কৌলাল অন লাইন ব্লগে এবার আপনাকেও স্বাগত। বাংলার ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বাংলা অথবা ইংরাজি ভাষায় যে কোন মৌলিক লেখা ছবি ভিডিও সহ পাঠিয়ে দিন।নির্বাচিত হলে ব্লগে পোস্ট করা হবে।অভ্রতে টাইপ করে মেল করুন -- drswapankrthakur@gmail.com.ফোন --9332933023.সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের ছবি আর সংক্ষিপ্ত লেখক পরিচিতি পাঠাবেন । যোগাযোগ--ড.স্বপনকুমার ঠাকুর,কাটোয়া দত্ত মিলের মাঠ,কাটোয়া পূর্ববর্ধমান,পিন ৭১৩১৩০
Sunday, February 18, 2018
PILSONYA GRAMER SHRIKHOL BADONE NADIYANONDON
Friday, February 16, 2018
HARIYE GELO DALER BORI DR.SWAPANKUMAR THAKUR
হারিয়ে গেল ডালের বড়ি
ড.স্বপনকুমার ঠাকুর
বড়া আর বড়ির মধ্যে যতই অমিল থাক একটি জায়গায় তাদের দারুন মিল।উভয়েই বটিকা শব্দ থেকে উদ্ভূত।তবে বড়া বেশ বড় সড়।নাদুস নুদুস চেহারার।।ডালের বড়া থেকে শুরু করে তালের বড়া ছানার বড়া বাঙালির রসনায় রসের অমিত্তি।বড়ি সেই তুলনায় নেহাৎ বেঁটে খাটো চেহারার।অনেকের না-পসন্দ!তবে হলে কী হবে! বড়ি নিয়ে মাঘ-ফাগুনে বাঙলীর আগ্রহ উদ্দীপনা এক সময় ছিল বহুত বড়িয়া।
তবে দিন-কাল পাল্টেছে।আজকাল বড়ি নিয়ে বাঙালীর আর তেমন বাড়াবাড়ি কি লক্ষ করি? সুক্তো টক ঝোল আর রসার অলঙ্কার ছিল এই বড়ি।বিয়ে থা ভোজবাড়ি মানেই হিং দেওয়া বড়ি। কালোজিরে পোস্ত ছেটানো বড়ির কদর আদর। মহাপ্রভুর খাবার মেনুতে ফুলবড়ি হলেই তিনি খুশি হতেন।ভোজ-কাজ অন্নপ্রাশনে বড়ি মাস্ট।এখন সেসব কোথায় গেল?এখন বাজারে যে বড়ি মেলে তাতে আবার চাল-গুঁড়ির ঢিপ।আসল বড়ি মেলে কই?
একসময় এই মাঘ ফাগুনে মা দিদিমারা বড়ি দিতেন।গাঁ-গঞ্জে ধানের জমির আলে খুবি করে কলাই বুনে দিত।এরই নাম ছিল আলকলাই।এই কলাই যাঁতায় ভেঙে নিয়ে তেল মাখিয়ে চটে ঘষে নেওয়া হতো খোসা ছাড়াবার জন্য।গেরস্থ সংসারে লোকের অভাব নেই।বেশ কড়া পাকের রোদ উঠেছে।সুতরাং এই সময়ে বড়ি দিতে হবে।রাতে পাঁচসের কলাই ভিজিয়ে মুলো ঘষার পালা শুরু হতো টকুইয়ে।কিম্বা পাকা চালকুমরো,পাকা লাঊ ইত্যাদি।আমার দিদিমা বিশেষজ্ঞ ছিলেন বাঁধাকপির বড়ির।কালোজিরে পোস্ত সহযোগে সেই বড়ির আস্বাদ আজও অনুভব করি।
ডালের সঙ্গে আনাজের অনুপাত হলো ৩ঃ১।কলাইডালে আনাজ মিশিয়ে এবার ফাঁটার পালা।যত পারতো ফাঁটতো।তারপর এক বাটি জলে ফেলে দেখে নিত বড়ি ঠিক বেঁধেছে কিনা।যতক্ষণ না ঠিক হতো ততক্ষণ চলতো ফাঁটাফাঁটি ।কলাইডাল ছাড়াও মুসুরি বা মটরডালের বড়ি হলেও এতে আনাজ দিত না কেউ।এছজাড়া বড়িসমাজে এরা অতটা কুলীনও নয়।আমার এক মুসলমান বন্ধুর বাড়িতে দেখেছিলাম পিঁয়াজ মেশানো বড়ি দিতে।ত্তবে স্বাদ গ্রহণ করার সৌভাগ্য হয়নি।
ফাঁটাতো হলো--এবার বড়ি দেওয়ার পালা।তার আগে দড়ির খাটটিকে বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে প্রস্তুত করা হয়েছে। এখন যত্ন করে বড়ি দেওয়ার পালা।আমার ঠাকুরদাদা ঠাকুমা থাকতেন বাংলাদেশে রঙপুরে।ওখানেই স্কুলে পণ্ডিতি করতেন ঠাকুরদা।ঠাকুমা বলতেন ওখানে আবার বড়ি দেওয়ার সময় তেল সিঁদুর ধান দূর্বা দিয়ে প্রথমে ডাল দিয়ে বুড়ো আর বুড়ি বানিয়ে পুজো করা হতো।এরাই বড়ির জনক বা দেবদেবী।তবে এই প্রথা এই বঙ্গে কোথাও দেখিনি।আপনারা কি দেখেছেন? তবে হ্যাঁ ! বড়িতে যাতে কেউ নজর না দেয় তার জন্য বড়ির নাকে গেঁথে দিত লালটুকটুকে পাকা লঙ্কা।
বড়িতে রোদ খাইয়ে বয়াম ভরে রাখা হতো।গ্রাম অঞ্চলে বর্ষাকালে আনাজ কোথা? সুতরাং বড়িতো আছেই তবে ভাবনা কিসের।আর আমরা বাপু রাঢ়ি লোক।কিছু না হোক একটু পোস্ত আর তেঁতুলের টক দিলেই আমাদের ভোজ।তো টক মজাতে বড়ির জুড়ি মেলা ভার! গয়না বড়ি তো রোদে জিলিপির প্যাঁচ দেওয়া।একটা ন্যাকড়ায় ডাল ভরে সামান্য একটু ফুটো করে চাপ দিয়ে গয়না বড়ি হতো।চূড় বালা কানের দুল ইত্যাদি আকারের।তবে শিল্পী ছাড়া এই বড়ি দেওয়া কি সম্ভব? আজ বাঙালীর জীবন থেকে একে একে অপসৃত হচ্ছে তার সাবেক ঐতিয্য।বড়ি দেওয়া আর দেখতে পাইনা।ওই এক আদজন! একটা থালায় মিক্সিতে খানিকটা ডাল বেঁটে এবরো খেবরো বড়ি দিচ্ছেন নিজের সখে.।
ছবিঃনেটের সৌজন্যে।
Thursday, February 15, 2018
কৌলাল ON LINE:SWAPAN THAKURER BLOG
আনন্দের কথা এবার থেকে শুরু হলো কৌলাল অন লাইন ব্লগ।এই অন লাইন ব্লগে এবার আপনাকেও স্বাগত। বাংলার ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ক্ষেত্রসমীক্ষা ভিত্তিক যে কোন মৌলিক লেখা ছবি ভিডিও সহ পাঠিয়ে দিন। বাংলা বা ইংরাজিতে লেখা পাঠান।নির্বাচিত হলে ব্লগে পোস্ট করা হবে। এই ব্লগটি অল্প দিনের মধ্যে যেভাবে পাঠকের কাছে সমাদৃত হয়েছে তাতে আমরা আনন্দিত ও উৎসাহিত।আপনিও এই ব্লগে লিখুন।আর দেশ বিদেশের পাঠকের কাছে পোঁছে যান।অভ্রতে টাইপ করে মেল করুন -- drswapankrthakur@gmail.com.ফোন --9332933023.সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি আর সংক্ষিপ্ত লেখক পরিচিতি পাঠাবেন ।
যেকোন যোগাযোগ-----
Tuesday, February 13, 2018
VALENTINE DAY O MOHASHIBO RATRI
ভ্যালেন্টাইন ডে ও মহাশিবরাত্রি
আজকের দিনটা যাকে বলে ষোল আনা প্রেমের দিন।ভালোবাসার নিশা। পরিণয়ের রাত্রি। মহাশিবরাত্রি।হরগৌরীর মহামিলনের রাত। এইদিন গৌরী শিবের গলায় মালা পরিয়ে বলেছিলেনঃ এ রাত তোমার আমার। অন্যদিকে ভ্যালেনটাইনডে।আত্মত্যাগের দিন।অনুরাগের ছোঁয়ায় শুধু ভালোবাসা আর ভালোবাসা।একদিকে পথের প্রান্তে ফুটে ওঠা আকন্দফুলের স্নিগ্ধতা।অন্যদিকে গোলাপের রক্তিমতা।
পুরাণ মতে আজকের রাতে শিবপার্বতীর বিয়ে হয়েছিল ঘটা করে।আবার কেউ বলেন শিব আজকে ধরাধামে লিঙ্গরূপে অবতীর্ণ হয়েছিলেন।তাইতো প্রণয়ের রাত, পরিণয়য়ের রাত এই মহাশিবরাত্রি। আজও ভারতের আদর্শ দম্পতির প্রতীক হর-গৌরী।সেই কারণে হিন্দু রমণীরা আজকের রাতে চারপ্রহরে চার বার লিঙ্গরূপী শিবের মাথায় জল ঢালেন।শিব শুধু নটরাজ নন,তিনি প্রেমের দেবতা।
অন্যদিকে এই চোদ্দই ফেব্রুয়ারি আবার ভ্যালেন্টাইন্স ডে।বসন্ত সমাগত।গাছে গাছে কচি কিশলয়।ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল।কোকিল কুহুতানে ডাকছে।মনের বনে জেগেছে বাউল বাতাসের খ্যাপামি।আজতো চুপি চুপি তাকে বলতে বড্ড ইচ্ছে করে --"ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে"।
তার্কিকরা বলবেন সেকি! ভালোবাসার আবার দিন ক্ষণ আছে নাকি! আরে বাবা-- প্রতীকী বলেতো একটা কথা আছে! ভ্যালেন্টাইন সেই প্রতীক মাত্র। প্রেমেপড়ার দিন।গল্পটা সবার জানা।রোমসম্রাট ক্লদিয়াস টু।সাম্রাজ্যরক্ষা তাঁর বড় দায়।যত বড় শক্তিশালী সৈনিক হোক না কেন।নারীর এক কটাক্ষেইতো সে কুপোকাত! সম্রাট তা বিলক্ষণ জানেন।সেই জন্যই দিলেন আইন জারি করে রোমসাম্রাজ্যে সৈনিকরা বিয়ে করেছো কি ঘ্যাচাং!
এদিকে যাজক ভ্যালেন্টাইন রাজার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গোপনে বিয়ে দিতে লাগলেন সৈনিকদের।রাজার কাছে খবর গেল।হুকুম দিলেন পাকড়াও উসকো।দিলেন জেলে পুরে।বললেন--অপরাধ স্বীকার কর।প্রাণে বাঁচবে।ভ্যালেন্টাইন প্রেমের শক্তিতে বলীয়ান। রাজাজ্ঞাকে করলেন থোড়াই কেয়ার।১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে হত্যা করা হলো।তিনি হয়ে উঠলেন কালক্রমে প্রেমের দেবতা--অখণ্ড ধরনীতে।
সুতরাং আজ এই প্রেমের দিনে সকাল থেকেই শুরু হবে মনের বনে লুকোচুরি।প্রেমের উছ্বাস।গোলাপের সৌরভ। এলোমেলো দখিনা বাতাসের দাপাদাপি।মন দেওয়া নেওয়া।চাই কি চোখের ইশারাতেই বিশ্বজয়! উন্মোচিত হবে নব যৌবনের কিশলয়।আমাদের পৌঢ় হৃদয় আকাশে দেখা দেবে হঠাত আলোর ঝলকানি।কারু কারু জেগে উঠবে ধুলো পড়া স্মৃতির চরাভূমি।কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!
কিন্তু সবুজ মনের অবুঝ প্রেমকে চিরকাল শাসন করেই এসেছে শক্তিশালীরা। অধিকাংশ পরকীয়া রতি মানেই রক্তারক্তি। হত্যা প্রতিহত্যা।আজও সংবাদমাধ্যমে পরকীয়া প্রেমের আঘাতের ছবি দেখি।কিন্তু পরকীয়াতেই প্রেম পায় এক প্রচণ্ড শক্তি।একরোখা,উদ্দাম।সে হয়তো মরণের মধ্য দিয়েই জয়লাভ করে ।সমাজ চায় আমাদের প্রেম হোক স্বকীয়া। এখানেই চিরন্তন দ্বন্দ্ব।রাধাকৃষ্ণর প্রেম অবৈধ হলেও তাদেরও শাস্ত্র মতে বিবাহ হয়েছে। সেখানে সমাজের দায় বেশি।অবৈধ প্রেম বৈধতা পেয়েছে পরিণয়ের মধ্য দিয়ে।গর্গপুরাণেই রাধাকৃষ্ণের বিয়ের বিশদ বর্ণনা রয়েছে।
এক হিসাবে ভ্যালেন্টাইনডে কিন্তু বৈধপ্রেমেরই দিন। যাজক ভ্যালেন্টাইন নর-নারীর প্রেমকেই স্বীকৃতি দিয়েছিলেন বিবাহের মাধ্যমে।সুতরাং ভ্যালেনটাইন ডে নিয়ে গেল গেল করার কিছু নেই।তিনিও অবৈধ প্রেমকে বৈধ করার জন্যই শহীদ হয়েছিলেন। আর এখানেই মিলে যায় দিন আর রাত্রি।ভ্যালেন্টাইন আর শিব।ভ্যালেনটাইন ডে আর মহাশিবরাত্রি ।
Monday, February 12, 2018
KRISHNOKOLI SWAPANKUMAR THAKUR
কৃষ্ণকলি
স্বপনকুমার ঠাকুর
কালো তার গায়ের রঙ।কোঁকরানো চুল।ঘর বলতে ছিটেবেড়ার কুঁড়েঘর। লালমাটি দিয়ে নিকোনো চুকোনো।তারমধ্যে খড়ি দিয়ে ফুলকারি নক্সা। ভক্ত সেই মনসা ভাদুর আর দিদিঠাকরুনের।গান -বাজনা বিলাসী।উৎসবে সাজে।কুঁচিয়ে পরে শাড়ি।কপালে লাল রঙের টিপ।দল বেঁধে মেলায় গিয়ে সস্তার আংটি কেনে। সোনালি হার পরে।কালো চোখে কাজল টেনে ভাঁজো নাচতে আসে।গোপনে আসনাই করে ।কবি হলে বলতুম কৃষ্ণকলি।আসলে গ্রাম- গঞ্জের খেটে খাওয়া এক্কেবারে প্রান্তিক জনগোষ্ঠীদের বউ-ঝি।
স্বামীর মতো তারাও কাজ-কর্ম করে খায়।ধান কাটে।ধান ঝাড়ে।পালা দেয়।কিন্তু সেতো চাষের সিজিনে ।আবার স্বামীর সঙ্গে এক আদঢোক গিলে নিয়ে দেদার ফুর্তি করে।তবে তাদের দৈনন্দিন জীবনযাত্রাটা ভিন্ন ধরনের।যারা তাদের জীবনকে প্রত্যক্ষ ভাবে দেখেছেন তারা ছাড়া বুঝবেন না। স্বামীরা পরের খেতে কাজ করতে যায় সেই ভোরবেলায়।কেউ লাঙ্গল চষে।ধান রোয়।কেউ বা মেঠো খড়ো ঘর ছাওনার কাজে তলপেটে খাটে।আর তাদের গিন্নিরা একটু বেলা হলে বড় পাতকাটা নিয়ে বেড়িয়ে পড়ে মাঠে ঘাটে।।কোথাও তালগাছের শুকনো খোঙা কাটে ।বাবলার ডাল ভাঙে। খড়খড়িয়ে গাছে উঠে বটের শুকনো নামাল কাটে।জ্বালানি সংগ্রহ করে।এ কাজ তারা যৌথভাবেও করে।তারপর ছায়াবহুল বটতলায় বসে ভাগপর্ব। মাথায় শকনো বোঝারড্যাং চাপিয়ে বাড়ি মুখো।তখন সুজ্জিদেব মাঝ গগনে।
চুলোতো জ্বলবে কিন্তু খাবার? গেরস্থবাড়ি থেকে দুসের চাল পেয়েছে বরের মজুরি বাবদ।আনাজ বলতে এর ওর জমি থেকে শাকপাতা ছিঁড়ে পেট কোঁচরে ভরা।এবার কিন্তু একটু আমিষ দরকার।নেমে পড়ে পুকুরে।একঠা মাঠির ঠিলি বসিয়ে দেয় জলে।এবার নিজে গা ডুবিয়ে দু হাত দিয়ে পুকুরের ভিতরে পাঁক ঘাঁটকায়।গুগুলি চ্যাং ছিঙুরির বাচ্ছা কেঁয়ে পুঁটি ধরে ঠিলিতে ভরে।ঘাটের পাশে জোয়ান ছেলে শিশ দিতে দিতে মোষের গা ধোয়ায়।বাউরিদের বউটার প্রায় অনাবৃত একটুকস যৌবন দেখে হাঁ করে চেয়ে থাকে।বৌটা গাল পাড়ে শুনিয়ে শুনিয়ে।তারপর একসময় একটা দারুন কটাক্ষ হেনে মিলিয়ে যায় দুপুরের ঘূর্ণি বাওরের মতো।
এবার দোকান করার পালা।আদবয়সী দোকানদার।যত রসিকতা মেয়েদের সঙ্গে । পাঁচ টাকার বাজেট। দড়িবাঁধা তেলের শিশিতে তেল।খুঁটে বাঁধা জিরে নঙ্কামরিচ পাঁচমিশেলিঝাল আর একটা সস্তার ধূপকাঠি।আরও দেখতাম বিড়ি ১০ পয়সার মতিহারি তামাকপাতা।বাড়িতে গিয়ে রান্না বলতে মাঠ থেকে ধরে আনা বেহুলা ক্যাংরাকে গরমবালিতে ভেজে শিলে আচ্ছা করে বেঁটে লঙ্কা আর নুন মাখান জবরদস্ত পদ।কিম্বা গুগুলিসানা কিম্বা কাঁচা পিয়াজ আর অপর্যাপ্ত ঝাল মেশানো চ্যাংমাছ পোড়ার অমৃতময় ব্যঞ্জন।তাতেই আন ভাত আন ভাত অবস্থা।খেতে নিতে নিতে বেলা যেত গড়িয়ে।
কৃষ্ণকলিদের নিজস্ব একটা সংগীতচর্চার আসর ছিল।তার নাম মাঠালে গান।সে গানে আদিরসের ভিয়েন ছিল।ছিল নারীর একান্ত নিজের দুঃখ বেদনা চাওয়া পাওয়ার জগত যার মধ্যে শরীরের চাওয়া পাওয়া।এর নাম মাঠালে গান।ছোট ছোট চুটকির মতো রসালো। সবটা শোনা যেতো না ।কেননা পুরুষ দেখলেই স্টপ।শাকতুলতে তুলতে কিম্বা খেঞো কাটতে কাটতে গুনগুনিয়ে এই মাঠালে গান গাইত।বেশ কিছু সংগ্রহ করেছিলাম একসময়। যেমন...............
মারিস নারে খালভরা /মাছকোথা পাবো
জমিতে বইছে মাঠান/বাপের বাড়ি যাবো।
ইদানিং একশোদিনের কাজ, সরকারি সুযোগ সুবিধা নিঃসন্দেহে তাদের জীবনযাত্রাকে অনেকটা পরিবর্তনের আস্বাদ যুগিয়েছে।কিন্তু আজও গ্রামে গ্রামে বাগদি বাউরি হাড়ি মুচিদের জীবনযাত্রার মান খুব একটার পরিবর্তন হয়নি। আমার নিজের গ্রামে বাউরি হাড়ি মুচি বাগদি মিলিয়ে অন্তত চারশ ঘর পরিবার রয়েছে।সরকারি চাকরি পেয়েছেন মাত্র একজন কি দুজন।সিডিউলকাস্টের সুযোগকে কাজে লাগিয়েছেন অন্য এক গোষ্ঠী। খুব সত্য কথা তারা কিন্তু এদের তুলনায় বড়োলোক সংরক্ষণের আগে থেকেই।সুতরাং তাদের ভদ্দরলোক হতে বেশীদিন সময় লাগেনি।বাকিরা পড়ে আছেন সেই ঘোর তিমিরে।
কবে তাদের জীবনযাত্রার পরিবর্তন হবে??
Saturday, February 10, 2018
RAR BANGLAR KOBIGAN KOBIYAL SUVASISH BANERJEE
Saturday, February 03, 2018
কবিয়াল শুভাশিষ ব্যানার্জির কণ্ঠে কবিগান
Subscribe to:
Posts (Atom)
PROTNO-SAMRAT
https://thekoulal.wordpress.com কৌলাল ওয়েবসাইটেও পড়তে পারেন।আর দেখতে পারেন মনের মতো ছবি। ...
-
দুর্গার বাহন ঘোড়ামুখি সিংহ ও রাঢ়ের ঘোটক বাহনা দেবী দেবী দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী। দেবীপুরাণ অনু...
-
বর্গি এলো দেশে উত্থান ও পতন,আলো আর অন্ধকার,সৃষ্টি এবং ধ্বংস—এই বোধহয় ইতিহাসের নিয়তি।কালের কাটাকুটির কুটিল খেলা।ইতিহাস তো মহাকালের ...
-
লক্ষ্মী অলক্ষ্মীর পুজো এক লৌকিক কৃষি উৎসব সোনার থালার মতো পুর্ণিমার চাঁদ উঠেছে পুব আকাশে।মাঠে মাঠে ছড়ানো মু...







