গুড়ো আর বহু পদাবলী সমন্বিত অন্নভোগ কৃষিলক্ষ্মী ,গৃহদেবতা, দরিদ্র নারায়ণ, পাখ-পকুরি্,গৃহপালিত প্রাণী,আত্মীয় স্বজনকে খাইয়ে কর্তা গিন্নি শেষে সেই প্রসাদ গ্রহণ করেন।নবান্ন বহু পুরাতন কৃষি উৎসব।বৃহদ্ধর্মপুরাণে নবান্নের কথা আছে--
-
মার্গশীর্ষে মহাভাগে নবান্নৈঃপূজয়েদ্ধরিম।
| ছন্দবদ্ধ ধান্য-পাঁচালি ছবি লেখক |
পায়সংশর্করা দুগ্ধং দদ্যাৎ কৃষ্ণায় ভক্তিতঃ।।
(উত্তরখন্ড,দশম অধ্যায়) অর্থাৎ অগ্রহায়ণ মাসে নবান্ন দ্বারা হরিপূজা করবে।তাঁকে ভক্তিপূর্বক দুধ ও চিনি এবং পায়স নিবেদন করবে।পরবর্তীকালে শ্রেণি ধর্ম নির্বিশেষে গ্রাম্যবাঙালির ফসল কাটার প্রাক উৎসবে পরিণত হয়। কৃষিজীবী মুসলমানদেরও বড়ো প্রিয় উৎসব এটি। গ্রাম্যবাঙালির যথার্থ সার্বজনীন লোকউৎসবের দৃষ্টান্ত হয়ে উঠেছে নবান্ন।অনেকেই আবার বলেন বৈদিক যুগে বিশেষ বিশেষ ঋতুতে যজ্ঞ সম্পন্ন হতো ।অগ্রহায়ণ মাসে 'আগ্রায়ণ ইষ্টি' নামে এক ঋতুযজ্ঞ হতো। এই যজ্ঞে সুনাশীর নামে এক কৃষি দেবতাকে বিশেষ ভোগ নিবেদন করতো।এটাই নাকি নবান্ন উৎসবের আদিম রূপ।এরপরই আমন ধান কাটা শুরু হয়ে যেত ।পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে তোরা আয়..।.এখন অবশ্য পৌষের ডাকের অপেক্ষা আর কেউ করেনা ।নবানের আগেই মাঠ ফাঁকা।গোরুর গাড়ি বদলে ট্রাক্টর নামক যন্ত্র দানবের গর্জন।ছোটখাটো ডায়নোসরের মতো ধান কাটার মেসিন। উদ্ধত থাবায় ধান্যলক্ষ্মী।বেঁটে খাটো ধানগাছের অসহায় আত্মসমপর্পণ---সব মিলিয়ে মাঠ-পাঁচালিতে ভিন্ন সুরের দোলা।
অথচ কয়েক দশক আগেও পৌষ মাস মানে এক আলাদা অনুভূতি।লক্ষ্মীমাস বলে কথা।ধীরে সুস্থে ধান কাটা ।তারপর মাঠে মাঠে ধান সাজানোর সহজ ছন্দ।দেখলে দু চোখ জুড়িয়ে যেত। মাঠতো নয়;যেন সত্যেন দত্তের ছন্দময় পদ্য।রাতে মাঠ-পাহাড়ার জন্য কুঁড়ে তৈরি করা।সেও সেই ধান দিয়ে একটা গুহার মতো বানানো।হাতে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের জ্বলন্ত চোখ।আর চোর প্রতিহত করার সেই মান্ধাতা আমলের লাঠি।হৈ--হৈ-----! রাত পাহাড়ার হাঁক-ডাক! সে ডাক ক্রমশ অনেক কণ্ঠস্বরে মিলিত হয়ে পৌষের নিকষকালো রাত চিঁড়ে ছড়িয়ে পড়তো মাঠ থেকে মাঠে।গ্রাম থেকে গ্রামান্তরে । ধানকাটা সারা হলে গোরুর গাড়ি করে বাড়ি নিয়ে যাওয়ার পালা।মাঠে মাঠে গো-গাড়ি চলাচল করার জন্য আল কেটে দিয়ে গোল পড়ে যেত।মানে গাড়ি চলাচলের সাময়িক রাস্তা। দু দিকে ধানের পালা সাজিয়ে মাঝে চাপ-বাঁশ দিয়ে এঁটে গো-গাড়ি তখন মৃদুমন্দ ছন্দে বাড়িমুখো।চাষির হাতে পাঁচন আর মুখে গরমাগরম বচন।ছোট ছোট ছেলেমেয়েরা ধানের শিষ কুড়োবার জন্য আসতো গাড়ির সঙ্গে ।ফিরতি পথে ধানের গাদায় বসে থাকার বাড়তি সুখ।ছেলেপুলের হাতে তখন কাঁচা পয়সা।গ্রামে গ্রামে রাতে বসতো অস্থায়ী দোকান।পাঁউরুটি সস্তার কেক, লেড়ো, গুড়বাদাম, হাতে তৈরি বিস্কু্ট, চানাচুর আর কাঁচের মার্বেল।মাঠে মাঠে পড়ে থাকা ধানের শিষ কুড়িয়ে এনে বিক্রি করা তখন দারুন ফ্যাসন।মাঠ থেকে ধান উঠে গেলে আবার ছেলেপুলের দল টাকনা কোদাল নিয়ে মাঠে ইঁদুরের গর্ত খুঁজে বেড়াত। মেঠোইঁদুররের দল সেই গর্তগুলোয় প্রচুর ধান কেটে কেটে রেখে দিত। শেষ ধান কাটা বা বাড়ি নিয়ে যাওয়ার সময় একটা ভারি মজার প্রথা ছিল।সে কথাটাই বলি।
প্রশ্ন হলো --এই দাওন শব্দটির অর্থ কী? রাঢ়ের বিশিষ্ট গবেষক ড. অমলেন্দু মিত্র মশাই অনুমান করেছেন যে সাঁওতালদের আগমনের পূর্বে নাকি সাঁওতালপরগণা অঞ্চলে দামন নামে এক পার্বত্য জনজাতি বাস করতেন।ফার্সি ভাষায় দামন মানে কিনারা।হয়তো জমির কিনারা থেকে কয়েক গুচ্ছ ধান উপড়িয়ে আনার জন্যই একে দাওন বলা হতো।অনেকেই আবার মনে করেন গ্রিক শস্যদেবী ডিমেটরের সঙ্গে দাওনের শুধু ধ্বনিগত মিল নয়;প্রকৃতিগতও মিল রয়েছে।ডিমেটর শুধু শস্যকে পরিপক্ক করেন না তিনি শস্যের পাহাড়াদার।হোমারের ওডিসি কাব্যে শস্যদেবী ডিমেটরের স্বর্ণকেশের কথা আছে যা স্পষ্টত পাকা ফসলের প্রতীক। ইউরোপের বিভিন্ন দেশে শস্যকাটার পর শেষ আঁটিকে দাওনের মতোই পবিত্র ভাবে বাড়ি আনা হয়।বাংলা অভিধানগুলিতে দাওন না থাকলেও দাঁও শব্দটি আছে।উৎস হিসাবে বলা হইয়েছে হিন্দী শব্দ।মনে হয় অষ্ট্রিকগোষ্ঠীর ভাষা থেকে আগত।এক অর্থে দাওন মানে কৃষীলক্ষ্মীর সস্নেহ আশীর্বাদ।চাষের ফসল মানেই অনিশ্চয়তা।সবটাই ভাগ্যে ভোগা।তাই ফসল ঘরে তোলা একধরনেরে দাঁও ছাড়া আর কি বলা যাবে?কোজাগরী লক্ষ্মীপুজোয় সারারাত ধরে জুয়া অর্থাৎ পাশা খেলার চল ছিল।মূল উদ্দেশ্যই ছিল দাঁও মানে ভাগ্যলক্ষ্মীর কৃপা লাভ করা। সে যাইহোক--সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে মাঠ-পাঁচালির কথকতা।তবু যখন ধানকাটা বিস্তীর্ণ ফাঁকা মাঠে এসে দাঁড়াই ,মনটা বড়ো হু হু করে ওঠে।ফিরে যাই শৈশবে।সেই শীতের ঠোঁট ফাটা রুক্ষ দুপুর।ধানগাড়ীর চলালচল।হঠাৎ করে বহুরূপীর আগমন।আমরা তখন মাঠ ভেঙে ছুটে চলেছি।হাতে কুড়ানো ধানশিষের গুচ্ছ।চোখে মুখে অজানা আনন্দের উষ্ণ-উত্তেজনা ।
ঠিক যেন নিত্যকালের অপু দুর্গাদের মাঠ ভেঙে ছুটে চলা......।।
![]() |
| নবান্ন্ পদাবলী ছবি সম্পর্ক মন্ডল |
সৌজন্য সংবাদ পত্রিকায় প্রকাশিত
Sunday, October 16, 2016
LOKKHI OLOKKHI PUJO EK LOUKIK KRISHI UTSOB
লক্ষ্মী অলক্ষ্মীর পুজো এক লৌকিক কৃষি উৎসব
সোনার থালার মতো পুর্ণিমার চাঁদ উঠেছে পুব আকাশে।মাঠে মাঠে ছড়ানো মুঠো মুঠো চাঁদের হাসি।সোনামুখি সবুজ ধানখেত।আজ যে কোজাগরী লক্ষ্মীপুজো।রাতভর জাগরণ।যে শুয়ে থাকে তার ভাগ্যতে পড়বে গেরো। প্রহর জাগো রে...।সম্পদ সৌভাগ্য সমৃদ্ধির দেবী আসেন চুপি চুপি।যে ঘরে জ্বলবে আলো,থাকবে শান্তি--- সেখানেই পড়বে লক্ষ্মীর পদচিহ্ন।ঘর দুয়োর হেসে উঠবে। লক্ষ্মীর প্যাঁজ আর লতাপাতার আল্পনা পাবে প্রাণ।ছায়া ছায়া গাছপালার ফাঁক দিয়ে নিকোনো উঠোনে ঝরবে জোৎস্নার চন্দন।
প্রদোষকালে ঘটে-পটে প্রতিমায় শুরু লক্ষ্মী পুজন।কোথাও বা ব্যতিক্রমী কলাবউ পুজো। আটনের নীচে কলার পেটো দিয়ে বানানো ময়ূরপঙ্খী নাও। বাঙালীর বাণিজ্য বসতির বিলুপ্তপ্রায় স্মৃতি ।পাশে সাতটি বাকারি মানে গোলা।তাতে রাখা-- ধান-শষ্য- সোনা-দানা ফল-মাকড় ইত্যাদি।চূড় করা নৈবেদ্য।চিঁড়ে সিঁড়ি খই তিল মুড়ি আর নারকোলের সুবাসিত নাড়ু।আধপাকা নোয়ানো ধানশিশের গুচ্ছ।পিদিমের নরম আলো।শংখ ঘন্টা কাঁসর ঝাঁজ করতালের আরতি নয়।ঢোলের মিঠি বাদনে হবে পুজন।লক্ষ্মী বড়ো লক্ষ্মীমন্ত দেবী।ঝগড়াঝাঁটি অশান্তি চেল্লামিল্লি দেখলেই ফুরুৎ ধাঁ। আর সেই স্থান দখল করবে ভয়ংকরী অলক্ষ্মী।অশান্তির ঝালাপালায় জীবন হবে জেরবার,ছারখার।সবশেষে হাহাকার।
অলক্ষ্মীর কথা না হয় পরেই বলবো।এখন লক্ষ রাখি ঐ লক্ষ্মীতে। সত্যি বলতে কি---শব্দটির মূলেও এই লক্ষ ।মানে ---উদ্দেশ্য অভিপ্রায়।লক্ষ্মীর উপাসনা শুধু অর্থ উপার্জনের জন্য নয়;পরমার্থের অন্বেষণ। ।ঋগবেদে লক্ষ্মী কোন দেবী নন,সৌন্দর্যের প্রতিশব্দ মাত্র। সুন্দরের বৈদিক দেবী শ্রী।পরবর্তীকালে লক্ষ্মীর সাথে এঁটে উঠতে না পেরে শ্রীদেবী এখন পর্দে কা পিছে। তবে হ্যাঁ আমাদের নামের নাকের ডগায় উপসর্গের মত শ্রীর অবস্থান।শ্রীমান,শ্রীযুক্ত শ্রীমতির উপরেই তার যত কেরামতি। যদিও অনেকেই এখন শ্রীহীন হতে ভালোবাসেন।
পৌরাণিক যুগে লক্ষ্মী ক্রমশ শক্তিশালী দেবী।মহাকাব্য পুরাণাদি থেকে জানা যায় তিনি সমুদ্র গর্ভজাতা অপ্সরী।সুরাসুর মিলে সমুদ্র মন্থন কালে সাগর সেচে তুলে আনা হয়।।চতুর্ভূজা বা দ্বিভূজাদেবীরএক হাতে পদ্ম থাকবেই।তাই তাঁর নাম কমলা পদ্মা ।আবার সাগর থেকে উত্থিত হয়ে তিনি বিষ্ণু বক্ষস্থিতা বলে বিষ্ণুপ্রিয়া। রাতচরা পেঁচা তাঁর বাহন ।প্রাচীন মুদ্রা শিলালেখে এবং মূর্তি পরিকল্পনায় লক্ষ্মী সেই খ্রিস্টপূর্ব যুগ থেকেই রয়েছেন।শক- পার্থীয় শুঙ্গ- কুষাণ-গুপ্ত যুগের সুবর্ণ মুদ্রায় দেবী লক্ষ্মী পদ্মাসনা,বরদা।আবার লক্ষ্মীর অন্যান্য প্রস্তর মূর্তির তুলনায় গজলক্ষ্মী মূর্তি সুপ্রাচীন কাল থেকেই পূজিত হয়ে আসছে।পদ্মাসনা লক্ষ্মীকে দু দিকে এক জোড়া করে দিকহস্তী কুম্ভোদক ঢেলে অভিষিক্ত করছে।সাঁচী ভারহুতের স্তূপেও গজলক্ষ্মী খোদিত।শুধু হিন্দু ধর্মে নয়; বৌদ্ধ ও জৈনধর্মেও লক্ষ্মীর জনপ্রিয়তা তুঙ্গে।
তবে লক্ষ্মী শুধু পৌরাণিক দেবী নন ,অনার্যদের আদি দেবী।আর্য সংস্কৃতিতে লক্ষ্মী যদি সম্পদ সৌন্দর্যের দেবী হন প্রাগার্য কালচারে খিদের অন্নই হলো লক্ষ্মী।তাই তিনি কৃষিলক্ষ্মী।মেয়েলি ব্রতের দেবী,ঘরের লক্ষ্মী,ধান্যলক্ষ্মী।ধান যার আছে সেই ধনবান।বহুব্রীহি মানেই ধনী। রাঢ়-বাংলায় মাঠের ফসল কাটার সময় এলেই লক্ষ্মীর আরাধনা ।চৈতি পৌষালি আর ভাদুরে ফসল উঠলেই চৈত্র ভাদ্র ও পৌষসংক্রান্তিতে লক্ষ্মী পুজো ঘরে ঘরে।এই তিনবার লক্ষ্মীকে নতুন করে পাততে হবে।আটনে আলপনা দিয়ে লক্ষ্মীর ঘরে ২১ কাঠা ধান দিতে হবে।ধানের মাথায় বসবে চেলির ঘোমটা পরা বেতের কাঠা।চার দিকে বসবে পেঁচা।সামদ্রিক কড়ি।লক্ষ্মীর চিরুনি তামার মুদ্রা আরো কত কি! সঙ্গে নৌকা।এ যেন বাঙালীর প্রত্ন মিউজিয়াম।বধূ পরম্পরায় পূজিত এক জীবন্ত ইতিহাসের সূতিকাগার।লক্ষ্মীর নৈবেদ্য বলতে ভাত ডাল শাক সব্জির সহজিয়া পদাবলী।আর থাকে মায়েদের রান্না করা পরমান্ন।এইতো পরম প্রসাদ।এটাই বাঙালীর চিরকালীন কামনাঃআমার সন্তান যেন থাকে দুধে ভাতে।শান্ত শিষ্ট বাঙালীর জাতীয় দেবী লক্ষ্মী ছাড়া আর কে হতে পারেন?
কিন্তু মাঝে মাঝে যে লক্ষ্মীছাড়া হতে হয়। তখন নেমে আসে দুর্ভাগ্য ,বিভ্রাট সর্বনাশ। এইতো জীবন!আমাদের অনেকেরই কবিগুরু রবীন্দ্রনাথের মতো হতভাগ্যের গান গাওয়ার শক্তি নেই।কন্ঠ উঁচিয়ে বলতেও পারি না" হাস্যমুখে অদৃষ্টেরে করবো মোরা পরিহাস"। সেই কারণেইতো অলক্ষ্মীর পুজো,ভয়ে ভক্তিতে। তবে এর উৎস বহু প্রাচীন।একসময় পূর্ববাংলার ঘরে ঘরে আশ্বিনসংক্রান্তিতে মেতে উঠতো গাড়শিব্রতে।কেউ বলেন গাড়শি নাকি ফারসি শব্দ।অন্যরা দাবী করেন গাড়শি আসলে গৃহস্থ শব্দের বিকৃত উচ্চারণ।শব্দ নিয়ে বিতর্ক থাকলেও অর্থে কিন্তু সেই অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী পুজো। ।ক্ষেত্রসমীক্ষায় দেখেছি---আশ্বিন সংক্রান্তির খুব ভোর বেলায় উঠে ব্রতীরা বাসি কাপড়ে মাঠ থেকে শব্জি নিয়ে আসেন।তারপর বাড়িতে পাট-ঝাঁট না দিয়ে আমানি মানে শব্জি কাটাকুটো করে সিধে গঙ্গা বা পুকুরে ভুখ ভুখ করে ডুব। । বাড়ি এসে রান্না বান্নায় মনোনিবেশ।নানারকম তরিতরকারি থাকলেও তেঁতুল মেশানো একটা ডাল থাকবেই।আগের দিন রাতে নেমন্তন্ন করতে হবে কাককে।রান্না হয়ে গেলে কলাপাতায় সব ধরনের খাবার আগে কাককে খাওয়াতে হবে।ভারি মজার এই ব্রতটি।সাঁজের বেলায় জ্বেলে দিতে হবে কলার পেটো দিয়ে বানানো চেরাগ।সেই চেরাগের আলোয় দূর হবে অলক্ষ্মী অমঙ্গল দারিদ্র।
অনেকেই বলেন গাড়ুব্রত আসলে দশমহাবিদ্যার অন্যতম ধূমাবতীর পুজো।এই বিদ্যাদেবী নাকি সতীর চিতার উত্থিত ধূম থেকে নির্গত হয়েছিলেন।প্রচন্ড খিদেয় নিজের স্বামী মানে শিবকেই কড়মড়িয়েই খেয়েছিলেন।পরে শিবের কাছে তালাক পেয়ে চিরকালের বিধবা।এনার হাতে থাকে দেবী শীতলার মতো ঝাঁটা আর পতাকায় আঁকা অমঙ্গলের বার্তাবহ কাকের চিত্র।গাড়ুব্রতে ধূমাবতীর প্রভাব থাকতেই পারে ।তবে অলক্ষ্মীর প্রসঙ্গকে অস্বীকার যায় না।অনেক স্থানে গাড়শি ব্রতের দিন কাক ডাকার আগে বাড়ির সকলে ঊঠে গায়ে হলুদ মেখে নেন।মাটি দিয়ে তৈরি করে একটা আস্ত শূকর মূর্তি।কুলো বাজিয়ে সেই শূকর বলি দিয়ে ফেলে দিয়ে আসেন তেমাথা রাস্তায়। কালীপুজোর রাতে অনেক স্থানে লক্ষ্মী পুজো হয়।তবে লক্ষ্মীপুজোর আগেই অলক্ষ্মীর পুজো। সে এক দেখার জিনিষ।
লক্ষ্মী-নারায়ণ-কুবের তিন পুতুল বানানো হয় পিটুলি মানে চাল-বাঁটা দিয়ে।প্রথমটিকে সিঁদূরের প্রলেপ দেওয়া হয়।এটি লক্ষ্মী।দ্বিতীয়টিকে নীল রঙের চূর্ণ দিয়ে নারায়ণ আর কুবের পুতুলকে দেওয়া হয় অপরাজিতাপাতা বাঁটার প্রলেপ।পুতুলগুলি বসানো হয় কলার পেটোতে ।শুরু হয় লক্ষ্মীপুজোর আয়োজন।অবশ্যই তার আগে অলক্ষ্মী পুজো করে বিদেয় করতে হবে।'একটি গোবরের পুতুলকে কালো রঙে ভুত করে মেয়েদের ঝরে পরা চুলের নুড়ি গোবর আর মোমবাতি জ্বেলে বাঁহাত দিয়ে পুজো। এরপর কুলোর উলটো পিঠে চাপিয়ে কাঁসর বাজিয়ে অলক্ষ্মী বিসর্জন। তারপর লক্ষ্মীপুজোয় বসতে হবে।
অবনীন্দ্রনাথের মতে কোজাগরী লক্ষ্মীপুজোর মধ্যে অনেকখানি টিকে আছে সেই আদিম অনার্যলক্ষ্মীর স্মৃতি।পুজোর উপকরণগুলি দেখলেই বোঝা যায়।কোজাগর মানে কে জাগে।এই মায়াবী পূর্ণিমার রাতে যারা জেগে থাকেন ,পাশা অর্থাৎ দ্যূতক্রীড়া করেন দেবী তাঁকে বর দান করেন।বোঝ ঠ্যালা! যে লক্ষ্মীকে নিয়ে এত বড়ো বড়ো কথা সেখানেই জুয়া খেলা!!!!তবে কি ডাল মে কুচ কালা হ্যায়! অনেকেরই সেই গল্পটা জানা আছে।জগৎ শেঠের ধনী হবার গপ্পো।বিদ্যা বুদ্ধির খাতিরে দিল্লীতে ডাক পড়লো শেঠ মশাইএর।সম্রাট তার বুদ্ধি চাতুর্যের খুব প্রশংশা করে বললেন কি চাই আপনার? মায়ের শেখানো বুলি শেঠ আওড়ে গেলেনঃ দিল্লীতে কোজাগরী রাতে কেউ যেন আলো না জ্বালে।সম্রাট বললেন ঠিক আছে।এদিকে কোজাগরী রাতে সারা দিল্লী অন্ধকার হয়ে রইলো শুধু আলো জ্বলছে শেঠের বাড়িতে।দেবী লক্ষ্মী জগৎ ভ্রমণে বেরিয়ে দেখতে পেলেন দিল্লীতে সব অন্ধকার শুধুমাত্র জগৎএর বাড়িতেই আলো জ্বলছে।দেবী বললেন আমাকে একটু আশ্রয় দেবেন?শেঠের মা দেবীর ছলনা বুঝতে পেরে বললেন আপনি বসুন আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ থাকুন।।শেঠের মা লক্ষ্মীকে পুত্রের কাছে চিরস্থায়ী করার জন্য যমুনার জলে প্রাণ দিলেন।
এই কিংবদন্তীর একাধিক তাৎপর্য থাকতেই পারে।তবে সারারাত জেগে উৎসবের কথাটা বেশ ভালোই বোঝা যায়।আরো বোঝা যায় আদিম কৃষি উৎসব ক্রমশ বিদেয় হয়েছে।প্রবেশ করেছেন পৌরাণিক লক্ষ্মী। কোজাগরী পূর্ণিমার মূল বৈশিষ্ট্য ছিল সারারাত ধরে রঙিন উৎসব ।এর সঙ্গে মিল রয়েছে মেক্রিকো পেরু দেশের শষ্য উৎসবের।শারদ পূর্ণিমায় সেখানকার আদিবাসীরা ভুট্টার ছড়াকে পুজো করে।নানা খাবার তৈরী করে শষ্যদেবীর কাছে নিবেদন করে।সঙ্গে থাকে একটি সিদ্ধ করা ব্যাঙ।শেষে থাকে কুমারী বলির ঘটনা।আর সারা রাত ধরে চলে মেয়েদের এলোচুলে নৃত্য। আজও কোজাগরী পূর্ণিমার মত্ততার রাত্রিতে জোৎস্না প্লাবিত মাঠের দিকে তাকালে সেই বিলীয়মান কৃষি উৎসবের কথাই মনে পড়ে।
ছবি ঃ নেট ও নিজস্ব
Subscribe to:
Posts (Atom)
PROTNO-SAMRAT
https://thekoulal.wordpress.com কৌলাল ওয়েবসাইটেও পড়তে পারেন।আর দেখতে পারেন মনের মতো ছবি। ...
-
দুর্গার বাহন ঘোড়ামুখি সিংহ ও রাঢ়ের ঘোটক বাহনা দেবী দেবী দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী। দেবীপুরাণ অনু...
-
বর্গি এলো দেশে উত্থান ও পতন,আলো আর অন্ধকার,সৃষ্টি এবং ধ্বংস—এই বোধহয় ইতিহাসের নিয়তি।কালের কাটাকুটির কুটিল খেলা।ইতিহাস তো মহাকালের ...
-
লক্ষ্মী অলক্ষ্মীর পুজো এক লৌকিক কৃষি উৎসব সোনার থালার মতো পুর্ণিমার চাঁদ উঠেছে পুব আকাশে।মাঠে মাঠে ছড়ানো মু...









